Advertisement

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা কী, কেন কমছে মানবিক সহায়তা?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা কী, কেন কমছে মানবিক সহায়তা?
কক্সবাজারে নিজেদের অধিকার আদায়ে রোহিঙ্গাদের সমাবেশ। ফাইল ছবি: রয়টার্স।

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া শরণার্থীদের জীবন এখন কেমন? তারা কি পর্যাপ্ত খাবার, চিকিৎসা ও শিক্ষার সুযোগ পাচ্ছেন? দীর্ঘদিন শরণার্থী শিবিরে কাটানোর পর তাদের সামনে কি নিরাপদ ভবিষ্যতের কোনো পথ খুলছে?

Advertisement

এসব প্রশ্নের উত্তর খুঁজেছে তিনটি আন্তর্জাতিক সংস্থার যৌথ প্রতিবেদন। ‘বিটুইন বর্ডার্স: রিফিউজি রিয়েলিটিজ ইন থাইল্যান্ড অ্যান্ড বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনটি তৈরি করেছে সেটেলমেন্ট সার্ভিসেস ইন্টারন্যাশনাল (এসএসআই), অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়া এবং এশিয়া প্যাসিফিক রিফিউজি রাইটস নেটওয়ার্ক (এপিআরআরএন)। জুন মাসে বাংলাদেশ ও থাইল্যান্ডের মাঠপর্যায়ে পরিচালিত অনুসন্ধানের ভিত্তিতে তৈরি প্রতিবেদনটি প্রকাশিত হয় গত ২০ অক্টোবর।

প্রতিবেদনে দেখা গেছে, দুই দেশেই শরণার্থীদের প্রয়োজন বাড়ছে। কিন্তু একই সময়ে তাদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তা কমছে। ফলে খাবার, শিক্ষা, চিকিৎসা ও সুরক্ষার মতো জরুরি সেবা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়ছে। পাশাপাশি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার সুযোগও সীমিত হচ্ছে।

Advertisement
মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে আসছে রোহিঙ্গারা। ফাইল ছবি: রয়টার্স
মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে আসছে রোহিঙ্গারা। ফাইল ছবি: রয়টার্স

বাংলাদেশে রোহিঙ্গাদের পরিস্থিতি কী?

বাংলাদেশে বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে। ২০১৭ সালে মিয়ানমারে সহিংসতার মুখে পালিয়ে আসা এসব মানুষের বড় অংশের জীবন এখনো কক্সবাজারের শরণার্থী শিবিরেই সীমাবদ্ধ। তারা ৩৩টি ঘনবসতিপূর্ণ ক্যাম্প ও ভাসানচরে বসবাস করছে।

তবে রোহিঙ্গাদের সংখ্যা আরও বেড়েছে। ২০২৪ সালের শুরু থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা বৃদ্ধির পর নতুন করে প্রায় ১ লাখ ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ইউএনএইচসিআরের হিসাব অনুযায়ী, প্রতি সপ্তাহে নতুন করে ১৫০ থেকে ৭০০ জন রোহিঙ্গা বাংলাদেশে আসছে। এতে শিবিরগুলোতে জায়গার সংকট আরও বাড়ছে। একই সঙ্গে সীমান্তে পুশব্যাকের খবরও পাওয়া যাচ্ছে।

শরণার্থীর সংখ্যা বাড়লেও তাদের জন্য সহায়তার অর্থ কমছে। ২০২৬ সালের জন্য জাতিসংঘ ও সহযোগী সংস্থাগুলো ৭১০ কোটি ৫০ লাখ নয়, ৭১ কোটি ৫ লাখ মার্কিন ডলারের সংশোধিত মানবিক সহায়তার পরিকল্পনা করেছে। এই বরাদ্দ গত বছরের তুলনায় ২৬ শতাংশ কম। অর্থাৎ, প্রয়োজন বাড়লেও সহায়তা কমছে।

শিক্ষা ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ

রোহিঙ্গাদের সংকট শুধু খাবার, চিকিৎসা কিংবা আশ্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা পাওয়ার সুযোগও বড় উদ্বেগের বিষয়। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের (এনআরসি) মতে, মানবিক সহায়তার অর্থায়নে শিক্ষা খাতকে বাদ দেওয়া বা যথেষ্ট গুরুত্ব না দেওয়ার নেতিবাচক প্রভাব পড়ছে।

তবে সীমিত সম্পদের মধ্যেও রোহিঙ্গা-নেতৃত্বাধীন কিছু সংগঠন শিক্ষা ও সচেতনতামূলক কাজ চালিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে শান্তিমহিলা, রোহিঙ্গা ন্যাশনাল এডুকেশন বোর্ড এবং ইয়ুথ রোহিঙ্গা ডেভেলপমেন্ট।

নিরাপদ ভবিষ্যতের পথও খুব সীমিত। স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে যাওয়া কিংবা অন্য দেশে পুনর্বাসনের সুযোগ এখনো অপ্রতুল। নিরাপত্তা ও উন্নত জীবনের আশায় অন্তত ৪ হাজার ১৩৪ জন রোহিঙ্গা ইতোমধ্যে বিপজ্জনক সমুদ্রযাত্রা করেছেন। অস্ট্রেলিয়ায় রোহিঙ্গাদের জন্য পুনর্বাসনের সুযোগও সীমিত। সেখানে বর্তমান কোটা ৮০০টি।

কক্সবাজার সফরের অভিজ্ঞতা তুলে ধরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়ার শরণার্থী অধিকারবিষয়ক প্রচারক জাকি হায়দারি বলেন, তিনি জনাকীর্ণ শিবিরে শিক্ষার সুযোগ পাওয়ার চেষ্টা করা শিশুদের সঙ্গে কথা বলেছেন। দেখা করেছেন এমন পরিবারগুলোর সঙ্গে, যারা বছরের পর বছর নিরাপদ আবাসনের অপেক্ষায় রয়েছে। তার মতে, বছরের পর বছর নিপীড়ন ও বাস্তুচ্যুতির শিকার রোহিঙ্গাদের অনির্দিষ্টকাল শিবিরে কাটানোর কথা নয়। তাদের জীবন নতুন করে গড়ে তোলার সুযোগ প্রয়োজন।

সংকট মোকাবিলায় কী সুপারিশ এই তিন সংস্থার?

প্রতিবেদনে রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু জরুরি ত্রাণ দিয়ে দীর্ঘস্থায়ী এই সংকটের সমাধান সম্ভব নয়। প্রতিবেদনে বলা হয়, এখন প্রয়োজন দীর্ঘমেয়াদী অর্থায়ন ও স্থায়ী সমাধানের উদ্যোগ।

এ ছাড়া রোহিঙ্গা পরিস্থিতিকে দীর্ঘস্থায়ী সংকট হিসেবে স্বীকৃতি দেওয়া, শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো এবং স্থানীয় নেতৃত্বকে শক্তিশালী করার সুপারিশ করা হয়েছে। কারণ, রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় অর্ধেকের বয়স ১৮ বছরের নিচে। তাই তাদের জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে রোহিঙ্গা নারী ও তরুণদের নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ বাড়ানোর কথাও বলা হয়েছে।

প্রতিবেদনে মিয়ানমারের ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়ায় রোহিঙ্গাদের অধিকার এবং টেকসই প্রত্যাবাসনের বিষয়টি অন্তর্ভুক্ত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

সব মিলিয়ে, প্রতিবেদনটির মূল বক্তব্য হলো–বাংলাদেশে রোহিঙ্গাদের প্রয়োজন বাড়লেও আন্তর্জাতিক সহায়তা কমছে। দীর্ঘদিন শরণার্থী শিবিরে আটকে থাকা মানুষের জন্য শুধু জরুরি সহায়তা নয়, শিক্ষা, নিরাপত্তা ও ভবিষ্যৎ জীবনের নিশ্চয়তাও প্রয়োজন। এ দায়িত্ব শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক সম্প্রদায়কেও তা ভাগ করে নিতে হবে।