যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র। বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি, সামরিক শক্তি ও উচ্চশিক্ষা—প্রায় প্রতিটি ক্ষেত্রেই দেশটির অসাধারণ সাফল্য রয়েছে। পাঁচ দশকেরও বেশি আগে মানুষকে চাঁদে পাঠানোর মতো ঐতিহাসিক অর্জন যেমন যুক্তরাষ্ট্রের রয়েছে, তেমনি বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় বেশি নোবেল পুরস্কার পাওয়ার কৃতিত্বও তাদের।
কিন্তু একটি দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সাফল্য কি তার গণতন্ত্রের সফলতার নিশ্চয়তা দেয়? যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিয়ে সাম্প্রতিক বিতর্কে এই মৌলিক প্রশ্নটিই সামনে এসেছে। বিতর্কের এক পক্ষের যুক্তি, যুক্তরাষ্ট্র এখনো মহান রাষ্ট্র হলেও তার গণতান্ত্রিক ব্যবস্থা ক্রমেই ব্যর্থতার দিকে এগোচ্ছে। কারণ, রাষ্ট্রের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সাধারণ মানুষের প্রভাব কমছে এবং অর্থনৈতিক অভিজাতদের নিয়ন্ত্রণ বাড়ছে।
যুক্তরাষ্ট্রে পাঁচ দশকেরও বেশি সময় ধরে যাতায়াত ও বসবাসের অভিজ্ঞতায় আমার কাছে একসময় দেশটিকে সুখী ও আশাবাদী সমাজ বলে মনে হতো। কিন্তু বর্তমান পরিস্থিতি সেই চিত্র থেকে অনেকটাই আলাদা। যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের সংকট বুঝতে হলে তিনটি প্রশ্নের উত্তর খুঁজতে হবে: গণতন্ত্র কীভাবে ব্যর্থ হচ্ছে, কেন ব্যর্থ হচ্ছে এবং এই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো পথ আছে কি না।
গণতন্ত্রের সাফল্য শুধু নির্বাচনের আয়োজন কিংবা নাগরিকদের ভোট দেওয়ার অধিকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং গণতন্ত্রের প্রকৃত সাফল্য নির্ভর করে রাষ্ট্র তার জনগণের জীবনমান কতটা উন্নত করতে পারছে, তার ওপর।
গণতন্ত্রের মৌলিক ধারণা হচ্ছে জনগণের সরকার, জনগণের দ্বারা পরিচালিত সরকার এবং জনগণের কল্যাণে পরিচালিত সরকার। কিন্তু যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, গত কয়েক দশকে দেশের সম্পদ ও আয়ের বণ্টনে বড় ধরনের বৈষম্য তৈরি হয়েছে। অর্থনীতিবিদ টমাস পিকেটির ২০১৮ সালের গবেষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সবচেয়ে নিচের ৫০ শতাংশ জনগোষ্ঠীর প্রক্বলিত আয় জাতীয় আয়ের ২১ শতাংশ থেকে কমে ১৩ শতাংশে নেমে এসেছে। বিপরীতে, সবচেয়ে ধনী ১ শতাংশের আয় জাতীয় আয়ের ৯ শতাংশ থেকে বেড়ে ২০ শতাংশে পৌঁছেছে। অর্থাৎ সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষের আয় ও সম্পদের অংশ কমেছে, অথচ অল্পসংখ্যক ধনী মানুষের হাতে সম্পদের কেন্দ্রীভবন ঘটেছে।
সম্পদ বণ্টনের বৈষম্য আরও স্পষ্ট হয় পারিবারিক সম্পদের হিসাব থেকে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী ০.১ শতাংশ মানুষের হাতে থাকা পারিবারিক সম্পদের অংশ ৮.৯ শতাংশ থেকে বেড়ে ১৩.৬ শতাংশ হয়েছে। অন্যদিকে নিচের ৫০ শতাংশ মানুষের সম্পদের অংশ ৩.৮ শতাংশ থেকে কমে ২.৫ শতাংশে নেমেছে। মধ্যবিত্তের অবস্থানেও অবনতি ঘটেছে। ১৯৭০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যম আয়ের জনগোষ্ঠীর হাতে জাতীয় আয়ের ৬২ শতাংশ ছিল, যা ২০২০ সালে কমে ৪২ শতাংশে দাঁড়িয়েছে।
বিপরীতে, উচ্চ আয়ের জনগোষ্ঠীর অংশ ২৯ শতাংশ থেকে বেড়ে ৫০ শতাংশ হয়েছে। এসব পরিসংখ্যান নির্দেশ করে, যুক্তরাষ্ট্রের অর্থনীতি সামগ্রিকভাবে সমৃদ্ধ হলেও সেই সমৃদ্ধির সুফল সমাজের সব শ্রেণির মানুষের কাছে সমানভাবে পৌঁছাচ্ছে না।
এখানে গণতন্ত্রের সঙ্গে অর্থনৈতিক বৈষম্যের সম্পর্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক রাষ্ট্রের উদ্দেশ্য শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন নয়, বরং সেই প্রবৃদ্ধির সুফল নাগরিকদের মধ্যে এমনভাবে বণ্টন করা, যাতে অধিকাংশ মানুষ নিজেদের রাষ্ট্র ও সমাজের অংশীদার বলে মনে করতে পারে। কিন্তু যখন সম্পদ ও আয়ের বড় অংশ অল্পসংখ্যক মানুষের হাতে কেন্দ্রীভূত হয়, তখন সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী রাষ্ট্রের অর্থনৈতিক অগ্রগতির বাইরে পড়ে যায়। যুক্তরাষ্ট্রে এখন সেই পরিস্থিতিই তৈরি হয়েছে।
এই সংকট শুধু আয় ও সম্পদের বৈষম্যের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের জীবনমানের সূচকেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র বিশ্বের একমাত্র বড় উন্নত দেশ, যেখানে মানুষের গড় আয়ু কমছে। অথচ উন্নয়নশীল ও দরিদ্র দেশসহ বিশ্বের অধিকাংশ দেশে মানুষের গড় আয়ু বাড়ছে। একটি সমাজের সামগ্রিক কল্যাণ মূল্যায়নের ক্ষেত্রে গড় আয়ু গুরুত্বপূর্ণ সূচক। কারণ, এটি স্বাস্থ্যসেবা, জীবনযাত্রার মান এবং সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ের সম্মিলিত প্রতিফলন ঘটায়। ব্রিটিশ-আমেরিকান ইতিহাসবিদ নাইয়াল ফার্গুসনের মতে, যুক্তরাষ্ট্রের সামাজিক সূচকগুলো বিশ্লেষণ করলে পুরোনো সোভিয়েত ইউনিয়নের পরিস্থিতির সঙ্গে কিছুটা সাদৃশ্য পাওয়া যায়। অর্থাৎ বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ রাষ্ট্রগুলোর একটি হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সামাজিক সংকট ক্রমেই গভীর হচ্ছে।
তবে এই পরিস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ রাজনৈতিক ব্যবস্থার ওপর অর্থনৈতিক অভিজাতদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। গণতন্ত্রের মূল্যায়ন করতে গিয়ে শুধু নির্বাচন, ভোটদান কিংবা রাজনৈতিক দলগুলোর প্রতিযোগিতার দিকে তাকালে প্রকৃত চিত্র বোঝা যাবে না। কারণ, জনগণ নিয়মিত ভোট দিলেও সরকার পরিচালনা এবং নীতি নির্ধারণে তাদের মতামতের প্রতিফলন ঘটছে কি না, সেটিই আসল প্রশ্ন। যুক্তরাষ্ট্রে নির্বাচন ও গণতান্ত্রিক কর্মকাণ্ড নিয়মিত চললেও রাষ্ট্রের নীতিনির্ধারণী ক্ষমতা ক্রমেই সাধারণ মানুষের হাতের বাইরে চলে যাচ্ছে।
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের দুই অর্থনীতিবিদ মার্টিন গিলেন্স ও বেঞ্জামিন পেজের গবেষণায় দেখা গেছে, অর্থনৈতিক অভিজাত এবং সংগঠিত স্বার্থগোষ্ঠীর অবস্থান বিবেচনায় নেওয়ার পর সাধারণ আমেরিকানদের পছন্দ ও মতামতের সঙ্গে সরকারি নীতির পরিবর্তনের সম্পর্ক প্রায় নগণ্য হয়ে পড়ে। বিপরীতে, ধনী নাগরিকদের পছন্দ ও অর্থনৈতিক অভিজাতদের অবস্থান নীতি পরিবর্তনে অনেক বেশি প্রভাব বিস্তার করে। গবেষণাটির অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো, সংখ্যাগরিষ্ঠ নাগরিক যখন অর্থনৈতিক অভিজাত কিংবা সংগঠিত স্বার্থগোষ্ঠীর সঙ্গে কোনো বিষয়ে দ্বিমত পোষণ করেন, তখন সাধারণত সংখ্যাগরিষ্ঠরাই পরাজিত হন।
এই গবেষণার তাৎপর্য অত্যন্ত গভীর। কারণ, গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতামতের প্রতিফলন রাষ্ট্রীয় সিদ্ধান্তে নিশ্চিত করা। কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত যদি সরকারের নীতিনির্ধারণে কার্যত কোনো প্রভাব না ফেলে, তাহলে শুধু নির্বাচন আয়োজনের মাধ্যমে একটি রাষ্ট্রকে প্রকৃত গণতান্ত্রিক বলা কতটা যৌক্তিক, সেই প্রশ্ন দেখা দেয়। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা এভাবেই ধীরে ধীরে অর্থনৈতিক অভিজাতদের নিয়ন্ত্রণে চলে গেছে।
সাবেক ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান পল ভলকার বলেছেন, কার্যত যুক্তরাষ্ট্র একটি প্লুটোক্রেসিতে পরিণত হয়েছে। প্লুটোক্রেসি বলতে এমন শাসনব্যবস্থাকে বোঝায়, যেখানে সম্পদশালী ও ক্ষমতাবান ব্যক্তিরাই রাষ্ট্র পরিচালনায় প্রধান প্রভাব বিস্তার করেন। এটি গণতন্ত্রের বিপরীত একটি রাজনৈতিক বাস্তবতা।
তবে যুক্তরাষ্ট্রের এই সংকটের সমাধান সম্ভব। কিন্তু তার জন্য প্রয়োজন কাঠামোগত পরিবর্তন। এ ক্ষেত্রে রাজনৈতিক দার্শনিক জন রলস তার A Theory of Justice গ্রন্থে যুক্তি দিয়েছেন, সমাজের উচ্চ আয়ের মানুষের আয় বাড়ানোর সুযোগ দেওয়া যেতে পারে, তবে সেই পরিবর্তনের ফলে সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর অবস্থারও উন্নতি হতে হবে। অর্থাৎ ধনীদের আরও ধনী হওয়ার সুযোগ থাকতে পারে, কিন্তু সেই অর্থনৈতিক ব্যবস্থায় দরিদ্র মানুষের অবস্থার উন্নতি নিশ্চিত করতে হবে।
যুক্তরাষ্ট্রের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য স্বাধীনতার পাশাপাশি সাম্যের ধারণাকেও সমান গুরুত্ব দিতে হবে। পশ্চিমা রাজনৈতিক দর্শনে স্বাধীনতা ও সাম্য—দুটি মৌলিক মূল্যবোধ হিসেবে বিবেচিত হলেও রাজনৈতিক বিতর্কে অনেক সময় স্বাধীনতার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়, সাম্যের বিষয়টি উপেক্ষিত থাকে। অথচ অর্থনৈতিক ও সামাজিক সাম্য ছাড়া গণতন্ত্রের সুফল সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে পৌঁছানো সম্ভব নয়। রাষ্ট্রের এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে সমাজের নিচের ৫০ শতাংশ মানুষও অর্থনৈতিক উন্নয়নের সুফল পাবে এবং নিজেদের রাষ্ট্রের সমান অংশীদার বলে মনে করবে।
মূলত যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিয়ে এই বিতর্কের কেন্দ্রে রয়েছে একটি মৌলিক দ্বন্দ্ব—রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক ক্ষমতার মধ্যে ক্রমবর্ধমান ব্যবধান। নাগরিকেরা ভোট দেওয়ার অধিকার পেলেও যদি রাষ্ট্রের নীতিনির্ধারণে তাদের কার্যকর প্রভাব না থাকে এবং অর্থনৈতিক ক্ষমতাবান গোষ্ঠীগুলোই সিদ্ধান্ত গ্রহণে প্রাধান্য পায়, তাহলে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো টিকে থাকলেও তার মূল উদ্দেশ্য দুর্বল হয়ে পড়ে।
তবে যুক্তরাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখতে নয়, বরং দেশটির গণতন্ত্রকে এই সংকট থেকে বের করে আনতেই বর্তমান বাস্তবতা স্বীকার করতে হবে। আমেরিকার প্রকৃত শক্তি শুধু তার অর্থনীতি, প্রযুক্তি কিংবা সামরিক সক্ষমতায় নয়; সেই শক্তির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার সামর্থ্যের মধ্যেও নিহিত। গণতন্ত্রকে কার্যকর করতে হলে তাই স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক সাম্য, ন্যায়বিচার এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থকে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রে ফিরিয়ে আনতে হবে।
কিশোর মাহবুবানি: সিঙ্গাপুরের প্রখ্যাত কূটনীতিবিদ, শিক্ষাবিদ এবং ভূরাজনৈতিক বিশ্লেষক।
(আমেরিকার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দেওয়া তার বক্তব্য থেকে লেখাটি তৈরি করা হয়েছে।)