পুরাতন জাহাজ ভাঙার কাজ করতে গিয়ে ৯ জন নিহত হওয়ার ঘটনায় সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
‘এমটি রাসি’ নামের পুরনো জাহাজ কাটার কাজ করায় পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করে এ জরিমানা করা হয়েছে।
আজ বুধবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানার আদেশ দেওয়া হয়।
অধিদপ্তরের পরিচালক জমির উদ্দিন চরচাকে বলেন, “পুরাতন জাহাজ কাটার জন্য পরিবেশগত ছাড়পত্র নিতে হয়। এমটি রাসি নামের জাহাজ কাটার জন্য যে ছাড়পত্র দেয়া হয়েছিল সেটির মেয়াদ গত ১২ আগস্ট শেষ হয়েছে। নবায়ন না করে কাজ করায় তাদের ৫ লাখ টাকা জরিমানা করা হয়।”
জাহাজটি কাটার জন্য ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড সর্বশেষ পরিবেশগত ছাড়পত্র নিয়েছিল ২০২৫ সালের ১৩ আগস্ট।
ছাড়পত্রের মেয়াদ শেষ হওয়ার দুই দিন পর গত ১৪ আগস্ট জাহজটি কাটার সময় বিষাক্ত গ্যাস নিঃসরণ হয়ে ৯ জন মারা যায়।
এ ঘটনার পর শিল্প মন্ত্রণালয়, জেলা প্রশাসন, বিএসবিআরএ এর পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি করা হয়েছে।