Advertisement

ভারত মহাসাগরেও যুদ্ধ ছড়িয়ে দেওয়ার হুমকি দিল ইরান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ভারত মহাসাগরেও যুদ্ধ ছড়িয়ে দেওয়ার হুমকি দিল ইরান
ইরান-আমেরিকার পতাকা। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে বৃহস্পতিবার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি। খবর বার্তা সংস্থা এএফপির।

Advertisement

ইরানের বার্তা সংস্থা ফার্স প্রকাশিত এক ভিডিওতে ইয়াহিয়া রহিম সাফাভি বলেন, “সংঘাত যখন পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি থেকে লোহিত সাগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে, তখন আরও যুদ্ধ হলে এর বিস্তৃতি আরও বাড়তে পারে। এটি ভারত মহাসাগর এবং সম্ভবত এরও বাইরে পৌঁছাতে পারে।”

সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াইরত ইয়েমেনের হুতিরা সম্প্রতি লোহিত সাগরের উপকূলীয় এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। এর ফলে এশিয়া থেকে সুয়েজ খালের মাধ্যমে ইউরোপের সঙ্গে সংযোগকারী কৌশলগত বাব আল-মান্দাব প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ আরও জোরদার হয়েছে।

ইরান দীর্ঘদিন ধরে হুতিদের সামরিক সহায়তা দিয়ে আসছে। তবে ইয়েমেনের সংঘাতে জড়িত থাকার কথা ইরান অস্বীকার করে। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এর পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান তার উপকূলের কাছে হরমুজ প্রণালিও বন্ধ করে দিয়েছে।

Advertisement