পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এম এল জনযুদ্ধ) আঞ্চলিক নেতা ও একাধিক হত্যা মামলার আসামি নাসিমুল গণি করিম ওরফে নাসিমকে (৫৫) গুলি করে হত্যা হয়েছে। গুলি করার পর আশংকাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। আজ রোববার দুপুরে দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা এলাকায় তাকে গুলি করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাসিম আজ বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১২ টা পর্যন্ত ফরমাইশখানা এলাকার স্থানীয় তৈয়বের চায়ের দোকানে বসে ছিলেন। তখন দুজন সন্ত্রাসী তাকে লক্ষ্যকরে একাধিক গুলি চালায়।
ঘটনার সত্যতা স্বীকার করে দিঘলিয়া থানার অফিসার্স ইনচার্জ হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম চরচাকে বলেন, “ঘটনাস্থল থেকে তিন রাউন্ড তাজা গুলি ও তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।”
পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা সূত্রে আরও জানা যায়, নিহত নাসিম খুলনার নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল) একজন শীর্ষস্থানীয় আঞ্চলিক নেতা। তিনি দিঘলিয়া ও খুলনা অঞ্চলকে কেন্দ্র করে চরমপন্থী কার্যক্রম পরিচালনা করতেন।
তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অপহরণ, ডাকাতি এবং অস্ত্র কেনাবেচাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে আলোচিত গণেশ হত্যা মামলায় তার ৩২ বছরের কারাদণ্ড এবং একটি অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডের আদেশ রয়েছে। এছাড়াও তিনি বিএনপি নেতা রিয়াজ শাহেদ হত্যা চেষ্টা এবং জাহিদ চেয়ারম্যান হত্যা মামলারও আসামি।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক চরচাকে জানান, নিহত নাসিমের বিরুদ্ধে প্রাথমিকভাবে ৭টি মামলার রেকর্ড পাওয়া গেছে। এরমধ্যে ৫টি হত্যা মামলা, একটি অস্ত্র ও একটি মারামারি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের পর আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।