দেশে লিড (এলইইডি) সনদপ্রাপ্ত সবুজ কারখানার সংখ্যা ৩০২টিতে পৌঁছেছে। সম্প্রতি আরও ১২টি পোশাক, বস্ত্র ও অ্যাকসেসরিজ কারখানা যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) কাছ থেকে এ সনদ পেয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বের যেকোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয়েছে।
ইউএসজিবিসি ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত তথ্য অনুযায়ী, নতুন ১২টি কারখানার মধ্যে ৯টি প্লাটিনাম এবং তিনটি গোল্ড সনদ পেয়েছে। সর্বোচ্চ ৯৭ পয়েন্ট পেয়ে প্লাটিনাম সনদ অর্জন করেছে ঢাকার ধামরাইয়ের অ্যাডজি ট্রিমস লিমিটেড।
লিড সনদপ্রাপ্ত ৩০২টি কারখানার মধ্যে ১৩৪টি প্লাটিনাম, ১৪৮টি গোল্ড, ১৬টি সিলভার এবং চারটি সার্টিফায়েড পর্যায়ের সনদ পেয়েছে। এ ছাড়া বিশ্বের সর্বোচ্চ রেটিং পাওয়া ১০০টি লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার মধ্যে ৫৩টিই বাংলাদেশে অবস্থিত।
নতুন সনদ পাওয়া কারখানাগুলোর মধ্যে প্লাটিনাম সনদ পেয়েছে অ্যাডজি ট্রিমস লিমিটেড, ডি অ্যান্ড এস প্রিটি ফ্যাশনস লিমিটেড, প্রবৃদ্ধি অ্যাপারেলস লিমিটেড, এফকেএল প্রিন্টিং বিল্ডিং, এল ইউজিন ফ্যাশন লিমিটেড, ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার লিমিটেড, কেডিএস অ্যাপারেলস লিমিটেডের টেক্সটাইল অ্যান্ড ওয়াশিং ইউনিট, প্যাক্সার বাংলাদেশ লিমিটেড এবং এক্সপো অ্যাকসেসরিজ লিমিটেড। অন্যদিকে, গোল্ড সনদ পেয়েছে নারায়ণগঞ্জের বার্নালি কালেকশনস লিমিটেডের নিটিং ইউনিট, চট্টগ্রামের বেস্টেক বিডি লিমিটেড এবং টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত এক্সপোর্ট বিল্ডিং-২।
নতুন কারখানাগুলোর মধ্যে অ্যাডজি ট্রিমস লিমিটেড ৯৭ পয়েন্ট পেয়ে সবার ওপরে রয়েছে। প্রতিষ্ঠানটি লিড বিডি+সি নিউ কনস্ট্রাকশন ভার্সন-৪ ক্যাটাগরিতে প্লাটিনাম সনদ পেয়েছে। একই ক্যাটাগরিতে এফকেএল প্রিন্টিং বিল্ডিং ৮৬ পয়েন্ট এবং প্যাক্সার বাংলাদেশ লিমিটেড ও এক্সপো অ্যাকসেসরিজ লিমিটেড ৮২ পয়েন্ট করে পেয়েছে।
এ ছাড়া ডি অ্যান্ড এস প্রিটি ফ্যাশনস লিমিটেড ৯১, প্রবৃদ্ধি অ্যাপারেলস লিমিটেড ৮৮, এল ইউজিন ফ্যাশন লিমিটেড ৮৫, ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার লিমিটেড ৮৪ এবং কেডিএস অ্যাপারেলস লিমিটেডের টেক্সটাইল অ্যান্ড ওয়াশিং ইউনিট ৮২ পয়েন্ট পেয়েছে। এসব প্রতিষ্ঠান লিড অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স (ও+এম) এক্সিস্টিং বিল্ডিংস ভার্সন-৪.১ ক্যাটাগরিতে সনদ অর্জন করেছে। গোল্ড সনদ পাওয়া তিনটি প্রতিষ্ঠানের মধ্যে বার্নালি কালেকশনস লিমিটেড ৬৮, বেস্টেক বিডি লিমিটেড ৬৬ এবং এক্সপোর্ট বিল্ডিং-২ পেয়েছে ৬৪ পয়েন্ট।
লিড (লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন) হলো পরিবেশবান্ধব ভবন ও কারখানার আন্তর্জাতিক সনদ। যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল এ সনদ দিয়ে থাকে। জ্বালানি ও পানির সাশ্রয়, পরিবেশের ওপর প্রভাব কমানো, বর্জ্য ব্যবস্থাপনা, ভবনের অভ্যন্তরীণ পরিবেশের মানসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে এ সনদ দেওয়া হয়। প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে প্লাটিনাম, গোল্ড, সিলভার ও সার্টিফায়েড এই চারটি পর্যায়ে সনদ দেওয়া হয়।
পোশাক ও বস্ত্র খাতে পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থার গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশে লিড সনদপ্রাপ্ত কারখানার সংখ্যাও বাড়ছে। নতুন ১২টি কারখানার সনদ অর্জন দেশের এ খাতের পরিবেশগত মান উন্নয়নের ধারাবাহিক অগ্রগতিকে তুলে ধরছে।
শুধু লিড রেটিং পাওয়া কারখানার সংখ্যাই নয়, সর্বোচ্চ রেটিং পাওয়া কারখানার সংখ্যাতেও বাংলাদেশ সবার ওপরে আছে। যেমন, বিশ্বের সর্বোচ্চ রেটিং পাওয়া ১০০টি লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার তালিকায় ভারতের ৬টি, পাকিস্তানের ৭টি, শ্রীলঙ্কার ৪টি, তাইওয়ানের ৩টি, চীন ও ভিয়েতনামের ২টি করে এবং মিয়ানমারের ১টি কারখানা রয়েছে। আর বাংলাদেশের সর্বোচ্চ রেটিং পাওয়া কারখানা ৫৩টি।