১৯৯৭ সালের ২ ডিসেম্বর বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে স্বাক্ষরিত শান্তিচুক্তি ৩০ বছরের কালপর্ব স্পর্শ করতে চলেছে। যে চুক্তি ছিল দেশের দীর্ঘস্থায়ী সশস্ত্র সংঘাতের অবসান ও রাজনৈতিক সমাধানের একটি ঐতিহাসিক উদ্যোগ। চুক্তিটি বাংলাদেশের সংবিধান, রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অখণ্ডতার কাঠামোর মধ্যে থেকে পার্বত্য অঞ্চলের মানুষের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাগত ও অর্থনৈতিক অধিকার সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল। আঞ্চলিক পরিষদ, পার্বত্য জেলা পরিষদ, ভূমি বিরোধ নিষ্পত্তি, শরণার্থী ও অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসন এবং প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রীকরণ–এসব বিষয় চুক্তির মূল স্তম্ভ ছিল।
চুক্তির ৩০ বছর পূর্ণ হওয়ার প্রাক্কালে মূল প্রশ্ন হলো, ১৯৯৭ সালে সংঘাতের অবসানের পথ তৈরি করেছিল যে রাজনৈতিক সমঝোতা, তা কি বর্তমান পার্বত্য চট্টগ্রামের বহুমাত্রিক সংকট মোকাবিলায় যথেষ্ট?
চুক্তির পূর্ণ বাস্তবায়ন অবশ্যই একটি ন্যায্য ও জরুরি দাবি। তবে শুধু বাস্তবায়নের দাবি নয়, চুক্তির কাঠামো, বাস্তবায়ন পদ্ধতি এবং পরিবর্তিত সামাজিক-রাজনৈতিক বাস্তবতার সঙ্গে এর সামঞ্জস্যও নতুন করে বিশ্লেষণ করা দরকার। এমতাবস্থায় কেউ কেউ চুক্তির পরিমার্জন বা নতুন চুক্তির দাবিও তুলছেন।
বাস্তবায়ন: সংখ্যা নয়, বাস্তবতা
চুক্তির ৭২টি ধারার মধ্যে সরকারি বক্তব্যে ৬৫টি সম্পূর্ণ বাস্তবায়িত এবং বাকি ৭টির বাস্তবায়ন চলমান বলা হয়। অন্যদিকে জনসংহতি সমিতির নেতারা দাবি করেন, ২৫টি ধারা সম্পূর্ণ বাস্তবায়িত, ১৮টি আংশিক বাস্তবায়িত এবং ২৯টি বাস্তবায়িত হয়নি। এই পার্থক্য শুধু পরিসংখ্যানের বিরোধ নয়; বরং চুক্তির বাস্তবায়ন মূল্যায়নের মানদণ্ড, বাস্তব অগ্রগতি এবং অংশীজনদের মধ্যে আস্থার সংকটকেই সামনে আনে।
কিন্তু চুক্তির ধারার সংখ্যা দিয়ে শান্তির গুণগত মান নির্ধারণ করা যায় না। সর্বস্তরের নাগরিকদের ভূমির অধিকার, স্থানীয় প্রতিষ্ঠানের কার্যকারিতা, নিরাপত্তা, রাজনৈতিক প্রতিনিধিত্ব, সামাজিক সহাবস্থান এবং দৈনন্দিন জীবনের নিরাপত্তা–এসব সূচকও বিবেচনায় নিতে হবে। কারণ, শান্তি শুধু অস্ত্র সমর্পণ বা সশস্ত্র সংঘাতের বন্ধ নয়; শান্তি হলো নাগরিকের নিরাপত্তা, মর্যাদা, অধিকার ও ভবিষ্যতের নিশ্চয়তা এবং নতুন কোনো সংঘাত ও সশস্ত্র কার্যক্রম না হওয়ার নিশ্চয়তা।
চুক্তি বাতিল নাকি পুনর্মূল্যায়ন?
১৯৯৭ সালের শান্তিচুক্তিকে অস্বীকার বা বাতিলের প্রশ্ন যেমন কোনো কোনো মহল থেকে উঠছে, তেমনি এর অর্জন সংরক্ষণ, অপূর্ণতা চিহ্নিতকরণ এবং পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার পথ খোঁজার কথাও বলছেন কেউ কেউ।
অবশ্যই পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তিটি একটি ঐতিহাসিক রাজনৈতিক সমঝোতা। কিন্তু কোনো শান্তিচুক্তিই স্বাক্ষরের মুহূর্তে ভবিষ্যতের সব সংকটের সমাধান দিয়ে দিতে পারে না। সময়ের সঙ্গে সমাজ, জনসংখ্যা, রাজনৈতিক নেতৃত্ব, অর্থনৈতিক সম্পর্ক, নিরাপত্তা পরিস্থিতি ও স্থানীয় ক্ষমতার বিন্যাস বদলায়। সেই পরিবর্তনকে বিবেচনায় নিয়ে চুক্তির বাস্তবায়ন ও প্রাতিষ্ঠানিক কাঠামো পর্যালোচনা করা শান্তি প্রতিষ্ঠারই অংশ।
এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য বজায় রাখা প্রয়োজন: চুক্তির অসম্পূর্ণ বাস্তবায়ন এবং চুক্তির কাঠামোগত সীমাবদ্ধতা এক নয়। প্রথমটির সমাধান রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক উদ্যোগে সম্ভব হতে পারে। দ্বিতীয়টির জন্য প্রয়োজন হতে পারে নতুন আলোচনা, নীতিগত সমঝোতা, আইন সংশোধন বা অংশীজনদের সম্মতিতে অতিরিক্ত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা।
সংঘাতের নতুন রূপ
১৯৯৭ সালের আগে পার্বত্য চট্টগ্রামের সংঘাতের প্রধান চরিত্র ছিল রাষ্ট্র ও একটি সংগঠিত পাহাড়ি রাজনৈতিক-সশস্ত্র আন্দোলনের মধ্যকার দীর্ঘস্থায়ী সংঘাত। এর কেন্দ্রে ছিল রাজনৈতিক স্বীকৃতি, আঞ্চলিক স্বায়ত্তশাসন, ভূমির অধিকার, পরিচয়ের মর্যাদা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় নীতি।
বর্তমানে সংঘাতের প্রকৃতি আরও বহুমাত্রিক, গভীর ও সুদূরপ্রসারী। এর মধ্যে রয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন, পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে ভূমি ও নিরাপত্তাসংক্রান্ত বিরোধ, সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, অপহরণ, চাঁদাবাজি, অস্ত্রের বিস্তার, সীমান্তবর্তী অপরাধ, মাদক, ভূমি ও পরিবেশ নিয়ে দ্বন্দ্ব এবং নারী, তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা সংকট।
অর্থাৎ, বর্তমান পরিস্থিতিকে শুধু ১৯৯৭ সালের সংঘাতের ধারাবাহিকতা হিসেবে ব্যাখ্যা করা যথেষ্ট নয়। অতীতের রাজনৈতিক বিরোধ, বর্তমানের নিরাপত্তা সমস্যা এবং নতুন সামাজিক-অর্থনৈতিক প্রতিযোগিতা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটি জটিল পরিস্থিতি তৈরি করেছে।
দ্বিপক্ষীয় থেকে বহুপক্ষীয় শান্তি
১৯৯৭ সালের চুক্তি মূলত বাংলাদেশ সরকার ও জনসংহতি সমিতির মধ্যে আলোচনার মাধ্যমে সম্পাদিত হয়েছিল। তৎকালীন সংঘাতের প্রধান পক্ষগুলোর মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার জন্য এই দ্বিপক্ষীয় কাঠামো ছিল বাস্তবসম্মত ও প্রয়োজনীয়। কিন্তু বর্তমান বাস্তবতায় পার্বত্য চট্টগ্রামের সব রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অংশীজনকে এই কাঠামোর মধ্যে প্রতিনিধিত্বশীলভাবে অন্তর্ভুক্ত করা যায় কি না, তা নতুন করে বিবেচনা করা দরকার।
বর্তমানে পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও মতাদর্শিক অবস্থান রয়েছে। বাঙালি অধিবাসী ও পাহাড়ি জনগোষ্ঠীর ভূমি, নিরাপত্তা, প্রতিনিধিত্ব ও নাগরিক অধিকারের প্রশ্নে পৃথক উদ্বেগ রয়েছে। নারী, তরুণ, শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, নাগরিক সমাজ, ধর্মীয় ও সামাজিক নেতৃত্ব এবং উন্নয়নকর্মীদের অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ।
তাই পরিবর্তিত পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠার আলোচনাকে শুধু রাষ্ট্র ও একটি রাজনৈতিক সংগঠনের মধ্যকার সমঝোতায় সীমাবদ্ধ রাখলে চলবে না। প্রয়োজন একটি বহুপক্ষীয় অংশগ্রহণমূলক কাঠামো, যেখানে বিভিন্ন জনগোষ্ঠীর বাস্তব উদ্বেগ, অধিকার ও দায়িত্ব আলোচনার সুযোগ পাবে। এখানে অংশগ্রহণের বহুকেন্দ্রিক চাপ ধারণাটি বিশেষভাবে প্রাসঙ্গিক। অর্থাৎ, শান্তি প্রক্রিয়ায় একাধিক কেন্দ্র থেকে দাবি, স্বার্থ ও রাজনৈতিক চাপ তৈরি হচ্ছে। এসব চাপকে উপেক্ষা করলে কোনো একটি পক্ষের সঙ্গে সমঝোতা হলেও বৃহত্তর সমাজে তার গ্রহণযোগ্যতা ও কার্যকারিতা সীমিত থেকে যেতে পারে।
সার্বভৌমত্ব ও অধিকার
পার্বত্য চট্টগ্রামের সমস্যা নিয়ে আলোচনায় প্রায়ই রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং পাহাড়ি জনগোষ্ঠীর অধিকারকে পরস্পরবিরোধী অবস্থানে দাঁড় করানো হয়। এই দ্বৈততা থেকে বেরিয়ে আসা জরুরি।
বাংলাদেশের স্বাধীন, সার্বভৌম ও অখণ্ড রাষ্ট্রকাঠামোর ভেতরেই পার্বত্য অঞ্চলের মানুষের ভূমির অধিকার, সাংস্কৃতিক পরিচয়, রাজনৈতিক অংশগ্রহণ, স্থানীয় শাসনে কার্যকর ক্ষমতা এবং নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হওয়া উচিত। রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো অক্ষুণ্ণ রেখে বিকেন্দ্রীকরণ, স্থানীয় স্বশাসনের কার্যকর ব্যবস্থা এবং বহুত্ববাদী নাগরিকত্বের চর্চা শক্তিশালী করা যেতে পারে।
তবে রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্নকে কেন্দ্র করে স্থানীয় জনগণের অধিকার ও রাজনৈতিক অংশগ্রহণ সংকুচিত করা হলে আস্থার সংকট বাড়তে পারে। একইভাবে স্থানীয় রাজনৈতিক দাবিকে কেন্দ্র করে অন্য জনগোষ্ঠীর নাগরিক অধিকার ও নিরাপত্তাকে উপেক্ষা করলেও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
আলোচনার প্রধান বিষয়
সব মিলিয়ে, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার সম্ভাব্য আলোচনায় নিম্নোক্ত বিষয়গুলো গুরুত্ব পেতে পারে:
ক. শান্তিচুক্তির অর্জন ও সীমাবদ্ধতা
১৯৯৭ সালের চুক্তি সংঘাতের অবসানে কতটা কার্যকর হয়েছিল? কোন কোন ধারা বাস্তবায়িত হয়েছে এবং কোনগুলো বাস্তবায়নে স্থবির? বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি ও জনসংহতি সমিতির মূল্যায়নের পার্থক্য কীভাবে নিরসন করা যায়? চুক্তির কাঠামোগত সীমাবদ্ধতা কি নতুন করে পর্যালোচনার দাবি রাখে?
খ. পরিবর্তিত সংঘাতের ধরন ও নিরাপত্তা
১৯৯৭ সালের সশস্ত্র সংঘাত থেকে বর্তমান বহুমাত্রিক নিরাপত্তা সমস্যার বিবর্তন কীভাবে ঘটেছে? অন্তর্গোষ্ঠী ও আন্তগোষ্ঠী সহিংসতা, সশস্ত্র গোষ্ঠী এবং অপরাধের বিস্তার মোকাবিলায় কী ধরনের নীতি প্রয়োজন? নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নাগরিক অধিকার ও মানবাধিকার কীভাবে রক্ষা করা যায়?
গ. ভূমি, জনসংখ্যা ও সামাজিক সহাবস্থান
ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনকে কার্যকর করার প্রতিবন্ধকতা কী? অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ও প্রত্যাগত মানুষের পুনর্বাসন কীভাবে নিশ্চিত করা যায়? পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে আস্থা, সহাবস্থান ও ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠার পথ কী?
ঘ. স্থানীয় সরকার ও রাজনৈতিক প্রতিনিধিত্ব
আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদের কার্যকর ক্ষমতা ও জবাবদিহি কীভাবে নিশ্চিত করা যায়? নির্বাচিত স্থানীয় প্রতিষ্ঠান এবং অংশগ্রহণমূলক প্রতিনিধিত্বের ব্যবস্থা কতটা জরুরি? পাহাড়ি জনগোষ্ঠীর অভ্যন্তরীণ রাজনৈতিক বৈচিত্র্য এবং বাঙালি অধিবাসীদের অংশগ্রহণ কীভাবে সমন্বিত করা যায়?
ঙ. আঞ্চলিক ভূরাজনীতি ও সীমান্ত নিরাপত্তা
মিয়ানমারের সংঘাত, সীমান্তবর্তী সশস্ত্র তৎপরতা ও বাস্তুচ্যুতির প্রভাব এবং ভারতের সংঘাতময় সেভেন সিস্টার্স রাজ্যে আঁচ পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তায় কীভাবে পড়ছে? রোহিঙ্গা সংকট, সীমান্ত অপরাধ এবং আঞ্চলিক যোগাযোগের পরিবর্তিত বাস্তবতা কী ধরনের নতুন নীতিগত চ্যালেঞ্জ তৈরি করছে? জাতীয় নিরাপত্তা ও মানবিক দায়িত্বের মধ্যে ভারসাম্য কীভাবে রক্ষা করা যায়?
চ. ভবিষ্যৎ শান্তি কাঠামো
শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নের পাশাপাশি কোন কোন ক্ষেত্রে নতুন রাজনৈতিক সমঝোতা প্রয়োজন? নারী, তরুণ, শিক্ষার্থী ও নাগরিক সমাজকে শান্তি প্রক্রিয়ায় কীভাবে যুক্ত করা যায়? চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণে স্বাধীন ও গ্রহণযোগ্য মূল্যায়ন কাঠামো গড়ে তোলা সম্ভব কি না?
অতএব, সরকার ও সংশ্লিষ্টদের কিছু মৌলিক প্রশ্নে স্পষ্ট ও জড়তাহীন উত্তর দিতে হবে। যেমন:
এক. ১৯৯৭ সালের শান্তিচুক্তি কি বর্তমান পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ও নিরাপত্তাগত বাস্তবতা মোকাবিলায় যথেষ্ট?
দুই. চুক্তির অসম্পূর্ণ বাস্তবায়ন এবং এর কাঠামোগত সীমাবদ্ধতার মধ্যে কোনটি শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা?
তিন. দ্বিপক্ষীয় সমঝোতার পরিবর্তে বহুপক্ষীয় ও অংশগ্রহণমূলক শান্তি প্রক্রিয়া গড়ে তোলার প্রয়োজন কতটা?
চার. রাষ্ট্রের সার্বভৌমত্ব ও সাংবিধানিক কাঠামোর ভেতরে স্থানীয় জনগণের অধিকার, পরিচয় ও মর্যাদা নিশ্চিত করার কার্যকর পথ কী?
পাঁচ. পার্বত্য চট্টগ্রামের পরিবর্তিত সংঘাত-বাস্তবতায় নিরাপত্তা, উন্নয়ন, ন্যায়বিচার ও রাজনৈতিক প্রতিনিধিত্বকে কীভাবে সমন্বিত করা যায়?
ছয়. শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নের পাশাপাশি একটি যুগোপযোগী পরিপূরক রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা সম্ভব কি?
যদিও চুক্তির ৩০ বছর পূর্ণ হতে যাচ্ছে, তথাপি পাহাড়ে শান্তি বিরাজমান বলা যায় না। শান্তির জন্য দরকার সকলের ঐকমত্য ও অংশগ্রহণ। প্রয়োজন একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি: চুক্তির অর্জন সংরক্ষণ, অসম্পূর্ণতা চিহ্নিতকরণ, কাঠামোগত সীমাবদ্ধতা মূল্যায়ন এবং পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন কাঠামো তৈরি।
শান্তি কেবল অস্ত্র সমর্পণ বা সশস্ত্র সংঘাতের বন্ধ নয়; শান্তি হলো নাগরিকের নিরাপত্তা, মর্যাদা, অধিকার ও ভবিষ্যতের নিশ্চয়তা। পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন নাগরিক ও রাজনৈতিক সমাজের বহুপক্ষীয়, অংশগ্রহণমূলক ও যুগোপযোগী কাঠামো, যেখানে রাষ্ট্রের সার্বভৌমত্ব, স্থানীয় জনগণের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার একই রাজনৈতিক কাঠামোর মধ্যে কার্যকর হয়ে স্থায়ী শান্তির রূপরেখা প্রণয়ন করতে পারবে।
লেখক: প্রফেসর ও চেয়ারম্যান, রাজনীতি বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং নির্বাহী পরিচালক, চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ বাংলাদেশ (সিসিআরএসবিডি)।