মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা চতুর্থ দিনের মতো আজ বুধবার বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এর ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
শিল্প পুলিশ ৪–এর পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ জানান, সকাল ১০টার দিকে কিছু শ্রমিক রাস্তায় নেমে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধের চেষ্টা করে।
একপর্যায়ে পুলিশ তাদের বাধা দেয় এবং ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে সংঘর্ষের সূত্রপাত হয়।
শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই শ্রমিক আহত হয়।
সংঘর্ষের ঘটনায় ফতুল্লা এলাকা থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারিক আল মেহেদী।