
এনভিডিয়ায় ফিরতে চান জেনসেন হুয়াং, পথে কাঁটা বোর্ড ও ওয়াশিংটন
হুয়াং ফিরতে চাইলেও তার পথটি সহজ নয়। রয়টার্স এবং সিবিএস নিউজের সূত্রগুলো বলছে, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তাকে সিইও বা অন্য কোনো পদে ফিরিয়ে আনার বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না।
চরচা ডেস্ক

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির বিভিন্ন রেডিও স্টেশনে টানা তিন বছর কাজ করার সময় দেশটির সবচেয়ে বড় ট্যাবলয়েড পত্রিকা দ্য সান থেকে একটি বিশেষ খেতাব পেয়েছিলেন রাসেল ব্র্যান্ড। সেই খেতাবটি ছিল ‘শ্যাগার অব দ্য ইয়ার’ (বছরের সেরা লম্পট)।
ব্র্যান্ডের গড়ে তোলা বেপরোয়া তরুণের ভাবমূর্তির সঙ্গে অবশ্য এই খেতাব ছিল পুরোপুরি মানানসই। বিতর্কিত ও আপত্তিকর আচরণের মাঝামাঝি অবস্থান করে তিনি একসময় ব্রিটেনের অন্যতম জনপ্রিয় কৌতুক অভিনেতা হয়ে ওঠেন।
গত বৃহস্পতিবার ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ব্র্যান্ড দোষী সাব্যস্ত হওয়ার পর বিবিসি ও অন্য গণমাধ্যম প্রতিষ্ঠানের ভূমিকা আবারও আলোচনায় এসেছে। প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা তার আচরণে প্রশ্রয় দিয়েছিলেন, নাকি ইচ্ছাকৃতভাবে তা উপেক্ষা করেছিলেন—সে প্রশ্ন নতুন করে উঠেছে। একই সঙ্গে সমাজের বৃহত্তর পরিসরে কীভাবে তার বেপরোয়া আচরণ উপেক্ষিত হয়েছিল, সেটিও সামনে এসেছে।
বার্তা সংস্থা এপির বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
যৌন অসদাচরণবিষয়ক আইনজীবী অ্যান অলিভারিয়াস এক ইমেইল বার্তায় বলেন, “ব্র্যান্ড যখন সবচেয়ে বেশি জনপ্রিয় ছিলেন, তখন তার অনিয়ম ও অন্যায় আচরণ নিয়োগকর্তারা প্রশ্রয় দিয়েছেন কিংবা উপেক্ষা করেছেন। ন্যায্যতার খাতিরে বলতে হয়, সাধারণ মানুষও তা-ই করেছে।”
বিবিসি গত বছর এমন এক নীরবতার সংস্কৃতির জন্য ক্ষমা চেয়েছিল, যার কারণে ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত তাদের রেডিও স্টেশনগুলোতে ব্র্যান্ডের আচরণ নিয়ে কর্মীরা অভিযোগ জানাতে পারেননি। তাদের ধারণা ছিল, ব্র্যান্ড এতটাই ক্ষমতাবান যে তার বিরুদ্ধে অভিযোগ তোলা সম্ভব নয়।
ব্র্যান্ড দোষী সাব্যস্ত হওয়ার পর বিবিসি আবারও ক্ষমা চেয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে বিবিসি বলেছে, “ব্র্যান্ডের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করতে না পারার অনুভূতি কিছু মানুষের মধ্যে ছিল—এটি আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। সে সময়ের সংস্কৃতি ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতার জন্য ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে আমরা ক্ষমা চেয়েছি।”
গণমাধ্যমের নিজস্ব অনুসন্ধানেই সামনে আসে অভিযোগ
২০২৩ সালে দ্য টাইমস ও চ্যানেল ফোরের যৌথ অনুসন্ধানে কয়েকজন নারী ব্র্যান্ডের বিরুদ্ধে যৌন নির্যাতন ও অবমাননাকর আচরণের অভিযোগ তোলেন। এরপরই বিবিসি অভ্যন্তরীণ তদন্ত শুরু করে।
পরবর্তী সময়ে প্রকাশিত প্রতিবেদন ও প্রামাণ্যচিত্রের পর আরও কয়েকজন নারী সামনে আসেন। তাদের দেওয়া সাক্ষ্য-প্রমাণই শেষ পর্যন্ত ব্র্যান্ডের দণ্ডাদেশের পথ তৈরি করে। তবে বিবিসিতে রেডিও উপস্থাপক কিংবা চ্যানেল ফোরে টেলিভিশন উপস্থাপক হিসেবে কাজ করার সময় ব্র্যান্ডের অসদাচরণ কোনো গোপন বিষয় ছিল না।
উদাহরণ হিসেবে, নিজের স্মৃতিকথায় তিনি লিখেছিলেন, বিবিসির রেডিও স্টেশন সিক্স মিউজিকের প্রতিযোগিতায় বিজয়ী নারীদের সঙ্গে তিনি রেডিও স্টেশনের প্রতিবন্ধীবান্ধব শৌচাগারে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিলেন।
বিপণন পরামর্শক প্রতিষ্ঠান মেটাফোর্সের সহপ্রতিষ্ঠাতা অ্যালেন অ্যাডামসন বলেন, “কেউ কখনো রাসেল ব্র্যান্ডকে আদর্শ বালক বলে ভুল করেনি। শুরু থেকেই তার ভাবমূর্তি ছিল প্রাপ্তবয়স্কদের উপযোগী, অশ্লীল ও বিতর্কিত।”
বৃহস্পতিবার ৫১ বছর বয়সী ব্র্যান্ডকে একজন নারীকে ধর্ষণ এবং আরও তিন নারীকে যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে ধর্ষণের আরও দুটি অভিযোগ এবং শালীনতাবিরোধী যৌন নিপীড়নের চেষ্টার একটি অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আগামীকাল সোমবার তার সাজা ঘোষণা করা হবে।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা সুপারিনটেনডেন্ট অ্যান্ডি ফার্ফি এ রায়কে অভিযোগ নিয়ে সামনে আসা নারীদের ‘অসাধারণ সাহস, প্রতিকূলতা মোকাবিলার শক্তি ও দৃঢ়সংকল্পের প্রমাণ’ বলে অভিহিত করেছেন।
ফার্ফি বলেন, “ব্র্যান্ড তার প্রভাব, অবস্থান ও খ্যাতি ব্যবহার করে নারীদের শোষণ করেছেন এবং তাদের বিরুদ্ধে যৌন অপরাধ করেছেন। তার পরিচিতি যত বেড়েছে, ততই তার মধ্যে নিজেকে সবকিছুর ঊর্ধ্বে ভাবার প্রবণতা বেড়েছে।”
বিবিসি ব্র্যান্ডের বিরুদ্ধে আটটি অভিযোগ তদন্ত করেছিল। এর মধ্যে শুধু একটি অভিযোগ—কর্মীদের সামনে একটি কাপে প্রস্রাব করার ঘটনা—তার রেডিও স্টেশনে কর্মরত থাকাকালে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল। পর্যালোচনায় দেখা যায়, অভিযোগটি ‘কার্যকরভাবে মোকাবিলা করা হয়নি’।
বিবিসির সহনশীল এক ঊর্ধ্বতন কর্মকর্তার কথা স্মৃতিকথায় লিখেছিলেন ব্র্যান্ড
নিজের দ্বিতীয় স্মৃতিকথা মাই বুকি উক ২-এ ব্র্যান্ড লিখেছিলেন, সে সময় বিবিসি রেডিও টুর নিয়ন্ত্রক লেসলি ডগলাস তার আচরণের ব্যাপারে ‘অবিশ্বাস্য রকমের সহনশীল’ ছিলেন। ডগলাস তাকে যে ‘প্রচুর স্বাধীনতা’ দিয়েছিলেন, তিনি তার সুযোগ নিয়েছিলেন বলেও স্বীকার করেন।
তবে সরাসরি সম্প্রচারে এক নারী সংবাদপাঠিকা খবর পড়ার সময় তিনি তার টেবিলের নিচে গিয়ে তার সঙ্গে অন্তরঙ্গ যৌন আচরণ করবেন বলে মন্তব্য করার ঘটনাটিকে তিনি নিজের সীমা ছাড়িয়ে যাওয়া বলে স্বীকার করেছিলেন।
ব্র্যান্ডের ভাষ্য অনুযায়ী, ওই সংবাদপাঠিকা এতে ‘কিছুটা মনঃক্ষুণ্ন’ হয়েছিলেন।
বিবিসির দীর্ঘদিনের রেডিও উপস্থাপক লিজ কারশো বৃহস্পতিবার দ্য টেলিগ্রাফ-এ লিখেছেন, ২০০৬ সাল থেকেই ব্র্যান্ডের আচরণে বিবিসি কর্তৃপক্ষের প্রশ্রয় দেওয়ার বিষয়টি নিয়ে তিনি ব্যবস্থাপনার কাছে অভিযোগ জানিয়ে আসছিলেন।
কারশো লিখেছেন, “গণমাধ্যমের সবচেয়ে ক্ষমতাধর কয়েকজন ব্যক্তির হাতেই ব্র্যান্ড তৈরি হয়েছিলেন। তারা তার প্রতি মোহাবিষ্ট ছিলেন। তাকে আরও উৎসাহিত করা হয়েছিল। তিনি ছিলেন তাদের প্রদর্শনীর পুতুল। তিনি ভালো টেলিভিশন অনুষ্ঠান উপহার দিতেন। আর তার সহকর্মীরা ছিলেন এর পার্শ্বক্ষতি।”
২০০৮ সালে সরাসরি সম্প্রচারে একটি কৌতুকপূর্ণ ফোনালাপের ঘটনায় শেষ পর্যন্ত সীমা ছাড়িয়ে যান ব্র্যান্ড। এর পর তাকে পদত্যাগ করতে হয়।
১৯৭০-এর দশকের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ফল্টি টাওয়ার্স-এর অভিনেতা অ্যান্ড্রু স্যাকসকে ফোন করে ব্র্যান্ড একটি বার্তা রেখে যান। তাতে তিনি স্যাকসের নাতনির সঙ্গে যৌন সম্পর্কের দাবি করেন এবং অশালীন শব্দ ব্যবহার করেন।
এ ঘটনার পর রেডিও টু থেকে পদত্যাগ করেন ব্র্যান্ড। পাশাপাশি ব্রিটেনের সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা বিবিসিকে রেকর্ড ১ লাখ ৫০ হাজার পাউন্ড জরিমানা করে। সে সময় এর মূল্য ছিল ২ লাখ ১৯ হাজার ডলার।
চ্যানেল ফোরের একটি প্রামাণ্যচিত্র ব্র্যান্ডের বিরুদ্ধে অভিযোগগুলো সামনে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, তার বিরুদ্ধে বিচারাধীন একটি ফৌজদারি অভিযোগের সঙ্গেও প্রতিষ্ঠানটির যোগসূত্র ছিল। চ্যানেলটিতে টেলিভিশন উপস্থাপক হিসেবে কাজ করার সময়কার ওই অভিযোগের বিষয়ে ২০২৪ সালে এক সাবেক কর্মীর কাছে ক্ষমা চায় চ্যানেল ফোর। অভ্যন্তরীণ পর্যালোচনায় দেখা যায়, ২০০৯ সালে ওই কর্মী ব্র্যান্ডের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জানালেও তা তদন্ত করা হয়নি।
বৃহস্পতিবার ব্র্যান্ডকে ২০০৯ সালে চ্যানেল ফোরের একটি প্রকল্পে কাজ করার সময় এক সাবেক কর্মীকে যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত করা হয়।

ওই কর্মী আদালতে সাক্ষ্য দেন, ব্র্যান্ডের দলের দুজন সদস্য তাকে ব্র্যান্ডের শরীর মালিশ করে দিতে বলেন। এরপর যখন ওই কৌতুক অভিনেতা তার মাথা ওই নারীর ঊরুসন্ধিতে ঢুকিয়ে দেন তখন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকেন।
ব্র্যান্ডের সহযোগী জ্যাক বেইলস আদালতে সাক্ষ্য দেননি। তবে এক বিবৃতিতে তিনি বলেন, ঘটনাটি তার মনে নেই। কিন্তু সে সময় কিছু একটা ঘটে যাওয়ার বিষয়টি ধরতে না পারায় কিংবা এর ফলে ওই নারীর মানসিক বিপর্যয় বুঝতে ব্যর্থ হওয়ায় তিনি দুঃখিত।
বেইলস বলেন, “আমি তখন আমার কর্মজীবনের একেবারে শুরুর দিকে ছিলাম। কাজের পরিবেশ ছিল উন্মত্ত, প্রচণ্ড চাপপূর্ণ ও বিষাক্ত। ব্র্যান্ড ছিলেন বিশৃঙ্খল, অন্যদের প্রতি অবজ্ঞাপূর্ণ এবং আশপাশের মানুষকে নিজের স্বার্থে ব্যবহার করতেন।”
তিনি জানান, ২০১০ সালে ব্র্যান্ডের সঙ্গে কাজ বন্ধ করে দেন এবং এরপর আর তার সঙ্গে যোগাযোগ রাখেননি।
বিশেষজ্ঞদের মতে, ব্র্যান্ডের অশালীন ভাবমূর্তি হয়তো ছিল আগাম আত্মপক্ষ সমর্থনের কৌশল
কয়েকজন বিশ্লেষক মনে করেন, ব্র্যান্ডের বিতর্কিত ও বেপরোয়া ভাবমূর্তিই হয়তো তাকে অপরাধমূলক কর্মকাণ্ডের সন্দেহ থেকে আড়াল করে রেখেছিল।
বিপণন পরামর্শক অ্যাডামসন বলেন, ব্র্যান্ডের পরিচিতির সঙ্গে জড়িয়ে ছিল ‘যৌনতা, মাদক, খোলা শার্ট আর কামুক দৃষ্টি’। তার ভাষায়, “এ কারণেই তার আচরণ কখনো সতর্কসংকেত হিসেবে বিবেচিত হয়নি। কারণ, তিনি নিজের ভাবমূর্তি এভাবেই বাজারজাত করছিলেন।”
অ্যাডামসন মনে করেন, সে সময়ের গণমাধ্যমও এ দায় এড়াতে পারে না।
তিনি বলেন, “গণমাধ্যম শুধু তার ভাবমূর্তি তুলে ধরেনি, বরং সেই ভাবমূর্তি তৈরিতেও অংশ নিয়েছে। কোনো জাতীয় পত্রিকা যদি টানা তিন বছর নারীসঙ্গের জন্য কাউকে পুরস্কার দেয়, তাহলে সে কিছু লুকাচ্ছে না। বরং নিজের ব্র্যান্ড বা পরিচিতি তৈরি করছে।”
আইনজীবী ও নারীবিদ্বেষবিরোধী আন্দোলনকর্মী শাইয়েন হান্ট মনে করেন, ব্র্যান্ডের অশালীন আচরণ অনেকটা আগাম আত্মপক্ষ সমর্থনের ঢাল হিসেবে কাজ করেছে।
হান্ট বলেন, ব্র্যান্ডের মতো কেউ এমন একটি ব্যক্তিত্ব বা ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করেন, যাতে কেউ তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে সামনে এলে তিনি বলতে পারেন, “আচ্ছা, আপনি কি ভেবেছিলেন, কী ঘটতে যাচ্ছে?”
যুক্তরাষ্ট্রের রাজনীতিক এরিক সোয়ালওয়েল ও গ্রাহাম প্ল্যাটনারের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ প্রকাশে ভূমিকা রাখার পর হান্ট ‘রিকনিং অ্যাকশন’ নামের সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তিনি এর নেতৃত্ব দিচ্ছেন।
হান্টের মতে, এ ক্ষেত্রে কৌতুকের ভূমিকাও গুরুত্বপূর্ণ ছিল।
তিনি বলেন, “আমি মানুষকে বলি, ভাঁড় ও বিদূষকদের ব্যাপারে সতর্ক থাকুন। কারণ, তাদের আচরণ এমনভাবে উপস্থাপিত হয় যেন তারা নিছক মজা করছেন কিংবা কোনো উদ্ভট কৌতুক করছেন। ফলে মানুষ তাদের কথাকে গুরুত্ব দিয়ে নেয় না। কিন্তু তারা আসলে এমন একটি পরিবেশ তৈরি করেন, যেখানে তারা যা করার কথা বলছেন, ঠিক সেটিই করার সামাজিক অনুমোদন তৈরি হয়।”
তিনি আরও বলেন, “রাসেল ব্র্যান্ডের আচরণও ঠিক এ রকমই ছিল। আমার মনে হয়, একই কৌশল অনুসরণ করা আরও অনেকের কাছ থেকেই তিনি এটি শিখেছেন।”

এনভিডিয়ায় ফিরতে চান জেনসেন হুয়াং, পথে কাঁটা বোর্ড ও ওয়াশিংটন
হুয়াং ফিরতে চাইলেও তার পথটি সহজ নয়। রয়টার্স এবং সিবিএস নিউজের সূত্রগুলো বলছে, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তাকে সিইও বা অন্য কোনো পদে ফিরিয়ে আনার বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না।

‘গর্দান নামায়া দে’: র্যাপ গান ও ভিডিওতে আওয়ামীপন্থীদের অ্যাকাউন্টে সহিংসতার আহ্বান
দুপুরের পর সহিংসতা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ছড়িয়ে পড়ে। দুপুর ২টা থেকে সন্ধ্যার মধ্যে টুঙ্গিপাড়ার কয়েকটি স্থানে উপজেলা যুবদল কার্যালয় এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়।

মানুষের চেয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে কাক!
‘বার্ডব্রেইন’ শব্দটি দিয়ে বোকামি বোঝানোর প্রচলিত ধারণা বৈজ্ঞানিকভাবে ক্রমেই অযৌক্তিক হয়ে উঠছে। কাকের মস্তিষ্ক আসলে প্রকৃতির তৈরি এক অত্যন্ত কার্যকর তথ্য বিশ্লেষণ ব্যবস্থা।

সরকার ও বড় করপোরেট ঋণের ওপরই ব্যাংকগুলো কেন নির্ভরশীল?
দেশের ব্যাংকগুলোর কাছ থেকে বেশি ঋণ পাচ্ছে সরকার ও দেশের বড় বড় শিল্পগ্রুপ। একদিকে বাজেট ঘাটতি মেটাতে ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে সরকার, অন্যদিকে বড় শিল্পগ্রুপগুলো ব্যাংকঋণের বড় একটা অংশ নিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষুদ্র উদ্যোক্তারা ঋণ পাচ্ছেন না। কিন্তু কেন ব্যাংকগুলো এই দুই খাতের