লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পাটগ্রাম-বুড়িমারী মহাসড়কের ঘুন্টি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি বার্তা সংস্থা ইউএনবিকে নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে বুড়িমারী স্থলবন্দর থেকে অটোরিকশাটি পাটগ্রামের দিকে যাচ্ছিল। ঘুন্টি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওই অটোরিকশাকে ধাক্কা দিয়ে পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। সেই সঙ্গে আরও আটজন আহত হন।
পরে পাটগ্রাম ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।