ঢাকার সাভারে মাসিক ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ বুধবারের এ সংঘর্ষে পুলিশসহ ৫০ জনের বেশি আহত হয়েছেন।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, সংঘর্ষের একপর্যায়ে হেমায়েতপুরের পদ্মার মোড়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ব্যবহৃত একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।
সকাল সাড়ে ৯টার দিকে একদল পোশাকশ্রমিকরা হেমায়েতপুর বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়কের মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এ সময় শ্রমিকরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেন। সংঘর্ষে ৫০ জনের বেশি আহত হয়েছেন।
আহতদের মধ্যে পুলিশের কয়েকজন সদস্যসহ স্থানীয় চার সাংবাদিক রয়েছেন বলে জানিয়েছেন থানার পরিদর্শক (অপারেশন) আবদুস সাবুর।
একই দাবিতে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, কুটুরিয়া, জিরাবো ও জিরানী এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরাও সড়কে নেমে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, “দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।”
এদিকে, হেমায়েতপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।