বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস সড়কের পাশের পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় স্থানীয়রা আব্দুল মালেক (৫৫) নামে এক যাত্রীর মরদেহ উদ্ধার করেছেন। আহত হয়েছে বেশ কয়েকজন।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মালেক বানারীপাড়া উপজেলার বাইশারী হাইস্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা।
পুলিশের ভাষ্য, যাত্রীবাহী বাসটি পিরোজপুরের স্বরূপকাঠি থেকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদের উদ্দেশে যাচ্ছিল। গড়িয়ারপাড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় বাসের বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আব্দুল মালেক নামে এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।