ঢাকার আজিমপুরে এক তরুণী গৃহকর্মীকে ধর্ষণের ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।
একই সঙ্গে ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা ও আইনগত সহায়তা নিশ্চিত করা এবং গৃহকর্মীদের সুরক্ষায় গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ কার্যকরভাবে বাস্তবায়নে জরুরি ভিত্তিতে সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব আহ্বান জানিয়েছে ব্লাস্ট।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর লালবাগ থানার আজিমপুর চায়না বিল্ডিং এলাকার সরকারি কোয়ার্টারে এক তরুণী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় লালবাগ থানায় একটি মামলা হয়েছে বলে জানা যায়।
মামলার এজাহারের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থিক সংকটের কারণে ওই তরুণী পূর্বপরিচিত লুৎফন নাহারের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। ঘটনার দিন ৯৯৯-এ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।
ব্লাস্ট বলেছে, এ ঘটনা গৃহকর্মীদের নির্যাতন, নিরাপত্তাহীনতা এবং সর্বোপরি তাদের অধিকার লঙ্ঘনের ধারাবাহিকতা আবারও সামনে এনেছে।
সংগঠনটি আরও বলেছে, বাংলাদেশের সংবিধান সকল নাগরিকের আইনি অধিকার নিশ্চিত করেছে। এছাড়া বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, গৃহ শ্রমিককে গৃহ পরিচারক হিসেবে অধিকার দেওয়া হয়েছে। তাই কর্মক্ষেত্রে তাদের আইনি অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান আইন ও নীতির কার্যকর প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন।
ব্লাস্ট তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ী ব্যক্তিদের শনাক্ত করে তাদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে।