Advertisement

বিদেশি হিউম্যানয়েড রোবট আমদানির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

বিদেশি হিউম্যানয়েড রোবট আমদানির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা
ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে—এমন অজুহাতে নতুন বিদেশি হিউম্যানয়েড বা মানবসদৃশ রোবট আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গত মঙ্গলবার এই ঘোষণা দেওয়া হয়। খবর বিবিসির।

Advertisement

এই বিধিনিষেধের আওতায় পড়ছে উন্নত মানের যেকোনো রোবট, যার মধ্যে দুই পায়ে চলা হিউম্যানয়েড ও চার পায়ে চলা যন্ত্রও রয়েছে। এসব রোবটের একটি বড় অংশ তৈরি হয় চীনে, যারা কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স প্রযুক্তির উন্নয়নে যুক্তরাষ্ট্রের বড় প্রতিদ্বন্দ্বী।

পাশাপাশি যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি) ডেটা সেন্টার ও সোলার প্যানেলে ব্যবহৃত পাওয়ার ইনভার্টার আমদানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে। সংস্থাটির মতে, এসব ডিভাইস মার্কিন অর্থনীতির জন্য হুমকি তৈরি করতে পারে।

ওয়াশিংটনে অবস্থিত চীন দূতাবাস জানিয়েছে, কোনো যৌক্তিক কারণ ছাড়া বাণিজ্য ও নিষেধাজ্ঞাকে রাজনীতিতে টেনে আনার যে মার্কিন নীতি, বেইজিং দীর্ঘদিন ধরেই তার বিরোধিতা করে আসছে।

Advertisement

এফসিসি চেয়ারম্যান ব্রেন্ডন কার জানান, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাপ্লাই চেইন সুরক্ষিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন বিদেশি রোবটিক্স পণ্য ও পাওয়ার ইনভার্টারগুলোকে এফসিসি তাদের কাভার্ড লিস্টে অন্তর্ভুক্ত করেছে যা মূলত জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ পণ্যের তালিকা।

অবশ্য এই সিদ্ধান্ত শুধুমাত্র নতুন মডেলের বিদেশি ডিভাইসের ওপর প্রযোজ্য হবে। যেসব মডেল আগে থেকেই এফসিসির অনুমোদন পেয়ে এসেছে, সেগুলোর বিক্রয় বা আমদানিতে কোনো বাধা থাকছে না।