উপসাগীয় দেশ বাইরাইনে আবারও হামলা চালিয়েছে ইরান। হামলায় বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল জাজিরার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই হামলাকে ‘ইরানের আগ্রাসনের’ অংশ বলে অভিহিত করেছে তারা। পোস্টে বলা হয়েছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সিভিল ডিফেন্স দলগুলো কাজ করছে বলেও জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তবে ক্ষতিগ্রস্ত স্থাপনাটির নাম বা অবস্থান উল্লেখ করা হয়নি পোস্টে।
এদিকে পৃথক এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা বাহরাইনের আল-রিফা ও আওয়ালিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হামলায় ঘাঁটিগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের দুটি ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা সিস্টেমের রাডার ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে আইআরজিসি।
আইআরজিসি বলেছে, ইরানের আকাশসীমা বারবার লঙ্ঘনের জবাবে এই হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ও এমকিউ-৯ মডেলের গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন ইরানের আকাশসীমায় প্রবেশ করছিল বলে দাবি করেছে তারা। এ ছাড়া ইরানের হেনগাম দ্বীপে একটি রাডার স্থাপনায় হামলার ঘটনাকেও এর কারণ হিসেবে উল্লেখ করেছে আইআরজিসি।
এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি প্রতিরোধী ক্ষেপণাস্ত্র সিত্রা দ্বীপেও আছড়ে পড়েছে। এতে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ইরনা ‘বাহরাইন নিউজ’ নামে একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে। ওই সংবাদমাধ্যমের দাবি, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বারবার যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এ ঘটনা ঘটেছে।
বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে দেশটি বারবার হামলার শিকার হয়েছে। এর মধ্যে কয়েক সপ্তাহ বিরতির পর গত কয়েক দিনেই তিনটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে।