Advertisement

এক দিনে এনসিপিতে যোগ দিয়েছে দেড় হাজার, জানাল দলটি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

এক দিনে এনসিপিতে যোগ দিয়েছে দেড় হাজার, জানাল দলটি

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে একটি আয়োজনে পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন বলে দাবি করেছে দলটি। আজ শুক্রবার যোগদান সংক্রান্ত একটি অনুষ্ঠানে তারা এনসিপিতে যোগ দেয় বলে দাবি করেন অনুষ্ঠানের সঞ্চালক।

Advertisement

যোগদান কর্মসূচিকে কেন্দ্র করে বর্তমান সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে দলটির নেতারা ‘বিচারহীনতা’ ও ‘রাজনৈতিক দমন-পীড়নের’ কড়া সমালোচনা করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “এনসিপি দখল, পেশিশক্তি ও প্রভাবের রাজনীতি করতে চায় না। তাদের রাজনীতি মানুষের জীবনমান, নিরাপত্তা ও একটি বাসযোগ্য নগর গড়ার রাজনীতি।”

আসিফ অভিযোগ করেন, নির্বাচনের পর দেশে হত্যা, ধর্ষণ ও নিরাপত্তাহীনতা বেড়েছে। মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা রাজনৈতিক ব্যর্থতা এবং সরকারের দায়। সাম্প্রতিক বিভিন্ন হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাষ্ট্রের ভেতরে কোনো অভ্যন্তরীণ বা বহিরাগত ষড়যন্ত্র আছে কি না–তা খতিয়ে দেখা দরকার। একইসঙ্গে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

Advertisement

অন্যদিকে ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রসঙ্গ তুলে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “ছাত্রলীগ-যুবলীগের মতো সন্ত্রাসী কায়দায় রাজনৈতিক কর্মসূচি দমন করার চেষ্টা করলে তার পরিণতি ভয়াবহ হবে। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার আগে সংস্কারের কথা বললেও পরে বিচার বিভাগ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। বিএনপি তাদের ঘোষিত সংস্কার এজেন্ডা থেকে সরে আসছে।”

শিশু রামিসা হত্যাকাণ্ড, আসিয়া হত্যা ও ওসমান হাদি হত্যার বিচার নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সারজিস। তিনি বলেন, “বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকলে মানুষ আবারও রাজপথে নামতে বাধ্য হবে।”

অনুষ্ঠান শেষে নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে নেতা-কর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাব এলাকা ত্যাগ করেন।