খুলনা নগরীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি ককটেল জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে লবণচরা থানার রূপসা ব্রিজের নিচে জালালের তুষ মিলের পাশ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মো. আল আমিন (২৩), মো. রনি মোল্লা ওরফে কসাই রনি (২৮) এবং স্বরন জোমাদ্দার ওরফে সজল জোমাদ্দার (২৬)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, খুলনার দুই শীর্ষ সন্ত্রাসী বাহিনীর পরিচয় দিয়ে তারা বিভিন্ন সময়ে ঘাটের মালিকের কাছে চাঁদা দাবি করত। চাঁদা না দিলে তাদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করত। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ রাতে লবণচরা থানার রূপসা ব্রিজের উত্তর পাশে পৌঁছালে তারা হেলমেট, মুখোশ ও গামছা দিয়ে মুখ ঢেকে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ তাদের আটক করে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, “রাতে ঘটনাস্থলে আমরা অভিযানে গিয়েছিলাম। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বালির মধ্যে পড়ে যায়। পরে পুলিশ ধাওয়া করে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।”