Advertisement

খুলনার মাছের ঘের ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

খুলনার মাছের ঘের ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা
প্রতীকী ছবি

খুলনার ডুমুরিয়া উপজেলায় মাছের ঘের ব্যবসায়ী তরিকুল ইসলাম শেখকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

Advertisement

আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় একটি চায়ের দোকানে ঢুকে তার মাথায় গুলি করে দুর্বৃত্তরা।

Advertisement

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বটতলা এলাকার গফফারের চায়ের দোকানের ভেতরে বসেছিলেন তরিকুল ইসলাম। এ সময় হঠাৎ দুর্বৃত্তরা এসে দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় একাধিক সূত্র জানায়, হত্যাকারীরা তরিকুল ইসলামের পূর্বপরিচিত। তারা চায়ের দোকানে ঢুকে তার সঙ্গে কথা বলেন। একপর্যায়ে পরিচিত ব্যক্তিরা তাকে একটি সিগারেট খেতে দেন। তরিকুল ইসলাম সিগারেট নেওয়ার সময় তাদের একজন তার মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করেন।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করেছে।

হাফিজুর রহমান জানান, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।