মানবাধিকার কর্মী ও আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সাবেক জ্যেষ্ঠ উপপরিচালক মোহাম্মদ টিপু সুলতানের (৬৮) মৃত্যুতে শোক প্রকাশ করেছে সংস্থাটি।
গতকাল শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আজ রোববার এক শোকবার্তায় তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
শোকবার্তায় বলা হয়, মোহাম্মদ টিপু সুলতান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন। তিনি ১৯৯৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত আসকের ইনভেস্টিগেশন ইউনিটে দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি দেশে নাগরিক ও রাজনৈতিক অধিকার সুরক্ষায় আসকের বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন। মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
শোকবার্তায় জানানো হয়, র্যাবের (বর্তমান এসআরবি) গুলিতে আহত কলেজছাত্র লিমন হোসেনের ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টাসহ মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনায় তিনি সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
দেশের প্রান্তিক পর্যায়ে মানবাধিকার সুরক্ষা কার্যক্রম বিস্তৃত করা, স্থানীয় পর্যায়ে মানবাধিকারকর্মীদের নেটওয়ার্ক গড়ে তোলা এবং স্বেচ্ছাসেবীদের সংগঠিত করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। দক্ষ মানবাধিকার প্রশিক্ষক হিসেবেও তিনি সুপরিচিত ছিলেন।
মানবাধিকারকর্মীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে শোকবার্তায় উল্লেখ করা হয়।
শোকবার্তায় আরও বলা হয়, মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার দীর্ঘদিনের নিষ্ঠা, সাহসী ভূমিকা ও অবদান আসকের সহকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশের মানবাধিকার আন্দোলনে এক শূন্যতার সৃষ্টি হলো।
আসক মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছে এবং তার শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।