রাজধানীর নয়াপল্টনে এসি মেরামতের সময় বিস্ফোরণে জীবন বর্মা (২৫) নামে এক এসি মিস্ত্রির নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জীবন বর্মার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার ভাটপাড়া গ্রামে। তার বাবার নাম শচীন বর্মা। তিনি পল্টন এলাকায় একটি মেসে ভাড়া থাকতেন।
নিহতের ভাই অনিক বর্মা জানান, নয়াপল্টন এলাকার এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস নামের একটি দোকানে এসি মেরামতের কাজ করছিলেন। এ সময় হঠাৎ এসি বিস্ফোরিত হলে তিনি আহত হন। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জীবনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
হাবিবুর রহমান জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।