ব্রাজিলে পুনর্নির্বাচিত হলেন বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তবে নির্বাচনে পরাজিত প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো হার মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি নির্বাচনের ফল বাতিলের আবেদন করবেন বলে জানিয়েছেন। খবর ফরাসি বার্তা সংস্থা এএফপির।
লুলার জয়ের মধ্য দিয়ে ব্রাজিলে রক্ষণশীলদের অগ্রযাত্রা থামল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া ও পেরুসহ বেশ কয়েকটি দেশ ডানপন্থার দিকে ঝুঁকেছে।
আগামীকাল মঙ্গলবার ৮১ বছরে পা দিতে যাওয়া বামপন্থী নেতা লুলা পূর্বাভাসকে ভুল প্রমাণ করে চতুর্থ মেয়াদে জয়ী হয়েছেন।
সরকারি ফলাফল অনুযায়ী, লুলা পেয়েছেন ৫১ দশমিক ৮ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২ শতাংশ। লুলা প্রায় ৪৪ লাখ ভোট বেশি পেয়েছেন।
ফ্লাভিও বলসোনারো দেশটির সাবেক কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে। ২০২২ সালের নির্বাচনে লুলার কাছে পরাজয়ের পর অভ্যুত্থানের চেষ্টার দায়ে জইর বলসোনারো ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন।