রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গতকাল রোববার রাতে পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বরখাস্ত হওয়া চার সদস্য হলেন মো. আরিফ হোসেন, মো. রোকন উদ্দীন, মো. শফিকুল ইসলাম ও মো. শাহাদত হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সন্ধ্যায় রাজশাহী রেলওয়ে স্টেশনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের কমান্ড্যান্টের (সদর) কাছে নিয়মিত দৈনিক হাজিরা দিতে হবে।
গতকাল রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে প্রথমে ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ের নিরাপত্তাকর্মী ও কর্মচারীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কর্মচারীরা ওই শিক্ষার্থীকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালিয়েছেন। ছবি: চরচা
শিক্ষার্থীদের দাবি, এ সময় রাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ সেশনের ছাত্র আইয়ুব প্রতিবাদ করায় সেখানে উপস্থিত আনসার সদস্য ও রেলওয়ে কর্মচারীরা একসাথে আইয়ুবের ওপর চড়াও হন এবং তাকে পিটিয়ে আহত করেন। আঘাত পেয়ে আইয়ুব ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মুখ থুবড়ে পড়ে যান।
সহপাঠীকে আশঙ্কাজনক ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাৎক্ষণিক ক্ষোভে ফেটে পড়েন রাবি শিক্ষার্থীরা। এর জেরে রাত ১২টার দিকে শিক্ষার্থীরা রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালান এবং বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে অগ্নিসংযোগ করেন। একই সঙ্গে তারা রেলপথ অবরোধ করেন। এতে রাজশাহী থেকে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।