ঢাকায় অনুষ্ঠিতব্য ১৫তম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর ‘পাওয়ার্ড বাই স্পন্সর’ হয়েছে ওয়ালটন। বাংলাদেশ ফুটবলের পুরুষ ও নারী জাতীয় দলের বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনে সহযোগিতার পথ ধরে এবার দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ এই ফুটবল আসরে পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হলো ওয়ালটন ফ্যান।
আগামীকাল বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে ছয় দেশের অংশগ্রহণে এ টুর্নামেন্ট। আগামী ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই আসর।
এবারের আসরে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। উদ্বোধনী দিনে বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। একই দিন রাত ৮টায় ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে ১১ নভেম্বর রাত ৮টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিকেরা। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে। ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ বলেন, “ফুটবল বাংলাদেশের মানুষের আবেগ ও ভালোবাসার সঙ্গে মিশে আছে। সেই ভালোবাসার জায়গা থেকেই ওয়ালটন দীর্ঘদিন ধরে দেশের পুরুষ ও নারী ফুটবলের পাশে রয়েছে। ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের মতো মর্যাদাপূর্ণ আয়োজনে ওয়ালটন ফ্যানকে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত।”