চট্টগ্রাম মহানগরী থেকে পুলিশের টহল দলের পিকআপ চুরির দুই ঘন্টা পর কর্ণফুলী থানা থেকে সেটি উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেল ৩টার দিকে মহানগরীর হালিশহর ছোটপুল এলাকায় চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স সংলগ্ন পুনাকের ক্যান্টিনের সামনে থেকে গাড়িটি চুরি হয়। পরে পিকআপটি কর্ণফুলী থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
পুলিশের ভাষ্য, পিকআপ রেখে হালিশহর থানার পুলিশের টহল দলের সদস্যরা খাবার খেতে ক্যান্টিনে যাবার পরপর গাড়িটি অজ্ঞাত এক ব্যক্তি নিয়ে যান।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ চরচাকে বলেন, “হালিশহর থানা পুলিশের একটি টহল দল খাবার খেতে সড়কের পাশে একটি ক্যান্টিনে গিয়েছিল। খাওয়া শেষে বের হয়ে তারা গাড়িটি আর দেখতে পাননি। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে টহল দলের সদস্যরা ক্যান্টিনে প্রবেশের সাথে সাথে এক লোক নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে গাড়ি নিয়ে চলে যান।”
আমিনুর রশিদ বলেন, “পরে বিকেল ৫টার দিকে কর্ণফুলী থানা এলাকায় গাড়িটি দেখতে পেয়ে পুলিশ ধাওয়া করলে ফকিরনির হাট এলাকায় সেটি রেখে ওই লোক পালিয়ে যায়। যে ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছে তাকে চিহ্নিত করা হয়েছে এবং গ্রেপ্তারে অভিযান চলছে।”