Advertisement

সাগরে লঘুচাপের শঙ্কা, থাকতে পারে ভ্যাপসা গরম

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

সাগরে লঘুচাপের শঙ্কা, থাকতে পারে ভ্যাপসা গরম
আবহাওয়া অধিদপ্তর। ছবি: চরচা

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, এই সময়ে সারা দেশের আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। ফলে ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়তে পারে।

Advertisement

আবহাওয়া অধিদপ্তর আজ বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে জানিয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়তে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এদিকে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Advertisement

অন্যদিকে, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আগের দিনের মতো অপরিবর্তিত থাকতে পারে।