Advertisement

গেন্ডারিয়া থেকে যুবকের মরদেহ উদ্ধার, আত্মহত্যার দাবি পরিবারের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

গেন্ডারিয়া থেকে যুবকের মরদেহ উদ্ধার, আত্মহত্যার দাবি পরিবারের
প্রতীকী ছবি

রাজধানীর গেন্ডারিয়ার হাবিব নগরের মেহেরুন টাওয়ারের একটি বাসা থেকে মোহাম্মদ সাইদুর রহমান নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।

Advertisement

আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাইদুর রহমানের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বড় ডালিমা গ্রামে। তিনি পরিবারের সঙ্গে গেন্ডারিয়ার মেহেরুন টাওয়ারে ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতের বাবা মো. শহিদুল ইসলাম জানান, সাইদুর তার ব্যবসা দেখাশোনা করতেন। প্রায় দেড় বছর আগে তিনি প্রেম করে বিয়ে করেন।

Advertisement

গতকাল শুক্রবার স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। আজ ভোরে তাকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।