Advertisement

ঢাকা মেডিকেলের চিকিৎসককে মারধর: আসামি আদিলকে ৫ দিনের রিমান্ডে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

ঢাকা মেডিকেলের চিকিৎসককে মারধর: আসামি আদিলকে ৫ দিনের রিমান্ডে
ইএনটি বিভাগীয় প্রধান ডা. মো. আসাদুর রহমানকে মারধর ও রক্তাক্ত জখমের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার আদিলকে পাঁচ দিনের রিমান্ড

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান, গলা ও হেড-নেক সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. আসাদুর রহমানকে মারধর ও রক্তাক্ত জখমের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার জীবন ওরফে আদিলকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

Advertisement

আজ মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক মো. আতিকুজ্জামান আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ দিন আদালতে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।

Advertisement

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট রাত ১০টা ৪৫ মিনিটের দিকে শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে সিএনজিচালিত অটোরিকশায় ওঠার সময় ডা. মো. আসাদুর রহমানের গতিরোধ করেন জীবনসহ অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জন।

চিকিৎসক কারণ জানতে চাইলে আসামিরা তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করে। এতে তার ডান চোখ, দুই ঠোঁটসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক রক্তাক্ত জখম হয়।

এ সময় ভুক্তভোগী চিকিৎসকের চিৎকারে পথচারীরা এগিয়ে এসে জীবনকে আটক করলেও অন্য আসামিরা পালিয়ে যায়। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ আসামিকে হেফাজতে নেয়।

এ ঘটনায় গত ১৮ আগস্ট ভুক্তভোগী চিকিৎসক ডা. মো. আসাদুর রহমান বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা করেন।