দেশে হাম পরিস্থিতির সর্বশেষ তথ্য অনুযায়ী গত ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৬০৭ জন এবং হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক মৃত্যু হয়েছে ২০৯ জনের বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই দেড় মাসে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০৯ জনে। এর মধ্যে নিশ্চিত হওয়া হাম রোগীর মৃত্যুর সংখ্যা ৪২। পাশাপাশি গত ২৪ ঘণ্টাতেই নতুন করে ১ হাজার ৫৮ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা বিভাগে আক্রান্তের হার সবচেয়ে বেশি। এখানে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ১৩ হাজার ৬৮৫ জন এবং মৃত্যু হয়েছে ৯৭ জনের। গত ২৪ ঘণ্টায় এই বিভাগে সর্বোচ্চ ৫৬২ জন রোগী শনাক্ত হয়েছে।
শনাক্তের দিক থেকে ঢাকার পরেই রয়েছে রাজশাহী এবং চট্টগ্রাম। উক্ত বিভাগে যথাক্রমে ৫ হাজার ৮৩২ জন ও ৪ হাজার ৬৫ জন আক্রান্ত হয়েছে। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫ জন সন্দেহজনক রোগীর মৃত্যু হয়েছে ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২০ হাজার ৪৭৫ জন সন্দেহজনক হাম রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যার মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৮১ জন।