কানাডার আলবার্টা প্রদেশের অন্যতম ব্যস্ত সামরিক ঘাঁটিতে একটি গুরুতর ঘটনার জেরে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কয়েকজন নিহত ও আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি।
শনিবার অটোয়ায় সাংবাদিকদের ম্যাকগিন্টি বলেন, “কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইটে একটি ঘটনায় প্রাণহানি ও আহত হওয়ার খবর জানাতে পেরে আমি গভীরভাবে শোকাহত।”
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
তবে কতজন নিহত বা আহত হয়েছে, কিংবা প্রদেশটির পূর্ব-মধ্যাঞ্চলে অবস্থিত ওই ঘাঁটিতে কী কারণে এই ‘মর্মান্তিক’ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তিনি কিছু জানাননি। ঘাঁটিটি এডমন্টন শহর থেকে প্রায় ২১০ কিলোমিটার (১৩০ মাইল) পূর্বে অবস্থিত।
প্রতিরক্ষামন্ত্রী জানান, শনিবার সন্ধ্যা পর্যন্ত সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ড চলছিল। তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে এমন কোনো ঘটনার কথা আমার মনে পড়ছে না।”
ম্যাকগিন্টি জানান, কানাডার সামরিক বাহিনী ও রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) ঘটনাটি তদন্ত করছে।
প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, কেন্দ্রীয় সরকার আলবার্টা প্রাদেশিক সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
জনশুমারির তথ্য অনুযায়ী, ২০২১ সালে কানাডিয়ান ফোর্সেস বেস (সিএফবি) ওয়েনরাইটে সামরিক ও বেসামরিক মিলিয়ে ১ হাজার ৩১০ জন কর্মী নিয়োজিত ছিল। প্রায় ৬ হাজার ৬০০ জনসংখ্যার ওয়েনরাইট শহরটি ঘাঁটির ঠিক উত্তরে অবস্থিত।
স্থানীয় পৌর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, আগুন ঘাঁটির সীমানাপ্রাচীর পেরিয়ে পাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত কাউকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়নি।
কানাডার প্রতিরক্ষা স্টাফের প্রধান জেনারেল জেনি ক্যারিগন সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, কানাডার সশস্ত্র বাহিনী কেন্দ্রীয়, প্রাদেশিক ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পুরোপুরি কাজ করছে।
তিনি বলেন, “আমাদের সদস্য, তাদের পরিবার এবং স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করাই এখন আমাদের প্রধান অগ্রাধিকার।”