উপহার জিনিসটা বড় মজার। মানুষ মানুষকে উপহার দেয় ভালোবেসে, খুশি হয়ে, কৃতজ্ঞতা প্রকাশ করতে কিংবা সম্পর্কের উষ্ণতা ধরে রাখতে। জন্মদিনে উপহার, বিয়েতে উপহার, বিবাহবার্ষিকীতে উপহার, ঈদে উপহার, পূজায় উপহার—উপহারের কোনো শেষ নেই। কিন্তু সমস্যা হলো, সব উপহারই কি উপহার? নাকি কোনো কোনো উপহার আসলে অন্য কিছুর ভদ্রবেশী সংস্করণ? যেমন, কেউ কাউকে খুশি হয়ে একটা কলম দিলেন, সেটা উপহার। কিন্তু সেই কলমের বিনিময়ে যদি একটি ফাইল অনুমোদন হয়ে যায়, তাহলে? কেউ একটা দামি ঘড়ি দিলেন সৌজন্যবশত, আর ঘড়ির কাঁটার সঙ্গে সঙ্গে যদি নিয়মকানুনও একটু এগিয়ে যায়, তাহলে? তখন উপহার আর ঘুষের মধ্যে পার্থক্য নির্ণয় করা বেশ কঠিন হয়ে পড়ে।
সম্প্রতি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, “কাজ ঠিকঠাক শেষ করার পর ঠিকাদার যদি খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে কিছু উপহার দেয়, তাহলে তা ঘুষ না।” কথাটি বেশ তাৎপর্যপূর্ণ। এত দিন আমরা ঘুষকে ঘুষ বলেই জানতাম। এখন জানা গেল, কাজ ঠিকঠাক হলে ঠিকাদারের খুশি হয়ে দেওয়া উপহার ঘুষ নয়। অর্থাৎ উপহারের বৈধতা নির্ভর করছে কাজের মানের ওপর! তবে কাজ ঠিকঠাক হয়েছে কি না, তা কে নির্ধারণ করবেন? যে ইঞ্জিনিয়ার উপহার পাচ্ছেন, তিনিই? তাহলে তো উপহার দেওয়ার আগে ঠিকাদারকে শুধু কাজ নয়, ইঞ্জিনিয়ারের মনও জয় করতে হবে। এ এক অভিনব সৌজন্যনীতি!
আসলে কোনটা ঘুষ আর কোনটা উপহার, তা নির্ণয় করা সত্যিই কঠিন। ঘুষ কী? সাধ্যের বাইরে খরচ করার ইনকাম! নিয়মনীতি অগ্রাহ্য করে কাউকে কিছু পাইয়ে দেওয়ার বিনিময়ে নগদ অর্থ অথবা উপহারসামগ্রী গ্রহণ করাই হচ্ছে ঘুষ। আমাদের সমাজে যাদের সাধ্য বা সুযোগ আছে, তারা প্রায় সবাই কমবেশি ঘুষের সঙ্গে পরিচিত। পরশুরামের এক গল্পে পড়েছিলাম, “ঘুষগ্রাহী অনেক ক্ষেত্রে বুঝতে পারে না যে সে ঘুষ নিচ্ছে।” এখন অবশ্য দিন পাল্টেছে। ঘুষখোররা সজ্ঞানেই ঘুষ নেন। বরং ঘুষের নামকরণেও তারা বেশ সতর্ক। নগদ টাকা হলে কমিশন, উপহার হলে সৌজন্য, বিদেশভ্রমণ হলে আমন্ত্রণ, আর দামি গাড়ি হলে হয়তো বিশেষ কৃতজ্ঞতা!
আমাদের সমাজে ঘুষ প্রদান ও গ্রহণ এখন প্রায় স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে। চাকরিতে ঘুষ, লাইসেন্স-পারমিটে ঘুষ, আমদানিতে ঘুষ, রপ্তানিতে ঘুষ, সরকারি বরাদ্দ পেতে ঘুষ, ঠিকাদারিতে ঘুষ, বিমান-জাহাজ ক্রয়ে ঘুষ, তেলকূপ-গ্যাসক্ষেত্র লিজ দিতে ঘুষ, শিক্ষায় ঘুষ, স্বাস্থ্যে ঘুষ, নিরাপত্তায় ঘুষ, খুনের জন্য ঘুষ, খুন হলে পরে ঘুষ, বৈধ পাওনা আদায়ে ঘুষ, অবৈধ কিছু পেতেও ঘুষ—মোটের ওপর সবখানে সব ক্ষেত্রে ঘুষের বিচরণ। ঘুষ ছাড়া সামনে এগোনো কঠিন, পিছিয়ে আসাও অসম্ভব। পুলিশকে ঘুষ দিয়ে অপরাধীরা যেমন দুষ্কর্মের সুযোগ আদায় করে, তেমনি নিরপরাধ মানুষও অনেক সময় হয়রানি থেকে বাঁচতে উৎকোচ দিতে বাধ্য হয়।
ঘুষ সবচেয়ে বেশি উৎপন্ন হয় প্রশাসনের মগডালে। সেখান থেকে তা আগায়, গোড়ায়, শাখা-প্রশাখায় ছড়িয়ে পড়ে। ঘুষের কবল থেকে দেশকে মুক্ত রাখতে গড়ে তোলা হয়েছে দুর্নীতি দমন কমিশন। কিন্তু মজার ব্যাপার হলো, এই কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কোনো ব্যক্তির বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ওঠে। অর্থাৎ দুর্নীতি দমনের জন্যও কখনো কখনো দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালানোর প্রয়োজন হয়! ব্যাপারটা অনেকটা মশা মারতে কামান দাগার মতো। তবে কামান চালানোর দায়িত্বে থাকা ব্যক্তির হাতেই যদি মশার চাষের অভিযোগ ওঠে, তখন সাধারণ মানুষের ভরসা কোথায়?
ঘুষের সঙ্গে অর্থ জড়িত, সুতরাং এটি অর্থনৈতিক ব্যাপারও বটে। দিন যত যাচ্ছে, আমাদের অর্থনীতি তত বড় হচ্ছে, পাশাপাশি বাড়ছে অর্থনৈতিক টানাপোড়েন এবং সহজে চোরাপথে বড়লোক হওয়ার প্রবণতা। এখন সবাই বড়লোক হতে চায়। বড়লোক মানে মানুষ হিসেবে বড় নয়, টাকার অঙ্কে বড়। পরিশ্রম করে সৎপথে উপার্জন করে সেই জায়গায় পৌঁছানোর ধৈর্য এখন অনেকেরই নেই। সবাই খোঁজে শর্টকাট। আর সেই শর্টকাটের নাম ঘুষ-দুর্নীতি। বড়লোক হতে হলে দুনম্বরি পথের কোনো বিকল্প নেই—এমন ধারণা যেন সমাজে প্রতিষ্ঠা পেতে বসেছে। ল্যাং মেরে এগোনো সম্ভব না হলে ফাঁদ পাততে হবে, ফাটলে আটকে দিতে হবে। এ ফাঁদে ঘুঘু ধরা খাবেই!
এ দেশে ঘুষ ছাড়া ফাইল নড়ে না। তার ওপর রয়েছে আমলাতন্ত্র। তিন গজ জায়গা পার হতে একটি ফাইলের আঠারো হাত বদল হতে হয়। প্রতিটি হাত একেকটি বিশ্বস্ত চেকপোস্ট। মাল ছাড়ুন, ফাইল নড়বে; না হলে নট নড়নচড়ন! ঘাটে ঘাটে জল ঢেলে তবেই যজ্ঞ সম্পন্ন হয়। আমাদের বর্তমান সভ্যতা কাগজ সভ্যতা, কাগজ মানেই ফাইল, আর ফাইল মানেই ঘুষ। ফলে আধুনিক সভ্যতার সঙ্গে ঘুষের সম্পর্কও বেশ নিবিড়। একে বলা যায় বাইসাইক্লিক সম্পর্ক—ঘুরেফিরে একই জায়গায় ফিরে আসা। আমরা রূপ-জৌলুস, চাকচিক্য, ভোগ ও লোভের এক মায়ার জগৎ তৈরি করেছি। সাধ্যের সীমানা যতই সীমিত হোক, উচ্চাভিলাষী মন আরও আরও পেতে চায়। আর এই চাওয়া-পাওয়ার প্রতিযোগিতায় সবাই মিলে অধঃপাতে যাওয়ার আয়োজন করি।
বিশ্বজুড়েই দুর্নীতি এক মহাসমস্যা। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে এটি বড় বাধা। নানা দেশে দুর্নীতি ঠেকাতে স্বাধীন তদন্ত সংস্থা, কঠোর আইন, নজরদারি এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা রয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর নজরদারিও বাড়ানো হয়েছে। কিন্তু এতসব আয়োজনের পরও যখন কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না, তখন বোঝা যায়, সমস্যাটি শুধু আইনের নয়; মানুষের মানসিকতারও। দুর্নীতিকে যদি সামাজিকভাবে গ্রহণযোগ্য করে তোলা হয়, যদি ঘুষকে উপহার আর কমিশনকে সৌজন্য বলা শুরু হয়, তাহলে আইন দিয়ে কতটা ঠেকানো যাবে?
এবার আসা যাক কয়েকটি মজার ঘটনায়।
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের মুখে গল্পটা শোনা। ঘটনা ব্রিটিশ শাসনামলের। এক তরুণ ম্যাজিস্ট্রেট বিলেত থেকে ভারতবর্ষে এসেছেন বেশিদিন হয়নি। বিচারকাজ পরিচালনা করতে গিয়ে একটু-আধটু বাংলা শিখেছেন। একদিন বিচারকাজ শেষে নিজ কক্ষে বসে আছেন বিচারক। হঠাৎ চাপরাশি হন্তদন্ত হয়ে তার রুমে ঢুকলেন। কোনোরকম বিরতি না দিয়েই ম্যাজিস্ট্রেটকে বললেন, ‘হুজুর, মিস্টার নাজির ইজ ইটিং ঘুষ।’ বিচারক মহাশয় বিপাকে পড়লেন। ‘ঘুষ’ শব্দের অর্থ কী জানেন না তিনি। চাপরাশিও ইংরেজি কম বোঝেন। তাই কী আর করা! এ অবস্থায় ঘুষের অর্থ বোঝাতে চাপরাশি বিচারক মহাশয়কে সরাসরি নাজিরের রুমে নিয়ে গেলেন। বিচারক নাজিরের রুমে ঢুকে দেখেন টেবিলের ওপর এক কাঁদি পাকা কলা। এই কলার কাঁদিই ঘুষ হিসেবে দেওয়া হয়েছে নাজিরকে। সেখান থেকেই কলা ছিঁড়ে মুখে পুরেছেন নাজির। এ অবস্থায় তরুণ বিচারক বুঝলেন, ‘কলা’কেই মনে হয় ‘ঘুষ’ বলা হয়। কিছুদিন আগে তিনি এ ফলটি খেয়েছেনও। খুবই সুস্বাদু লেগেছে তার কাছে। জেনেছেন এর পুষ্টিগুণও। তাই তরুণ ম্যাজিস্ট্রেট মনে করলেন ‘কলা’র প্রতিশব্দই ‘ঘুষ’। আর সেই বোধ থেকেই বললেন, ‘ওহ, আই থিংক সামথিং রং। বাট ইউ আর ইটিং ঘুষ। ঘুষ ইজ গুড ফর হেলথ, এভরিবডি মাস্ট ইট ঘুষ।’
মোটা টাকা ঘুষ দেওয়ার শর্তে ঠিকাদার বড় একটি কাজের কন্ট্রাক্ট পাবার উদ্দেশ্যে প্রতিষ্ঠানের বড় কর্তার সঙ্গে চুক্তিবদ্ধ হলেন। কর্তা সেই মোতাবেক ফাইলে লিখে দিলেন, Approved.
কিন্তু এরপর দু'দিন অপেক্ষা করার পরও ঠিকাদার চুক্তিমতো টাকা দিতে এল না। ঘোড়েল ঠিকাদার তাকে ঠকিয়েছে ভেবে বড়কর্তা খুব রেগে গেলেন। কিন্তু ‘বোকামি’ করে ফাইলে তো Approved লিখে ফেলেছেন, এখন উপায়!
পিওন বলল, কোনো চিন্তা করবেন না স্যার। আমি ফাইল নিয়ে আসছি আপনি Approved শব্দটির আগে Not লিখে দিন। কর্তা তাই করলেন, হয়ে গেল Not Approved।
এর দু দিন পর হন্তদন্ত হয়ে ঠিকাদার এলেন টাকা নিয়ে। কর্তা আবারও মুশকিলে পড়ে গেলেন। Not Approved লিখে ফেলেছেন! এবার কী করবেন!
ঘাগু পিওন এবার বলল, কোনো চিন্তা করবেন না স্যার। আমি ফাইলটি নিয়ে আসছি আবার। আপনি Not এর পরে একটি e বসিয়ে দিন। হয়ে যাবে Note Approved অর্থাৎ অনুমোদিত হয়েছে, পদক্ষেপ নিন।
কর্তা স্বস্তির নিঃশ্বাস ফেললেন আর পিওনের বুদ্ধির প্রশংসা করলেন। এবার কর্তা খুশি, পিওন খুশি, ঠিকাদার খুশি। সবাই হাসি সবাই খুশি।
ঘুষের সবচেয়ে বড় কৃতিত্ব হলো, এটি নিজের নাম বদলাতে জানে। কখনো উপহার, কখনো সৌজন্য, কখনো কমিশন, কখনো শুভেচ্ছা মূল্য। শুধু নাম বদলায়, চরিত্র বদলায় না। আর যে সমাজে ঘুষকে উপহার বলে চালিয়ে দেওয়া যায়, সেখানে একদিন দুর্নীতিই হয়ে ওঠে স্বাভাবিক নিয়ম।
তাই মীর শাহে আলমের বক্তব্যের সূত্র ধরে একটি প্রশ্ন থেকেই যায়: কাজ ঠিকঠাক শেষ করার পর উপহার দেওয়া হলে সেটি ঘুষ নয়—এই যুক্তি যদি মেনে নেওয়া হয়, তাহলে কাজ ঠিকঠাক না করেও উপহার পেলে তাকে কী বলা হবে? আর উপহার দেওয়ার পর কাজ ঠিকঠাক হয়েছে বলে সার্টিফিকেট দিলে, সেটি কি উপহারের প্রতিদান, নাকি নতুন কোনো উপহার?
চিররঞ্জন সরকার: কলাম লেখক ও গবেষক।