
এনভিডিয়ায় ফিরতে চান জেনসেন হুয়াং, পথে কাঁটা বোর্ড ও ওয়াশিংটন
হুয়াং ফিরতে চাইলেও তার পথটি সহজ নয়। রয়টার্স এবং সিবিএস নিউজের সূত্রগুলো বলছে, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তাকে সিইও বা অন্য কোনো পদে ফিরিয়ে আনার বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রায় এক কর্মীকে লাথি মারার ঘটনায় আলোচনায় এসেছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। শোভাযাত্রার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। কেউ ঘটনাটিকে শৃঙ্খলা রক্ষার চেষ্টা হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, একজন প্রতিমন্ত্রীর এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেমন সমালোচনা চলছে, তেমনি রাজিব আহসানের পক্ষে অবস্থান নিয়েছেন তার রাজনৈতিক সহকর্মীদের কেউ কেউ। যাকে লাথি মারা হয়েছে, সেই কর্মীও বলছেন, তার নেতা তাকে শাসন করেছেন। তবে রাজনৈতিক বিশ্লেষক ও সমাজবিজ্ঞানীদের মতে, শৃঙ্খলা রক্ষার যুক্তিতেও কাউকে লাথি মারা সমর্থনযোগ্য নয়। তাদের প্রশ্ন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা বলা হলেও দায়িত্বশীল নেতাদের আচরণে তার প্রতিফলন কতটা ঘটছে?
গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীতে শোভাযাত্রার আয়োজন করা হয়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শেষ হয় মানিক মিয়া অ্যাভিনিউয়ে। এতে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শোভাযাত্রাকে ঘিরে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
শোভাযাত্রা শেষে রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও ক্লিপ। এতে দেখা যায়, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান একজনকে লাথি মারছেন। পরে খোঁজ নিয়ে জানা যায়, লাথির শিকার ব্যক্তির নাম শফিকুল ইসলাম শফিক। তিনি লালবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য।
সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও পাল্টা বক্তব্য
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। রিফাত হোসেন নামে একজন ফেসবুকে লিখেছেন, “একজন প্রতিমন্ত্রী কীভাবে সবার সামনে একজন কর্মীর গায়ে লাথি মারতে পারেন? একজন কর্মী কি মানুষ নন? তাঁর কি আত্মসম্মান, মর্যাদা ও সম্মানবোধ নেই?”
রাজিব আহসানকে উদ্দেশ করে তিনি আরও লিখেছেন, “কর্মীরা না থাকলে আজ তারা মন্ত্রী হওয়ার অবস্থানে পৌঁছাতে পারতেন না। যাদের ঘাম, শ্রম, ত্যাগ ও পরিশ্রমের বিনিময়ে ক্ষমতার চেয়ারে বসেছেন, তাদেরই অপমান করা হচ্ছে। কর্মীরাই একটি রাজনৈতিক দলের মূল শক্তি। কর্মীদের অবদান অস্বীকার করে কোনো নেতৃত্ব টিকে থাকতে পারে না।”
ক্ষমতা চিরস্থায়ী নয় উল্লেখ করে তিনি ক্ষমতার দম্ভ থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। তার ভাষায়, “অহংকার পতনের মূল। জনগণের দেওয়া দায়িত্বকে ব্যক্তিগত আধিপত্য মনে করা উচিত নয়।”
এবিএম তৌহিদুল ইসলাম আদনান নামে আরেকজন লিখেছেন, “এই মন্ত্রীকে বহিষ্কার করা হোক।”
তবে রাজিব আহসানের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে অবস্থান নিয়েছেন তার রাজনৈতিক সহকর্মীরা। স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সরদার নুরুজ্জামান এক ফেসবুক পোস্টে রাজিব আহসানকে ‘এক উজ্জ্বল নক্ষত্র’ হিসেবে উল্লেখ করেন।

রাজিব আহসানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হলের প্রথম বর্ষ থেকে পরিচয়ের কথা তুলে ধরে তিনি লেখেন, খুব কাছ থেকে রাজিবকে তিনি দেখেছেন। গত ৭ নভেম্বরের ঘটনার সময় তিনিও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানান।
সরদার নুরুজ্জামানের ভাষ্য, সামনের সারির শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে গিয়ে রাজিব আহসান হিমশিম খাচ্ছিলেন। এর মধ্যে কিছু কর্মী তার গায়ের ওপর উঠে সেলফি তুলতে ব্যস্ত ছিলেন। বারবার অনুরোধ করার পরও তারা সেদিকে নজর দেননি।
তার দাবি, শৃঙ্খলা ফেরাতে রাগের বশবর্তী হয়ে রাজিব একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছেন। তার দৃষ্টিতে, এটি খুব বড় কোনো ঘটনা নয়। নেতা কর্মীকে ভালোবাসতে জানেন, আবার শাসনও করতে জানেন।
পোস্টে তিনি আরও দাবি করেন, ঘটনাটি নিয়ে একটি পক্ষ রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। রাজিব আহসানকে বিতর্কিত করতে পারলে সুবিধাবাদীদের লাভ হবে বলেও মন্তব্য করেন তিনি।
লাথির শিকার কর্মী বললেন, ‘নেতা আমাকে শাসন করেছেন’
যাকে লাথি মারা হয়েছে, সেই শফিকুল ইসলাম শফিক চরচাকে বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা অনুষ্ঠিত হল। সেখানে আমরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে হাজির হয়েছি। সেখানে আমার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে। এটা আমি শোভাযাত্রা শেষে পরদিন সকালে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি যে, আমার নেতার সঙ্গে আমার দূরত্ব তৈরি করার জন্য ষড়যন্ত্র করছে একটা পক্ষ। আমি মনে করি আমার নেতা আমাকে শাসন করেছে।”
অর্থাৎ, ঘটনাটিকে তিনি নিজের প্রতি নেতার শাসন হিসেবেই দেখছেন। তার বক্তব্যে এ নিয়ে কোনো অভিযোগের সুর পাওয়া যায়নি।
দলের ভেতরেও অস্বস্তি
ঘটনাটি নিয়ে সরকারের ভেতরেও অস্বস্তি রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সরকারের একজন প্রতিমন্ত্রী চরচাকে বলেন, “একজন প্রতিমন্ত্রী হয়ে তার কর্মীর সঙ্গে যে আচরণ করেছে, এটা দলের জন্য যেমন বিব্রতকর, তেমনি সরকারের জন্যও বিব্রতকর। প্রধানমন্ত্রী যেভাবে সংযত আচরণ করেন, দায়িত্বশীলদেরও সংযত হওয়া উচিত এবং এই দায়িত্বশীলদের থেকেই অন্যরা আচরণ শিখবে।”
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান চরচাকে বলেন, “রাজিব ভাইয়ের ক্ষেত্রে এমন হওয়ার কথা না। কারণ, তিনি ছাত্রদলের সভাপতি ছিলেন। হয়তো তার অ্যাবসেন্ট মাইন্ডে এটা ঘটেছে।”
অন্যদিকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এমপি চরচাকে বলেন, “এটা কীসের লাথি? দ্রুত সরে যাওয়ার জন্য।”
এটি কি ক্ষমতাকেন্দ্রিক দাম্ভিকতার বহিঃপ্রকাশ
ঘটনাটিকে রাজনৈতিক সংস্কৃতির দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক।
ড. তৌহিদুল হক চরচাকে বলেন, “একজন প্রতিমন্ত্রী বা সংসদ সদস্য তার কর্মীর সঙ্গে যে অসৌজন্যমূলক আচরণ করেছেন, তা আসলে ক্ষমতাকেন্দ্রিক দাম্ভিকতা কিংবা ক্ষমতাকেন্দ্রিক উচ্ছৃঙ্খল মানসিকতাকে নির্দেশ করে। আমরা যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা বলছি, সেই পরিবর্তন কেবল বাংলাদেশে বিবৃতিতে আছে; আচরণের মধ্যে তা খুঁজে পাওয়া যায় না। বরং যারা যে রাজনৈতিক অবস্থানে আছেন, তারা নিজেদের চেয়ে নিচের পদমর্যাদার নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে নানা ধরনের অগণতান্ত্রিক কৌশল অবলম্বন করছেন। একই সঙ্গে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণও করছেন।”

ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ার প্রসঙ্গ তুলে এই সমাজবিজ্ঞানী বলেন, “একজন প্রতিমন্ত্রী হয়তো ভাবেননি, তার এই আচরণ ক্যামেরায় ধরা পড়বে বা কারও দৃষ্টিগোচর হবে। তার মানে, এ ধরনের পরিস্থিতি হরহামেশাই ঘটে। কে ঘটাচ্ছেন বা কার মাধ্যমে ঘটছে, সেটি ভিন্ন বিষয়। আমরা দেখি, বড় রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতেও একই ধরনের চিত্র রয়েছে।”
রাজনৈতিক কর্মসূচিতে জনসমাগম বাড়ানোর প্রবণতা ব্যাখ্যা করে ড. তৌহিদুল হক বলেন, “দলগুলোর নিজেদের নেতা-কর্মীদের অংশগ্রহণের পাশাপাশি নানা কৌশলে, প্রভাব বিস্তার করে বিভিন্ন পর্যায় থেকে মানুষকে একত্র করা হয়। এর মাধ্যমে সমাবেশের পরিসর বড় করে দেখানোর চেষ্টা থাকে। এর একটি রাজনৈতিক কদর ও মূল্য রয়েছে। তবে এর সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধের যোগসূত্র নেই। বরং এটি বিশেষ শক্তির একধরনের প্রদর্শন। আর তা করতে গিয়ে এ ধরনের উচ্ছৃঙ্খল আচরণের সৃষ্টি হয়।”
তৌহিদুল হক বলেন, “নিজেদের নেতা-কর্মী কিংবা অর্থের বিনিময়ে অথবা অনুরোধে যারা রাজনৈতিক কর্মসূচিতে আসেন, তারা এ ধরনের আচরণের কারণে আশাহত হন। ক্ষমতার সমাজতত্ত্বে এ ধরনের আচরণ অনাকাঙ্ক্ষিত। এ ধরনের ঘটনা ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ও নেতা-কর্মীদের মধ্যে রাজনীতি সম্পর্কে যে বীতশ্রদ্ধ মনোভাব ও অনীহা রয়েছে, তা আরও বাড়িয়ে দেয়।”
প্রধানমন্ত্রী তারেক রহমানের আচরণ ও রাজনৈতিক ভাবমূর্তির প্রসঙ্গ টেনে ড. তৌহিদুল হক বলেন, প্রধানমন্ত্রীর পোশাক, কথাবার্তায় নমনীয়তা, জনসম্পৃক্ত আচরণ ও ধৈর্যের যে প্রকাশ দেখা যাচ্ছে, তা বাংলাদেশের রাজনীতিতে নতুন। মানুষ তার এই পরিবর্তনকে সাদরে গ্রহণ করেছে এবং একে রাজনৈতিক পরিবর্তনের অংশ হিসেবে বিবেচনা করছে।
তবে শুধু একজন প্রধানমন্ত্রীর আচরণ পরিবর্তনের মাধ্যমে পুরো দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনা কঠিন বলে মনে করেন তিনি। তার মতে, প্রধানমন্ত্রী যদি মন্ত্রিসভার সদস্য ও নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে নিজের এই আচরণগত পরিবর্তন আরও কার্যকরভাবে ছড়িয়ে দিতে পারেন এবং তাদের উদ্বুদ্ধ করতে পারেন, তাহলে বড় ধরনের পরিবর্তন সম্ভব।
ড. তৌহিদুল হক বলেন, “আমাদের দেশের রাজনৈতিক চর্চায় আনুগত্য, নিজের লোক, সাংগঠনিক জবাবদিহি কিংবা দলের স্বার্থে কী ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হলো, তার চেয়ে দল কতটা লাভবান হলো–এই বিষয়টি বেশি গুরুত্ব পায়। ফলে মানুষের মধ্যে রাজনৈতিক সংস্কৃতির গুণগত পরিবর্তন নিয়ে প্রশ্ন তৈরি হয়। আমরা চাই, এ ধরনের আচরণের জবাবদিহি নিশ্চিত হোক।”
শৃঙ্খলা ফেরানোর যুক্তিতে এ ধরনের আচরণকে সমর্থনের বিষয়ে তিনি বলেন, “বড় রাজনৈতিক কর্মসূচি শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালনা করতে সাংগঠনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের অনেক চাপ সামলাতে হয়। এ কারণে কখনো তারা ধৈর্য হারাতে পারেন বা মেজাজ ধরে রাখতে ব্যর্থ হতে পারেন। তবে যারা দায়িত্বে ও পদমর্যাদায় বড়, তাদের আরও বেশি সহনশীল ও ধৈর্যশীল হওয়া প্রয়োজন। গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে পরিস্থিতি মোকাবিলা করে কর্মসূচি সম্পন্ন করার চেষ্টা করতে হবে।”
এর যুক্তি হিসেবে এই সমাজবিজ্ঞানী বলেন, “নেতাদের আচরণের মধ্য দিয়েই অন্য নেতা-কর্মীরা শেখেন। সেখানে দাম্ভিকতা, উচ্ছৃঙ্খলতা কিংবা গণতান্ত্রিক মূল্যবোধবহির্ভূত আচরণ তাদের আশাহত করে। এ ক্ষেত্রে স্পষ্টভাবে বলা প্রয়োজন, এ ধরনের আচরণের জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং রাজনৈতিক নেতা-কর্মীদের এ ঘটনা থেকে শিক্ষা নিতে হবে।”
লাথি মারা কোনো সভ্য সংস্কৃতির অংশ নয়
রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন খান মোহন চরচাকে বলেন, “ঘটনার পুরোটা আমি জানি না। শুধু ভিডিও ক্লিপটি দেখেছি। শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য হোক, দলীয় শৃঙ্খলা রক্ষার জন্য হোক কিংবা মিছিলের সৌন্দর্য রক্ষার জন্যই হোক, কাউকে লাথি মারা আমি কোনোভাবেই সমর্থন করব না। এটা অসভ্যতা, বর্বরতা। শৃঙ্খলাভঙ্গ হলে তা নিয়ন্ত্রণের অনেক পন্থা আছে। কিন্তু লাথি মারা কোনো সভ্য সংস্কৃতির মধ্যে পড়ে না।”
প্রধানমন্ত্রী তারেক রহমানের নমনীয় ও জনসম্পৃক্ত রাজনৈতিক আচরণের মাধ্যমে ইতিবাচক ভাবমূর্তি তৈরির প্রচেষ্টার প্রসঙ্গ টেনে মহিউদ্দিন খান মোহন বলেন, “সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিরা যদি প্রধানমন্ত্রীর আচরণ ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে না পারেন, তাহলে তার সব প্রচেষ্টাই বাধাগ্রস্ত হবে। কারণ, প্রধানমন্ত্রী একজন ব্যক্তি, একই সঙ্গে একটি প্রতিষ্ঠানও। তিনি একা সবকিছু করতে পারবেন না। তার সঙ্গে যারা থাকবেন, তার সহযোগী ও দায়িত্বশীল ব্যক্তিরা যদি তার মতো আচরণ না করেন, তাহলে তাঁর সমস্ত প্রচেষ্টাই বিপদে পড়বে।”
জবাব দেননি রাজীব আহসান
এ বিষয়ে বক্তব্য জানতে প্রতিমন্ত্রী রাজিব আহসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে চরচা। তবে তিনি ফোন রিসিভ করেননি। তার হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি।

এনভিডিয়ায় ফিরতে চান জেনসেন হুয়াং, পথে কাঁটা বোর্ড ও ওয়াশিংটন
হুয়াং ফিরতে চাইলেও তার পথটি সহজ নয়। রয়টার্স এবং সিবিএস নিউজের সূত্রগুলো বলছে, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তাকে সিইও বা অন্য কোনো পদে ফিরিয়ে আনার বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না।

‘গর্দান নামায়া দে’: র্যাপ গান ও ভিডিওতে আওয়ামীপন্থীদের অ্যাকাউন্টে সহিংসতার আহ্বান
দুপুরের পর সহিংসতা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ছড়িয়ে পড়ে। দুপুর ২টা থেকে সন্ধ্যার মধ্যে টুঙ্গিপাড়ার কয়েকটি স্থানে উপজেলা যুবদল কার্যালয় এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়।

মানুষের চেয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে কাক!
‘বার্ডব্রেইন’ শব্দটি দিয়ে বোকামি বোঝানোর প্রচলিত ধারণা বৈজ্ঞানিকভাবে ক্রমেই অযৌক্তিক হয়ে উঠছে। কাকের মস্তিষ্ক আসলে প্রকৃতির তৈরি এক অত্যন্ত কার্যকর তথ্য বিশ্লেষণ ব্যবস্থা।

সরকার ও বড় করপোরেট ঋণের ওপরই ব্যাংকগুলো কেন নির্ভরশীল?
দেশের ব্যাংকগুলোর কাছ থেকে বেশি ঋণ পাচ্ছে সরকার ও দেশের বড় বড় শিল্পগ্রুপ। একদিকে বাজেট ঘাটতি মেটাতে ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে সরকার, অন্যদিকে বড় শিল্পগ্রুপগুলো ব্যাংকঋণের বড় একটা অংশ নিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষুদ্র উদ্যোক্তারা ঋণ পাচ্ছেন না। কিন্তু কেন ব্যাংকগুলো এই দুই খাতের