Advertisement

চট্টগ্রামে শিক্ষাসফরের বাস উলটে নিহত ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে শিক্ষাসফরের বাস উলটে নিহত ২
ছবি: চরচা গ্রাফিক্স

চট্টগ্রামের সাতকানিয়ায় শিক্ষাসফরের বাস উল্টে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ শনিবার ভোরে উপজেলার কেরানীহাটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলেন সোহানা আক্তার (৪৫) ও মো. ইস্রাফিল (৫৬)। পুলিশ জানিয়েছে, সোহানা আক্তার মাদ্রাসার শিক্ষিকা। ইস্রাফিল অপর এক শিক্ষিকার স্বামী। হতাহত সবাই কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল সুন্নীয়া ইসলামীয়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য।

Advertisement

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও তাদের পরিবারের সদস্যরা কক্সবাজারে শিক্ষাসফরে যাচ্ছিলেন। রাতে দুটি বাসে করে তারা মাদ্রাসা থেকে রওনা দেন।

ওসি আরও জানান, ভোর সাড়ে ৪টার দিকে কেরানীহাটে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন অতিক্রম করে কয়েকশ গজ যাওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর অপরজন মারা যান।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।