প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আজ ৬২তম জন্মদিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম জন্মদিন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কঠোর শৃঙ্খলাবোধসম্পন্ন পিতার সন্তান তারেক রহমানের শৈশব কেটেছে এক সাধারণ ও সাদামাটা পরিবেশে। তার পরিবারের মূলমন্ত্র ছিল অনাড়ম্বর জীবনযাপন।
স্কুলে যাওয়ার বয়স হলে তার বাবা-মা তাকে ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করান। তিনি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিষয়কে নিজের পছন্দের বিষয় হিসেবে বেছে নেন।
নিয়মিত শিক্ষাকার্যক্রমের পাশাপাশি তারেক রহমান সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, হবস, লক, রুশো, ভলতেয়ার, কার্ল মার্কসসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজচিন্তাবিদের দর্শন ও রাজনৈতিক চিন্তাধারা গভীরভাবে অধ্যয়ন করেন।
স্নাতক পর্যায়ে রাষ্ট্র ও রাজনীতির তাত্ত্বিক বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জনের পাশাপাশি মায়ের নেতৃত্বে চলমান গণ-আন্দোলনের পরিবেশ তাকে স্বাভাবিকভাবেই রাজনীতির প্রতি আকৃষ্ট করে।
১৯৮৮ সালে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন তারেক রহমান। বাবার জন্মস্থান উত্তরাঞ্চলের বগুড়া জেলার গাবতলী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয়।
১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে জনমত গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পান।
ওয়ান-ইলেভেন সরকারের সময়ে তাকে কারাগারে যেতে হয়, নির্যাতনের শিকার হতে হয়। একপর্যায়ে চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান। সেখানে থেকেই ধীরে ধীরে তিনি দল পরিচালনায় সম্পৃক্ত হতে থাকেন। দলের তৃণমূল নেতা-কর্মীদের মাঝেও আস্থার প্রতীক হয়ে ওঠেন তারেক রহমান।
২০০৯ সালে ঢাকায় অনুষ্ঠিত বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল এবং ২০১৬ সালে ষষ্ঠ কাউন্সিলে তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যুক্তরাজ্য থেকে দায়িত্ব পালন করেন তিনি।
২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরে আসেন। গত ১৭ ফেব্রুয়ারি তিনি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং বর্তমানে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। গত এপ্রিলে তিনি টাইম ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত হন।