Advertisement

জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪
ছবি: চরচা গ্রাফিক্স

জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। নিহতরা ইজিবাইক ও মোটরসাইকেলের যাত্রী ছিলেন।

Advertisement

আজ শনিবার সকালে মেলান্দহের বুরুঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক এ খবর নিশ্চিত করেছেন।

Advertisement

নিহতরা হলেন– ইজিবাইকের যাত্রী ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২০) ও তাদের ৮ মাস বয়সি মেয়ে রিফা। নিহত অন্যজন মোটরসাইকেলের আরোহী শওকত হাসান লিখন। তিনি মেলান্দহ উপজেলার বকুলতলা এলাকার বাসিন্দা।

আহতদের মধ্যে হযরত আলী (৩৫) উপজেলার শিহাটা এলাকার লেঞ্জা মিয়ার ছেলে। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মাহমুদুল হক বলেন, সকালে একটি ইজিবাইক মেলান্দহের শিমুলতলী থেকে জামালপুরের দিকে যাচ্ছিল। একই সময়ে জামালপুর থেকে মেলান্দহের দিকে আসছিল একটি মোটরসাইকেল। এ সময় জামালপুরগামী একটি ট্রাক প্রথমে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি চাপা দেয়, পরে সামনে থাকা ইজিবাইককেও চাপা দেয়।

এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। একে ইজিবাইকে থাকা একই পরিবারের তিন যাত্রীই নিহত হয়। আর মোটরসাইকেলের দুই আরোহীসহ তিনজন গুরুতর আহত হয়।

পরে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে মোটরসাইকেল আরোহী লিখনকেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

ওসি মাহমুদুল জানান, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।