Advertisement

চট্টগ্রামে মাদক মামলায় চালক-সহকারীর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মাদক মামলায় চালক-সহকারীর যাবজ্জীবন কারাদণ্ড
প্রতীকী ছবি

চট্টগ্রামে ফেনসিডিলসহ গ্রেপ্তারের ঘটনায় করা মামলায় কাভার্ড ভ্যানচালক ও তার সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Advertisement

আজ বুধবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলি এ আদেশ দেন।

Advertisement

আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন চরচাকে এসব তথ্য জানান। তিনি বলেন, “এক আসামি পলাতক থাকায় রায়ের পর সাজা পরোয়ানা মূলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।”

সাজাপ্রাপ্তরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আমানগড়া গ্রামের কাভার্ড ভ্যানের চালক মো. রফিক ও তার সহকারী একই গ্রামের বাসিন্দা মো. জামাল উদ্দিন।

২০১২ সালের ১৪ নভেম্বর নগরীর পাহাড়তলী থানার সিটি গেইট এলাকায় চট্টগ্রাম শহরে প্রবেশের সময় চেকপোস্টে কাভার্ড ভ্যানটিকে থামার সংকেত দেয় পুলিশ। সে সময় চালকের আসনে থাকা ব্যক্তি দৌঁড়ে পালিয়ে যায়। পরে চালকের পাশের আসনে বসা মো. জামাল উদ্দিনকে আটক করে পুলিশ।

কাভার্ড ভ্যানটির চালকের কেবিনে তল্লাশী চালিয়ে পুলিশ একটি চটের বস্তায় থাকা ১৫২ বোতল ফেনসিডিল জব্দ করে। এসব ফেনসিডিল কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে চট্টগ্রামে বিক্রির উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে তখন পুলিশকে জানান জামাল উদ্দিন।

এ ঘটনায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ৩ (খ) ধারায় মামলাটি করেন পাহাড়তলী থানার এসআই মো. আবু ছালেক। ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর অভিযোগ গঠন করা হয়। এরপর সাক্ষ্যগ্রহণ শেষে আজ বুধবার রায় ঘোষণা করা হলো।