Advertisement

‘ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন আর চলতে পারে না’

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

‘ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন আর চলতে পারে না’
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। ছবি: ফেসবুক

দেশের জনগণের ওপর ফ্যাসিবাদী কায়দায় দমন-পীড়ন চালানো হচ্ছে বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দেশে আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে কি না বলেও প্রশ্ন করেন তিনি।

Advertisement

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) ছাত্রীদের ওপর গভীর রাতে পুলিশের লাঠিচার্জের তীব্র নিন্দা জানিয়ে আজ শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন জামায়াতের এই শীর্ষ নেতা।

Advertisement

পোস্টের শুরুতেই তিনি প্রশ্ন করেন, ‘‘দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে?’’

শফিকুর রহমান লিখেছেন, ‘‘রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এটা দেখার এই দেশে কেউ কি নেই?’’

‘‘হলের সিট পুনর্বহাল, আবাসন সংকট নিরসন ও প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের মতো যৌক্তিক দাবিতে আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে আলোচনা না করে পুলিশ দিয়ে বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশ প্রবেশ করে লাঠিচার্জ করার ঘটনা আরও উদ্বেগজনক। সরকার বলে কি আসলেই কোন ব্যবস্থা দেশে আছে?’’

এসময় অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণ করতে হবে বলেও দাবি জানান শফিকুর রহমান। তিনি বলেন, ‘‘ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন চালানোর সংস্কৃতি আর চলতে পারে না।’’