নভেম্বরের ৩ তারিখ তিনি ৯৩ বছরের চৌকাঠ টপকালেন। জন্মেছিলেন ১৯৩৩ সালে। দীর্ঘ জীবন তার–শুধু দীর্ঘ বললে অন্যায় হবে, একটি অনন্য সাধারণ, বিস্ময়কর জীবন তার। সে জীবনের তুলনা মেলা ভার সৃষ্টিতে, প্রাপ্তিতে, অবদানে। না, সে সব বিষয়ে আমি বলছি না - সে সব বিধৃত আছে নানান বিদগ্ধ জনের লেখায়, আলাপচারিতায়, তার ওপরে তৈরি জীবন-চিত্রে। অধ্যাপক অমর্ত্য সেনের অতুলনীয় কীর্তির কথা সারা বিশ্ব জানে।
আমি শুধু ভাবি আমার অভাবনীয় সৌভাগ্যের কথা। প্রায় তিন দশক সময়ে কাজের সূত্রে শতবার দেখা হয়েছে, একত্রে কাজ করেছি, ঘণ্টার পর ঘণ্টা কেটে গেছে নিউইয়র্কে, বস্টনে, কেমব্রিজে নানান বিষয়ের আলোচনায়, বিতর্কে। আমাদের সময়কার এক বিস্ময়কর প্রতিভার খুব কাছাকাছি থাকার সুযোগ হয়েছিল আমার।
অধ্যাপক অমর্ত্য সেনের নামের সঙ্গে আমার পরিচয় ষাটের দশকের শেষ প্রান্তে–যখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার যে বইটি সে সময়ে আমার হাতে আসে, তার নাম ছিল ‘Choice of Technique’. খুব সম্ভবত: তার স্নাতকোত্তর অভিসন্দর্ভের ওপরে ভিত্তি করে লেখা। সে বইয়ের বেশির ভাগই বুঝিনি–বোঝার কথাও নয় অর্থনীতির প্রথম বর্ষের একটি শিক্ষার্থীর। কিন্তু তার বিশ্লেষণের ধার এবং তার যুক্তির শাণিত ভাষা বুঝতে পেরেছিলাম। তারপর আমার ছাত্রজীবনে, বিদেশে উচ্চশিক্ষাকালে এবং আমার শিক্ষকতা জীবনে আমাদের প্রজন্মের আরো অনেকের মতো আমাকে দ্বারস্থ হতে হয়েছে তার গবেষণা এবং বিদ্যায়তনিক লেখার কাছে। আমাকে মুগ্ধ করেছিল তার মানুষ-কেন্দ্রিক চিন্তা-চেতনা, ব্যক্তি মানুষ এবং মানব গোষ্ঠীর সক্ষমতা, সুযোগ এবং তার চয়ন ও কণ্ঠস্বরের স্বাধীনতাকে ঊর্ধ্বে তুলে ধরা, অর্থনীতিকে দর্শনের সঙ্গে সম্পৃক্ত করা, এবং সমতা, বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে তার তীক্ষ্ণধী লেখনী।
অধ্যাপক অমর্ত্য সেনের সঙ্গে আমার চাক্ষুষ পরিচয় ১৯৯২ সালে নিউইয়র্কে ড. মাহবুব উল হকের ঘরে যখন আমি জাতিসংঘ মানব উন্নয়ন প্রতিবেদন দপ্তরে যোগদান করি। অধ্যাপক সেন, ড. হক এবং অধ্যাপক রেহমান সোবহান সতীর্থ বন্ধু ছিলেন কেমব্রিজে। তারপর দীর্ঘ এক যুগ একসঙ্গে কাজ করা মানব উন্নয়ন বিষয়ে। কাজ বিষয়ে আলাপ-আলোচনা আর তর্ক-বিতর্কের বৈঠক বসতো মূলত ড. হকের ঘরে। কখনো কখনো অধ্যাপক সেন আমার ঘরে চলে আসতেন গল্প করতে বা আমার বাংলা বইয়ের পাতা ওল্টাতে। আমার কেন যেন মনে হয়, তিনি বাংলায় গল্প করতে চাইতেন। গল্প করতেন কালোর চায়ের দোকানের কথা, সাইকেলে শান্তিনিকেতনে টইটই করে ঘোরা, পৌষমেলার কথা, শান্তিনিকেতনে তার পৈত্রিক নিবাস 'প্রতীচীর' কথা।
আমাদের গল্পে একবার তার বন্ধু কবি অলোকরঞ্জন দাশগুপ্তের কথা উঠলো। জানলাম, প্রথম যৌবনে অলোকরঞ্জন দাশগুপ্ত ও তার সম্পাদনায় শান্তিনিকেতন থেকে একটি হাতে লেখা কাগজ 'স্ফুলিঙ্গ' বেরুতো। নবনীতাদি (নবনীতা দেবসেন) একদিন বলেছিলেন যে, অধ্যাপক সেন চমৎকার ছড়া লিখতেন। মীনাক্ষিদি (বুদ্ধদেব বসু কন্যা এবং অধ্যাপক সেনের বন্ধু মীনাক্ষী দত্ত) একবার লিখেছিলেন যে, অর্থনীতিবিদ না হয়ে তিনি যদি শুধু ছড়া লিখতেন, তাহলে তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ ছড়াকার হতে পারতেন। তার বন্ধু অধ্যাপক অমর্ত্য সেনকে মীনাক্ষী দত্ত তুলনা করেছিলেন ‘খাঁটি জিলেট ব্লেডের মত ধারালো বলে’ এবং প্রেসিডেন্সিতে অধ্যাপক সেনকে দেখা যেত গোটানো হাতা আর জামার পাশের পকেটে গোল করে মোড়ানো দু নম্বরী খাতা নিয়ে।
নব্বুইয়ের দশকে অধ্যাপর সেন যখন কেমব্রিজের ট্রিনিটি কলেজের মাস্টার হলেন, তখন অনেক বৈঠক বসতো মাস্টারস লজে। কথা-বার্তার ফাঁকে ফাঁকে ড. হক, আমি এবং অন্যান্যরা বাড়ির পেছনের বাগানে বেড়াতাম। মনে আছে, একবার এমা (অধ্যাপক সেনের স্ত্রী এমা রথসচাইল্ড) এসে আমাদের সঙ্গে যোগ দিলেন। ইতিহাসবিদ এমা জানিয়েছিলেন যে, ওই বাড়ীটি একসময়ে রঙ্গমঞ্চ ছিল। বাগানের দেয়ালে দেয়ালে তার ছাপ। আমি অনেক সময়ে এমার অফিসে বসেও কাজ করেছি। মনে আছে, প্রথমবার যখন মাস্টারস লজে যাই, তখনো সেন পরিবার সেখানে ওঠেননি। আমি সেখানে একরাত ছিলাম। স্বল্ব আলো, নিউটনের চেয়ার, দেয়ালের ছায়া সব মিলে এক রহস্যময় ভৌতিক আবহ সৃষ্টি হয়েছিল। সে রাতের কথা আমি কখনো ভুলতে পারব না।
১৯৯৮ সালে ড. মাহবুব হক প্রয়াত হলেন। তার বছর তিনেক পরে আমি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর দারিদ্র্য বিমোচন বিভাগ এবং সহস্রাব্দ উন্নয়ণ লক্ষ্য বিভাগের পরিচালক পদে বৃত হলাম। অধ্যাপক সেনের সঙ্গে বুদ্ধিবৃত্তিক কাজের যোগসূত্রটি একটু ক্ষীণ হয়ে গেল। কিন্তু আমাদের অন্য সম্পর্কগুলো রইলো অটুট। ১৯৯৮ সালে তিনি যখন নোবেল পুরস্কার পেলেন, তখন অধ্যাপক সেন নিউইয়র্কে। সকালেই তিনি চলে এলেন আমাদের দপ্তরে–কি উত্তেজনা, কি উন্মাদনা আমাদের। সেদিনকার সব অনুষ্ঠান আমাদের সহকর্মীরাই আয়োজন করল। ওয়াল স্ট্রিট জার্নাল আমার দীর্ঘ সাক্ষাৎকার নিল অধ্যাপক সেনের কাজের ওপরে। সে বছরেই জাতিসংঘে আয়োজিত ড. হকের স্মরণসভায় অপূর্ব একটি বক্তৃতা তিনি দিয়েছিলেন বন্ধুর স্মৃতিতে।
অসুস্থতা নিয়েও বেনু এসেছিল সে অনুষ্ঠানে। ভীষণভাবে খুশী হয়েছিলেন তিনি বেনুকে দেখে। অনেক মমতায় আদর করেছিলেন ওকে। বেনু বলেছিল যে, ও মাছের ঝোল রেঁধে তাকে খাওয়াবে। কি যে উত্তেজিত হয়েছিলেন তিনি। বারবার বলেছিলেন যে বরফ দেওয়া মাছ হলে চলবে না, তার তাজা মাছ চাই। না, সেটা আর হয়ে ওঠেনি কোন দিন। বেনু চলে যাওয়ার কয়েক মাস আগে অধ্যাপক সেন নিউইয়র্কে এলে বেনুকে দেখতে চেয়েছিলেন, আমন্ত্রণ জানিয়েছিলেন আমাদের মধ্যাহ্ন ভোজে। জাতিসংঘের কাছে ‘পাম' রেস্তোরাঁয় আমরা কাটিয়েছিলাাম আমরা বেশ কটি ঘণ্টা। চলে যাওয়ার আগে নিজে বলে ছবি তুলেছিলেন বেনুর সঙ্গে, ওর মাথায় হাত রেখে আশীর্বাদ করেছিলেন ওকে। বেনুর ও আমার কারো চোখ তখন শুকনো ছিল না। বেনুর প্রয়াণের পরে অধ্যাপক সেন আমাকে দীর্ঘ একটি হৃদয়স্পর্শী ব্যক্তিগত চিঠি লিখেছিলেন। সেখানে কৈশোরে তার প্রাণঘাতী অসুস্থতা এবং কলকাতা নীলরতন হাসপাতালে সে যুগের চিকিৎসার কথা তিনি উল্লেখ করেছিলেন।
তার কিছুদিন পরে তিনি বাংলাদেশে এসেছিলেন। বারবার আমাকে বলে দিয়েছিলেন যে, ঢাকায় তিনি ‘বেনুর মেয়েকে’ দেখতে চান। মতি ভাইয়ের (প্রথম আলোর সম্পাদক) উদ্যোগে তার শত ব্যস্ততার মাঝেও অধ্যাপক সেন আনিয়ে নিয়েছিলেন আমাদের জ্যেষ্ঠা কন্যা রোদেলাকে। রোদেলা এখনো বড় মমতার সঙ্গে তার স্নেহ-আদরের কথা বলে। তারও বছর বারো আগে আমাদের কণিষ্ঠা কন্যা মেখলা এসেছিল তার এক বক্তৃতায়। আমি পরিচয় করিয়ে দিতেই কি যে খুশি হয়েছিলেন। মেখলার সঙ্গেও ছবি আছে ওঁর।
আমার শ্বশ্রুপিতা জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর সঙ্গে বহুবার দেখা হয়েছে। তাদের দুজনার মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বোধ ছিল অত্যন্ত বেশি। অধ্যাপক চৌধুরীর সম্ভবত আশিতম জন্মবার্ষিকীর একটি স্মরণিকার জন্যে অধ্যাপক অমর্ত্য সেন একটি শুভেচ্ছাবাণী দিয়েছিলেন বাংলায়। সেটার পরিমার্জন, পরিশোধন ও পরিশীলনে অধ্যাপক অমর্ত্য সেন যে কতখানি সময় ও শ্রম দিয়েছিলেন, তা সাধারন মানুষের অনুধাবনের অগম্য। সেটার একটা খসড়া আমার কাছে আছে।
একটা হাসির কথা মনে পড়লো। জাতিসংঘে আমার পদবী কি, আমি যে জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্রতিবেদনের সঙ্গে জড়িত, তার সবটাই অধ্যাপক চৌধুরীর জানা। কিন্তু সাহিত্যের লোক বলে তার হয়তো ঠিক পরিস্কার ধারণা নেই যে তার জামাতা আসলে সত্যিই কি করে, কি তার কাজ। হার্ভার্ডে এক সভায় দুজনেই মঞ্চোপবিষ্ট–আমার শ্বশ্রুপিতা সভাপতি, অধ্যাপক অমর্ত্য সেন প্রধান অতিথি। কিছুক্ষণ পরে সভাপতি প্রধান অতিথিকে নীচু স্বরে জিজ্ঞেস করেন, “আচ্ছা, আপনি কি জানেন, আমার জামাইটি ঠিক কি করে?” ততোধিক নীচুস্বরে প্রধান অতিথি জবাব দেন, “সেলিম? ও যে কি করে আমি জানি না।” সেই সঙ্গে তিনি যোগ করেন, “সেলিম যে কি করে, তা কেউ জানে বলে মনে হয় না।” ঘটনাটি জেনে সবার যে কি হাসি!
অধ্যাপক অমর্ত্য সেনের মা শ্রীমতী অমিতা সেনকে আমি একবারই দেখেছিলাম কিছুক্ষণের জন্যে–সম্ভবত অধ্যাপক সেনের নোবেল প্রাপ্তির পরে। ভারী ব্যক্তিত্বময়ী মহিলা–যার সামনে মাথা নুয়ে আসে। আমি তার পিতা শ্রী ক্ষিতিমোহন সেনের বই ‘কবীর’ পড়েছি জেনে যারপরনাই খুশি হয়েছেলেন। তিনি খুব গর্বের সঙ্গে বলেছিলেন যে, তিনি আশ্রমকন্যা এবং তার পুত্র আশ্রম-বালক। কি এক কথায় ঠাট্টা করে বলেছিলেন যে, শান্তিনিকেতনে অমিতা সেন (খুকু) নামে দুজন আছেন–তার একজন গায়িকা আর একজন তিনি। তিনি হচ্ছেন আদি আশ্রমকন্যা অমিতা সেন (খুকু)। আমরা হেসে উঠেছিলাম।
গত দশকের মাঝামাঝি সময়ে জাতিসংঘ মানব উন্নয়ন প্রতিবেদনের কর্ণধারের দায়িত্ব গ্রহণ করার পরে প্রতিবেদনের কাজ উপলক্ষে প্রায়ই তার সঙ্গে দেখা করতে বস্টনে যেতাম। আলোচনা করতাম, বিতর্কও হত, তার মতামত ও উপদেশ আমার কাছে অমূল্য। প্রায়শ তিনিও ডেকে পাঠাতেন। বিশেষত সপ্তাহ-অন্তে। হয়তো তার একা একা লাগতো শনি-রোববারে (বিশেষত: এমা বস্টনে না থাকলে) কিংবা আমি নিঃসঙ্গ আছি ভেবে তিনি হয়তো পীড়িত হতেন।
আমাদের কথোপকথনের জায়গা ছিল তিনটি–হার্ভার্ড স্কোয়ারের তার প্রিয় ইতালিয় রেস্তোরাঁর ফরাসি জানালার পাশের টেবিলটি, অথবা হার্ভার্ড ক্লাবের কৌণিক সোফাটি কিংবা লিটার হলে তার আপিস কক্ষে পুস্তকারণ্যের মাঝে কোনো মতে দুটো চেয়ার পেতে। আমাদের কাজের আলোচনা প্রায়ই নানান পথে বাঁক নিত–তিনি তার বাবার কথা বলতেন, ঢাকার কথা উঠতো, খুব মমতাভরে বেনুকে স্মরণ করতেন।
অধ্যাপক অমর্ত্য সেনের বাবা অধ্যাপক আশুতোষ সেন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক। ১৯৪৭ সাল এবং তার ঠিক পরবর্তী সময় নিয়ে তার সেখা বেশ কিছু চিঠির কপি ছিল পুত্র অমর্ত্য সেনের কাছে। আমার যদ্দূর মনে পড়ে অধ্যাপক আশুতোষ সেনের মূল চিঠিগুলো অধ্যাপক অমিয় দাশগুপ্তের কন্যা ও অধ্যাপক স্যার পার্থ দাশগুপ্তের ভগ্নী অলকানন্দা দাশগুপ্তকে (পরবর্তী সময়ে অলকানন্দা প্যাটেলকে) লেখা। তার দুয়েকটা তিনি আমাকে দেখিয়েছেন।
সে সব চিঠিতে উল্লেখিত ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানান ব্যক্তিবর্গ সম্পর্কে তিনি আমার কাছে বিভিন্ন কথা জানতে চাইতেন। আমি আমার সীমিত জ্ঞানে যতটুকু জানি, তাকে বলতাম। তিনি খুব আগ্রহভরে শুনতেন।
অভ্রান্তভাবে ওয়ারীর কথা উঠতো, উঠতো তাদের বাড়ীর কথা। ঢাকায় তার স্কুলের কথা বলতেন। আমার কাছে জানতে চাইতেন বরিশালের কথা, আমার স্কুল-কলেজের কথা, আমার বিশ্ববিদ্যালয় জীবন। বেনুর কথা বলতেন প্রায়ই–একদিন হঠাৎ করে বলে বসলেন, “আমার মনে হয়, তুমি বেনুকে খুব মিস্ করো”। হঠাৎ এমন কথায় আমি হকচকিয়ে গিয়েছিলাম, তাৎক্ষণিকভাবে আমার মুখে কথা জোগায়নি। কিন্তু তার মতো অতি সংবেদনশীল মানুষ সব কিছুই দেখতে পেতেন ও বুঝতে পারতেন।
আমি খুব নমিত হই এটা দেখে যে, অধ্যাপক অমর্ত্য সেনের একাধিক বইয়ে কৃতজ্ঞতা স্বীকার অংশে আমার নাম দেখে। সেই প্রেক্ষিতে তিনি সর্বদা উল্লেখ করেন যে, আমার সঙ্গে আলাপ-আলোচনায় তিনি ঋদ্ধ হয়েছেন। তার চিন্তা-চেতনায় আমারও একটা ভূমিকা আছে। তার বেশ কয়েকটি বই তিনি স্বাক্ষরসহ আমাকে উপহার দিয়েছেন। স্বাক্ষরের ওপরে লিখে দিয়েছেন কয়েকটি হৃদয়গ্রাহী কথা–যা আমাকে নিত্য আপ্লুত করে। এ বছরের বইমেলায় আমার প্রকাশিত ‘Bangladesh: Contemporary Development Issues’ বইটি আমি উৎসর্গ করেছি অধ্যাপক অমর্ত্য সেন ও ড. মাহবুবুল হককে। তাদের দুজনের কাছেই ঋণ স্বীকার করার জন্যে হয়তো ওটুকু যোগ্যতাই আমার আছে।
একটি চিরকুটের কাহিনী দিয়ে লেখাটি শেষ করি। একবার যখন হার্ভার্ডে অধ্যাপক সেনের ওখানে গেছি, তখন সবে শেষ করেছি কবি অলোকরঞ্জন দাশগুপ্তের ‘আড়ভাবুকের কড়চা’। জানতাম, অলোকরঞ্জন তার বিশিষ্ট বন্ধু, যৌবনে দু'জনে মিলে স্ফুলিঙ্গ বলে একটা পত্রিকা সম্পাদনা করতেন। আমার জানা ছিল যে, সম্পাদক দুজন, কিন্তু অলোকরলঞ্জন লিখেছেন, “অমর্ত্য, মধুসূদন ও আমি মিলে পত্রিকাটি সম্পাদনা করতাম”। কৌতুহল বশে আমি জিজ্ঞেস করাতে তিনি বললেন, “হ্যাঁ, মধুসূদন করও ছিল।”
এর দু–তিন দিন পরে হঠাৎ আমার আপিস কক্ষে একজন যুবক এসে উপসাহিত। আমার জন্যে অধ্যাপক অমর্ত্য সেন একটি বার্তা পাঠিয়েছেন। অতি যত্নে সে আমার হাতে তুলে দিল একটি চিরকুট–হলদে সাঁটাপত্র। তাতে হাতে লেখা “মধুসূদন কুন্ডু, সহ-সম্পাদক”। বুঝলাম, সেদিন ‘মধুসূদন কর’ বলে যে ভুল তথ্য দিয়েছিলেন, আজ তা শুধরে নিলেন। এর জন্যে কতটা তাকে খাটতে হয়েছে, তা আমার জানা নেই। কিন্তু বোঝা গেল যে একজন মানুষের সামান্য কৌতুহলও তার কাছে অতি মূল্যবান।
ঘটনার অবশ্য এখানেই শেষ নয়। সে দিন রাতে শুয়ে পডেছি। হঠাৎ বাড়ির ফোনের ঝংকার। অত রাতে ফোন এলে শঙ্কিত হই। ফোন তুলতেই পরিচিত গলা, “অমর্ত্য বলছি। শোনো, সহ-সম্পাদক যেটা লিখেছি, তা আসলে বোঝাচ্ছে ...;” “তা আসলে বোঝাচ্ছে,”– তাকে থামিয়ে দিয়ে বলি, “আপনারা যৌথভাবে সম্পাদনা করেছেন, সহকারী সম্পাদক বোঝাচ্ছে না।” ‘একদম তাই’, তিনি খুশি হয়ে যান। তারপরেই ফোন কেটে যায়।
ফোন ছেড়ে দিয়ে আমি অনেকক্ষন স্তব্ধ হয়ে বসে ছিলাম। আমি ভাবতে থাকলাম, বিশুদ্ধতার প্রতি কতখানি নিষ্ঠা এবং কতখানি সৎ থাকলে পরে একটি মানুষ এমনটা করতে পারে। ভাবলাম, সততা শুধু অর্থের নয়, চরিত্রের নয়, আমাদের বক্তব্যেরও, আমাদের কথারও। যে মানুষ এগুলো ধারণ করেন, তার সামনে নমিত হওয়া ছাড়া আর কিই বা করার থাকে?
বক্তব্যের বিশুদ্ধতা, তথ্যের নির্ভুলতা ও উপাত্তের সঠিকতার প্রতি তার আপোষহীন নিষ্ঠা, অবিচল বিশ্বস্ততা এবং অখন্ড সততা কিংবদন্তী পর্যায়ের। এ নিষ্ঠা, বিশ্বস্ততা ও সততা, যা কিনা তার কাছে প্রায় উপাসনার সমতুল্য, তাই তাকে অনন্যসাধারন করেছে।
আমি তার কাছাকাছি আসার এবং তার সঙ্গে একত্রে কাজ করার দুর্লভ সৌভাগ্য অর্জন করেছি। এ আমার পরম প্রাপ্তি। তাই হৃদয়ের সবটুকু শ্রদ্ধার্ঘ্য ঢেলে দিয়ে তাকে আমি বলি, “শুভ জন্মদিন, অধ্যাপক অমর্ত্য সেন। আপনি শুধু আমাদের বাতিঘর নন, আপনি আমাদের ধ্রুবতারা। আপনি জ্বল জ্বল করতে থাকুন দীর্ঘদিন ধরে আমাদের পথ দেখানোর জন্যে, দিক নির্দেশ করার জন্যে।”
লেখক: অর্থনীতিবিদ ও জাতিসংঘ মানব উন্নয়ন কর্মসূচির সাবেক পরিচালক