
মিশরে প্রজন্মের পর প্রজন্ম ধরে কেন স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত ফিলিস্তিনিরা
শরণার্থী ফিলিস্তিনিরা জানায়, পূর্বপুরুষের ভিটায় ফিরে যাওয়ার চেয়ে তাদের কাছে এখন শিক্ষা, কর্মসংস্থান ও জীবনের স্থিতিশীলতাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
চরচা ডেস্ক

তিন দিন আগে রাশিয়ার ক্রাসনোদারের সঙ্গে ক্রিমিয়ার সংযোগকারী কের্চ ব্রিজ উড়িয়ে দিয়েছে ইউক্রেন, তার জবাবে ইউক্রেনে ভয়ংকর পাল্টা হামলা চালিয়েছে রাশিয়া। কিন্তু তা করতে গিয়ে রাশিয়ার দুটি ক্রুজ মিসাইল আর একটি জেট ইঞ্জিনচালিত ড্রোন গিয়ে বিধ্বস্ত হয়েছে পোল্যান্ডে–এমনই খবর পাওয়া যাচ্ছে!
আর ঘটনাটি কিনা ঘটল এমন এক সময়ে, যখন পশ্চিমা মিত্র দেশগুলোর সৈন্যরা পোল্যান্ডে বড় ধরনের সামরিক মহড়া চালাচ্ছে। স্বাভাবিকভাবেই এতে প্রশ্ন উঠেছে–এটি কি নিছকই ভুল, নাকি রাশিয়া ইচ্ছা করেই এভাবে মিসাইল আর ড্রোন বিধ্বস্ত করেছে পোল্যান্ডে?
পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ তার দেশের আকাশসীমা লঙ্ঘনের তিনটি ঘটনার কথা নিশ্চিত করেছেন। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন তিনি। তবে পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রীর মতে, ঘটনাটি যে এমন দিনে (পশ্চিমা দেশগুলোর সামরিক মহড়ার আগের দিন) ঘটেছে, এটা মোটেও কাকতাল নয়। যুক্তরাজ্যসহ ১১টি দেশের সেনারা এই মহড়ায় অংশ নিচ্ছে। তারা ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ বা স্বেচ্ছায় অংশগ্রহণকারী দেশগুলোর জোটের সদস্য।
পোল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলের নোভি লিপোভিয়েচ, মোয়োদিচ ও রুদনিক নাদ সানেম এলাকায় রুশ এই মিসাইল ও ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনাগুলো ঘটেছে। মহড়া যেখানে চলছে, সেই নোভা ডেম্বা থেকে এলাকাগুলোর দূরত্ব ৩০ থেকে ৬০ মাইলের মধ্যে।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ঘটনাটিকে রাশিয়ার ‘ইচ্ছাকৃত উসকানি’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে তার কথা হয়েছে। শনিবার রুটের ওয়ারশ সফরের কথা রয়েছে। টাস্ক বলেন, মহড়ার আগের রাতেই এই হামলার ঘটনা যে ঘটেছে, তা কাকতালীয় বলে মনে করছেন না তারা।
টাস্ক আরও বলেন, “এ ঘটনা স্পষ্ট করে দিচ্ছে, আগামী কয়েক মাস আমাদের সবার জন্যই বড় চ্যালেঞ্জ নিয়ে আসবে।” তার ভাষ্য, “আজকের ঘটনা আগের যেকোনো সময়ের চেয়ে আরও স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে, ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পোল্যান্ডের অংশগ্রহণ কেন জরুরি।”
টাস্কের যুক্তি, রাশিয়ার দিক থেকে কী ধরনের হুমকি তৈরি হচ্ছে, তা পোল্যান্ড অন্যদের তুলনায় ভালো বোঝে।
ন্যাটোর মহাসচিব মার্ক রুটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “রাতভর পোল্যান্ডের আকাশসীমা গুরুতরভাবে লঙ্ঘনের ঘটনা নিয়ে ডোনাল্ড টাস্কের সঙ্গে কথা বলেছি। এর জবাবে ন্যাটোর যুদ্ধবিমানগুলো আকাশে আছে। আমরা পোল্যান্ডের পাশে আছি। প্রতিরোধ ও আত্মরক্ষার সক্ষমতা আরও বাড়াতে কাজ চালিয়ে যাব।”
রুটে আরও বলেন, “ঘটনাটি স্পষ্টতই বিপজ্জনক। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধেরই এটি একটি পরিণতি। রাশিয়ার এই হামলা এবং (ইউক্রেনে) চলমান এই যুদ্ধের নিন্দা জানাই। মিত্র হিসেবে আমরা ঐক্যবদ্ধ এবং ইউক্রেনকে সমর্থন দিয়ে যাব।”
এদিকে সামরিক মহড়ায় অংশ নিতে পোল্যান্ডে অবস্থান করছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং। এক্স-এ দেওয়া পোস্টে ঘটনাটিকে ‘অত্যন্ত গুরুতর’ উল্লেখ করে তিনি লিখেছেন, “রাশিয়ার এই অবৈধ যুদ্ধের প্রভাব পুরো ইউক্রেনেই বোঝা যাচ্ছে। এখন তা ক্রমেই প্রতিবেশী দেশগুলোর ওপরও ছড়িয়ে পড়ছে। যুক্তরাজ্য তার মিত্রদের পাশে আছে।”
পোল্যান্ডের সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ডের প্রধান মেজর জেনারেল ইরেনেউশ নোভাক জানিয়েছেন, তাদের আকাশসীমার জন্য হুমকি তৈরি করতে পারে–এমন ১১টি বস্তু শনাক্ত করেছেন তারা।
ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলার ব্যাপকতার কথাও তুলে ধরেছেন নোভাক। তার তথ্য অনুযায়ী, ইউক্রেনে হামলায় সাতটি বোমারু বিমান ব্যবহার করেছে রাশিয়া। ছুড়েছে ২৬টি কালিব্র ক্রুজ ক্ষেপণাস্ত্র, ৭২টি কেএইচ-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৫০০টির বেশি ড্রোন।
এদিকে পোল্যান্ডের রজেশভ-ইয়াসিওঙ্কা বিমানবন্দরে রাতের বেলায় কিছু সময়ের জন্য কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছিল। আন্তর্জাতিক যাত্রী পরিবহনের গুরুত্বপূর্ণ কেন্দ্র এই বিমানবন্দর, ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানোর অন্যতম প্রধান ট্রানজিট পয়েন্টও। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ পুরোদমে শুরু হওয়ার পর এই প্রথম বিমানবন্দরটি থেকে এভাবে কর্মীদের সরিয়ে নেওয়া হলো।
ঘটনার পর পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। বৈঠকে ছিলেন পোল্যান্ডের সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর প্রধানরা।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের সীমানার ভেতরেই রাশিয়ার হামলায় ৮ জন নিহত ও ৩০ জন আহত হওয়ার কথা জানিয়ে বলেছেন, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এটি ছিল অন্যতম বড় হামলা। এই হামলায় রুশরা ইউক্রেনের নাগরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানিয়েছে বলেও অভিযোগ জেলেনস্কির।
ইউক্রেন প্রেসিডেন্টের অভিযোগ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ‘ব্যর্থ বৈঠকের’ পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হামলা চালিয়েছেন। বিশ্বব্যবস্থার মানচিত্র নতুন করে আঁকার চেষ্টা করেও পুতিন ‘ব্যর্থ হয়েছেন’ জানিয়ে জেলেনস্কি বলেছেন, “সামরিক ও কূটনৈতিক–দুই দিকেই নিজেদের অক্ষমতা ঢাকতে এখন এমন সন্ত্রাসী হামলার আশ্রয় নিয়েছে রাশিয়া।”
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেছেন, পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের সর্বশেষ ঘটনাগুলো আবারও দেখিয়ে দিয়েছে, রাশিয়ার আগ্রাসন পুরো ইউরোপ এবং আটলান্টিকের দুই পারের মিত্র দেশগুলোর জন্য কতটা বড় হুমকি।
“মস্কো একদিকে ইউরোপের ‘নতুন নিরাপত্তাকাঠামো’ নিয়ে আলোচনা শুরুর চেষ্টা চালাচ্ছে, অন্যদিকে রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউরোপের বর্তমান নিরাপত্তাব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছে। এই নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী করার প্রথম পদক্ষেপ তো হওয়া উচিত–এ ধরনের হামলা বন্ধ করা”–মন্তব্য আন্দ্রি সিবিহার।
পোল্যান্ড অবশ্য গত কয়েক মাসে একাধিকবার রাশিয়ার দিক থেকে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি নিয়ে সতর্ক করেছে। তাদের আশঙ্কা, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ আরও বিস্তৃত হতে পারে।
রুশ ক্ষেপণাস্ত্র এই প্রথম যে পোল্যান্ডে গিয়ে পড়েছে, এমনও নয়। গত জুলাইয়ে রাশিয়ার একটি কেএইচ-১০১ ক্রুজ মিসাইল পোল্যান্ডের লুবলিন অঞ্চলে গিয়ে পড়ে। তখন বলা হয়েছিল, রাতের বেলা ইউক্রেনে রাশিয়ার হামলার সময় গতিপথ থেকে সরে গিয়ে মিসাইলটি পোল্যান্ডে পড়েছে।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে রাশিয়ার ২০টির বেশি ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়েছিল। তখন পোলিশ প্রধানমন্ত্রী টাস্ক সতর্ক করে বলেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পোল্যান্ড আর কখনোই রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোর এতটা কাছে আসেনি।
এরও আগে, ২০২২ সালের নভেম্বরে রাশিয়ার একটি কেএইচ-৫৫ মিসাইল পোল্যান্ডের বাইডগোশ শহরের কাছে বিধ্বস্ত হয়। জায়গাটি ইউক্রেনের সীমান্ত থেকে ৩০০ মাইলেরও বেশি দূরে। তবে ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায় ২০২৩ সালের শুরুর দিকে।

মিশরে প্রজন্মের পর প্রজন্ম ধরে কেন স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত ফিলিস্তিনিরা
শরণার্থী ফিলিস্তিনিরা জানায়, পূর্বপুরুষের ভিটায় ফিরে যাওয়ার চেয়ে তাদের কাছে এখন শিক্ষা, কর্মসংস্থান ও জীবনের স্থিতিশীলতাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

মানবদেহের ভেতরের অদৃশ্য জগৎ উন্মোচিত
মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গ কীভাবে কাজ করে, রোগ কীভাবে সৃষ্টি হয় এবং সুস্থ কোষের সঙ্গে অসুস্থ কোষের সম্পর্ক কী—এসব প্রশ্নের উত্তর খুঁজতে চিকিৎসাবিজ্ঞান দীর্ঘদিন ধরে কোষ ও টিস্যু নিয়ে গবেষণা করছে।

ইউরোপজুড়ে জেনজিরা কেন আন্দোলন করছে?
ইউরোপের ২৫টিরও বেশি দেশে গতকাল শুক্রবার হাজার হাজার তরুণ ও শ্রমিক একযোগে রাস্তায় নেমে আন্দোলনে করেছে। যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, ইতালিসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে এ বিক্ষোভে অংশ নেন।

কোয়ান্টাম কম্পিউটারের অদ্ভুত ক্ষমতার প্রমাণ দিল গুগল
সাধারণ ল্যাপটপ বা স্মার্টফোনে আপনি যখন কোনো ইমেইল খোলেন, প্রতিবারই সেটি একই রকম দেখায়। শব্দের ক্রম বা অর্থ বদলে যায় না। কিন্তু এমন যদি হয়—আপনি কম্পিউটারে অন্য কী পড়ছেন, তার ওপর ভিত্তি করে আপনার ইমেইলের লেখাগুলো প্রতিবার বদলে যাচ্ছে?