Advertisement

বাংলাদেশ দলের কম্বিনেশন মেলাতে গিয়েই বারবার চোটে লিটন?

বাংলাদেশ দলের কম্বিনেশন মেলাতে গিয়েই বারবার চোটে লিটন?
বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। ছবি: বিসিবি

২০১৯ বিশ্বকাপের আগে বাংলাদেশের একটি সিরিজের প্রস্তুতির কথা। অনুশীলনে লিটন দাসের ব্যাটিংয়ের সময় কাঁধের পজিশন নিয়ে কাজ করছিলেন সেই সময়ের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। ওই সময় লিটন দাসের মূল সংগ্রামটা ছিল ধারাবাহিকতায়। দলে থাকতেন আসা-যাওয়ার মধ্যে। ম্যাকেঞ্জি অবশ্য গল্পের ফাঁকে একদিন বলেছিলেন, লিটন বাংলাদেশের ক্রিকেটের পরবর্তী সুপারস্টার হতে পারবেন, তবে একটা শর্ত আছে।

Advertisement

কী শর্ত? প্রশ্নটা করতেই সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান বলেছিলেন, সেই পর্যায়ে যেতে হলে ক্যারিয়ারের কোনো একটা সময়ে গিয়ে লিটনকে বেছে নিতে হবে একটি বা দুটি ফরম্যাটকে। লিটন কতদিন পর্যন্ত কিপার-ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে নিতে পারবেন, সেটা নিয়েও সংশয় ছিল ম্যাকেঞ্জির। ক্রিকেটার হিসেবে লিটনের সামর্থ্য নিয়ে প্রশ্ন না থাকলেও তার শরীর দীর্ঘমেয়াদে সব ফরম্যাটের চাপ নেওয়ার জন্য প্রস্তুত কি না, সেটাই মূলত ছিল ম্যাকেঞ্জির ‘শর্ত।’

Advertisement

লিটন দাস ও বাংলাদেশের সাবেক ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি। ছবি: বিসিবি
লিটন দাস ও বাংলাদেশের সাবেক ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি। ছবি: বিসিবি

বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়ে যাওয়ার আগে লিটনকে এটা বলেও গিয়েছিলেন ম্যাকেঞ্জি। স্পষ্টভাবে বলেছিলেন, লিটন যেন ক্যারিয়ারে সবসময় ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে করেন। আর তিন ফরম্যাটের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নাম লেখাতে চাইলে ফিটনেসের ব্যাপারে লিটনের অনেক বেশি সচেতন হওয়ার বিকল্প নেই বলেও জানিয়ে গিয়েছিলেন ম্যাকেঞ্জি।

ফিটনেসের ব্যাপারে লিটনের সচেতনতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। সচেতন বলেই এখন তিন ফরম্যাটেই তিনি দলের নিয়মিত সদস্য। শুধু সদস্যই নন, টি-টোয়েন্টি আর ওয়ানডের অধিনায়কও।

সাকিব-তামিমরা নেই, তবুও কেন স্পিন উইকেটে আস্থা বাংলাদেশের? এই চিত্রটা খুব বেশিদিনেরও নয়। টেস্টে তো লিটন ২০২০ সাল থেকেই বাংলাদেশ দলের একেবারে অবিচ্ছেদ্য অংশ। লোয়ার-মিডল অর্ডারে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা উইকেটকিপার-ব্যাটসম্যানও তিনি। টি-টোয়েন্টিতেও ২০২৫ সালেই তাকে অধিনায়ক করা হয়েছিল। তবে ওয়ানডেতে লিটন বছরখানেক আগেও নিয়মিত ছিলেন না, গত বছর চ্যাম্পিয়নস ট্রফির দলেও জায়গা হয়নি। কিন্তু সেখান থেকে পরিস্থিতি পুরো ১৮০ ডিগ্রি ঘুরে যায়, এই বছরের মাঝামাঝিতে ওয়ানডের অধিনায়কও হয়ে যান লিটন।

কিন্তু সব পেয়ে যাওয়াই কি লিটনের জন্য উল্টো ‘বরে শাপ’ হয়েছে?

আলোচনাটা টেনে নিয়ে আসছে লিটনের চোটের পরিস্থিতি। এক বছর আগেও যেহেতু লিটন ওয়ানডেতে নিয়মিত ছিলেন না, তাই শারীরিক ধকল খুব একটা সমস্যায় ফেলেনি তাকে। তবে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার পর থেকেই লিটনের ওয়ার্কলোডের বিষয়টি বারবার সামনে চলে আসছে। এখন ওয়ানডের অধিনায়কত্বও যোগ হয়েছে। তারওপর তিন ফরম্যাটেই লিটন সামলাচ্ছেন উইকেটকিপার-ব্যাটসম্যানের জোড়া দায়িত্ব। ফলে বাড়ছে চাপ এবং চোটে পড়ার প্রবণতাও।

তিন ফরম্যাটেই বাংলাদেশের নিয়মিত সদস্য লিটন দাস। ছবি: বিসিবি
তিন ফরম্যাটেই বাংলাদেশের নিয়মিত সদস্য লিটন দাস। ছবি: বিসিবি

টি-টোয়েন্টিতে লিটন ওপেন করছেন। ওয়ানডেতে খেলছেন মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে, চার বা পাঁচ নম্বরে। টেস্টে খেলছেন মূলত ছয় নম্বর ব্যাটসম্যান হিসেবে, কখনো কখনো পাঁচেও।

এই তিন ভূমিকায় দায়িত্ব পালনের ক্ষেত্রে গত এক-দেড় বছরে বাংলাদেশের ব্যস্ত ক্রিকেট সূচির ধকল লিটন দাসের শরীর কতটা নিতে পারছে?

চোটের চোটপাট

পরিসংখ্যান ঘাটলে দেখা যাচ্ছে, গত ১৫ মাসে লিটন সব মিলিয়ে মোট ১৮টি আন্তর্জাতিক ম্যাচ মিস করেছেন।

এর শুরুটা হয়েছিল গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে। চোটের কারণে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দুটি টেস্ট মিস করেছিলেন তিনি। এরপর ২০২৫ সালেই হিপ ইনজুরির কারণে এশিয়া কাপের ম্যাচগুলো মিস করেন। পরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও একটি ম্যাচ খেলতে পারেননি।

২০২৬ সালে চোটের কারণে ১২টি ম্যাচ মিস করেছেন লিটন দাস। ছবি: বিসিবি
২০২৬ সালে চোটের কারণে ১২টি ম্যাচ মিস করেছেন লিটন দাস। ছবি: বিসিবি

চলতি বছর প্রথমে সাইড স্ট্রেইনের চোটে পড়েন লিটন। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ চলাকালে সেই চোটে পড়ার পর ছিটকে যান টি-টোয়েন্টি সিরিজ থেকে। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের সবগুলো ম্যাচ মিস করেন তিনি, যেখানে ছিল টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি।

সর্বশেষ ঘটনা একেবারে সাম্প্রতিক। ওয়ানডে অধিনায়ক হিসেবে তার প্রথম আনুষ্ঠানিক সিরিজ হওয়ার কথা ছিল সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ। সেখানেও প্রথম ম্যাচের আগে নতুন করে ইনজুরিতে পড়েন লিটন। এই চোটের কারণে মিস করেছেন আরও দুটি ম্যাচ।

এ ক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটের জন্য আশঙ্কার ব্যাপার হলো, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের গুরুত্ব প্রতিটি মুহূর্তেই বুঝিয়ে দেওয়া। এই সময়ে ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে যাদের কাজ করার কথা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই মেডিকেল বিভাগই গত এক বছর ধরে বিভিন্ন খেলোয়াড়ের চোট ও পুনর্বাসন নিয়ে প্রশ্নের মুখে। শুধু লিটনই নন, দলের কয়েকজন পেসারও চোটের কারণে বাইরে আছেন। নাহিদ রানার চোটের পূর্বাপর নিয়েও আলোচনা কম হয়নি।

লিটনও কি ঠিক সিরিয়াস নন?

বোর্ডের ব্যাপারটা বাদ দিলেও, ফিটনেস, স্ট্রেংথ ট্রেনিং ও রিকভারির জন্য অনেক ক্রিকেটার তো ব্যক্তিগত ট্রেইনারও রাখেন। কিন্তু লিটন আগে পার্সোনাল ট্রেইনারের সঙ্গে কাজ করলেও আপাতত সেটা বাদ দিয়েছেন বলেই জানা গেছে। বর্তমানে তিনি জিম করেন এবং বিসিবির যে মেডিকেল বিভাগের অধীনে তাদের রুটিনমাফিক কাজ করেন।

কিন্তু এটা কি যথেষ্ট? প্রশ্নটা উঠছে।

উল্লেখ্য, জিম্বাবুয়ে সফর থেকে চোটের কারণে যখন লিটনকে দেশে ফেরত পাঠানো হয়েছিল এবং রিকভারির সুযোগ দেওয়া হয়েছিল, তখন সেই সময়টা কাজে না লাগিয়ে তিনি পরিবার নিয়ে ছুটিতে চলে গিয়েছিলেন। বিসিবির একটি অংশ তার এসব কর্মকাণ্ডে বেশ ক্ষুব্ধ। তারা মনে করেন, ক্যারিয়ার নিয়ে যথেষ্ট সিরিয়াস নন লিটন।

কিপিং-ব্যাটিং দুটির কারণেও ঝামেলা হচ্ছে?

লিটনের সাম্প্রতিক সময়ে এই অতিরিক্ত চোটে পড়ার সঙ্গে অনেকেই মিল খুঁজে পেতে পারেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের। নিজের সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত হলেও দলের প্রয়োজনে ‘এবি’ বেশ কিছুটা সময় তিন ফরম্যাটে উইকেটকিপিংও করেছেন।

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে যখন আকস্মিকভাবে বিদায় জানান, তখন ডি ভিলিয়ার্স বলেছিলেন, তার সব প্রাণশক্তি ফুরিয়ে গেছে। এরপর বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, ব্যাটিংয়ের পাশাপাশি কিপিং করার কারণে তিনি দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটে বা তিন ফরম্যাটে খেলা চালিয়ে যেতে পারেননি। একসঙ্গে ব্যাটিং-কিপিংকে ক্যারিয়ারের একটি ভুলও বলেছেন ডি ভিলিয়ার্স। কারণ, কিপিং পিঠের চোটের শঙ্কা বাড়িয়ে দেয় অনেক।

ফিট থাকলে সব ফরম্যাটেই উইকেটকিপিং করেন লিটন দাস। ছবি: বিসিবি
ফিট থাকলে সব ফরম্যাটেই উইকেটকিপিং করেন লিটন দাস। ছবি: বিসিবি

অন্য দুই ফরম্যাটের তুলনায় টেস্ট ক্রিকেটে কিপিং করাটা একজন ক্রিকেটারের ওপর দীর্ঘমেয়াদে অনেক বড় শারীরিক চাপ তৈরি করতে পারে। এই চাপের সঙ্গে মানিয়ে নিয়ে তিন ফরম্যাটে সব সময় নিজের সেরাটা দেওয়া সম্ভব হয় না। এই কারণেই শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা টেস্টে কিপিং করা ছেড়ে দিয়েছিলেন ক্যারিয়ারের সেরা সময়ে পা রাখার আগে। আর ভিলিয়ার্স সেটা না করায় আগেভাগেই অবসর নিতে বাধ্য হয়েছিলেন।

টেস্টে প্রায়ই এক ইনিংসে ৯০ থেকে ১০০ বা তারও বেশি ওভার পর্যন্ত কিপিং করতে হয়। বাংলাদেশ এখন যেভাবে টেস্ট ক্রিকেট খেলছে, তাতে লিটনের জন্য বিশ্রাম নেওয়া বা পর্যাপ্ত রিকভারি করা কঠিন হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, শতভাগ ফিট হওয়ার আগেই তড়িঘড়ি করে মাঠেও নামিয়ে দেওয়া হচ্ছে। অস্ট্রেলিয়া সফরেই যেটা দেখা গেছে।

কেন লিটনকেই কিপার রাখে বাংলাদেশ?

কেন লিটন দাসকে যেকোনোভাবে হলেও অন্তত টেস্ট ক্রিকেটে খেলাতে এত মরিয়া থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত একটি সূত্র চরচাকে জানিয়েছেন, “দেশের তো বটেই, সময়ের অন্যতম সেরা উইকেটকিপার হওয়ার কারণেই বাংলাদেশ দলের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোতে লিটনের কোনো বিকল্পের কথা তারা চিন্তাও করতে চান না। এমনকি তাদের ভাবনাতেও বিকল্প হিসেবে অন্য কারও নাম আসে না।”

কারণ, লিটন না খেললে ব্যাটিং ও উইকেটকিপিংয়ের যে মানদণ্ড, সেখানে এতটাই পার্থক্য তৈরি হয় যে, লিটন ছাড়া তাদের হাতে থাকা বিকল্পদের দিয়ে সেই ঘাটতি পূরণ করা কঠিন।

জাকের আলী অনিক কিংবা ঘরোয়া ক্রিকেটে নিয়মিতভাবে ভালো করা অমিত হাসান–তারা কিপার হিসেবে ভালো। তবে উইকেটকিপিংয়ের মান এবং ব্যাটসম্যান হিসেবে লিটন দাসের সঙ্গে তাদের পার্থক্য এতটাই বেশি যে, যেকোনো মূল্যেই হোক, এমনকি ৭০ থেকে ৮০ শতাংশ ফিটনেস নিয়েও লিটনকে খেলাতে চায় বাংলাদেশ দল এবং সেটা উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবেই।

সাকিব আল হাসান (বামে) ও লিটন দাস। ছবি: বিসিবি
সাকিব আল হাসান (বামে) ও লিটন দাস। ছবি: বিসিবি

সাকিব না থাকায় ঝামেলা বেড়েছে?

এক্ষেত্রে আরেকটি বিষয়ও গুরুত্বপূর্ণ, আর তা হলো সাকিব আল হাসানের অনুপস্থিতি। সেই ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশের ক্রিকেটে তিনি ব্রাত্য হয়ে আছেন। টি-টোয়েন্টিতে এই অভাব খুব একটা অনুভূত না হলেও টেস্ট ও ওয়ানডেতে এখনো সাকিবের না থাকা দলের কম্বিনেশন সাজানোর ক্ষেত্রে ভূমিকা রাখে। কারণ সাকিব খেলা মানেই একজন বাড়তি ব্যাটসম্যান বা বাড়তি বোলার খেলানোর সুযোগ। যেহেতু সেটা আর সম্ভব হচ্ছে না, তাই বাংলাদেশকে তাকাতে হচ্ছে লিটনের দিকেই।

কারণটা খুব স্পষ্ট। লিটন যদি বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলা শুরু করেন, তাহলে বাড়তি উইকেটকিপারের প্রয়োজন হবে দলে। আর সেটা করতে গেলে নিশ্চিতভাবেই একজন বোলার কম নিয়ে খেলতে হবে বাংলাদেশকে। যেমন টেস্টে লিটন যদি কিপিং না করেন, তাহলে তিনি ছয়ে ব্যাট করলে সাতে ব্যাট করবেন বিশেষজ্ঞ উইকেটকিপার। আর মেহেদি হাসান মিরাজকে নেমে যেতে হবে আটে।

যেহেতু সাকিবের ফেরার বাস্তবিক সম্ভাবনা নেই, তাই লিটনকেই ‘অলরাউন্ডার’ হিসেবে খেলানোর বিকল্প নেই বাংলাদেশের সামনে। তবে সেটার রেশে লিটনের এভাবে ঘন ঘন চোটে পড়াটা বাংলাদেশের জন্য একটি অশনিসংকেতও বটে।

কেননা, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই তাকে এই ফরম্যাটের অধিনায়ক করা হয়েছে। আর তার সহঅধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে তাওহিদ হৃদয়কে, যিনি অধিনায়ক হিসেবে ঘরোয়া ক্রিকেটে কখনোই সেভাবে পরীক্ষিত নন। ফলে লিটন ঘন ঘন ছিটকে গেলে হৃদয়কে অধিনায়কত্ব করতে হচ্ছে এবং সেটা দলের জন্য ভালো ফল বয়ে আনছে না।

চোখ যখন ২০২৭ বিশ্বকাপে

লিটন যদি এভাবেই বারবার চোটে পড়েন এবং তার পরিবর্তে হৃদয়কে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাতে হয়, এমনকি বিশ্বকাপেও যদি এ ধরনের পরিস্থিতির উদ্ভব হয়, তাহলে বাংলাদেশ দলের জন্য সেটা হবে বড় এক ধাক্কা।

এই মুহূর্তে লিটন দাসকে বিবেচনা করা হয় বিশ্বের অন্যতম সেরা উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে। ছবি: আফগানিস্তান ক্রিকেট বোর্ড
এই মুহূর্তে লিটন দাসকে বিবেচনা করা হয় বিশ্বের অন্যতম সেরা উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে। ছবি: আফগানিস্তান ক্রিকেট বোর্ড

কারণ, সে ক্ষেত্রে শুধু উইকেটকিপার বা ব্যাটসম্যান লিটনকেই হারাবে না বাংলাদেশ, হারাবে অধিনায়ক লিটনকেও। আর তার পরিবর্তে যিনি দায়িত্ব সামলাবেন, সেই হৃদয় অধিনায়কত্বের অভিজ্ঞতা ও দক্ষতার বিচারে এখনো অনেকটা পিছিয়ে।

অন্যদিকে লিটনের জায়গায় ওয়ানডেতে কিপিংয়ের দায়িত্ব নিচ্ছেন জাকের আলী, নুরুল হাসান বা পারভেজ হোসেন ইমনরা। তিনজনের মধ্যে কারোরই ব্যাটিং এবং কিপিং বিশ্বমানের নয়।

তাই লিটন না খেললে বাংলাদেশের প্রতিটি বিভাগেই বড় ধরনের ঘাটতি তৈরি হচ্ছে। ব্যাটিং, উইকেটকিপিং এবং অধিনায়কত্ব—তিনটি বিভাগেই টেস্ট ও ওয়ানডে দলে তৈরি হচ্ছে বিশাল পার্থক্য।

ফলে প্রশ্নটা এসেই যায়, ৩৩ বছর বয়সী লিটনের কি একটি ফরম্যাট ছাড়ার সময় হয়েছে? টেস্টে কিপিংয়ের দায়িত্ব কি তার চালিয়ে যাওয়া উচিত? তিনি কি সাঙ্গাকারার মতো টেস্ট কিংবদন্তি হতে চাইবেন, নাকি ডি ভিলিয়ার্সের মতো ভুল করে পরে আফসোসে ভুগবেন?