Advertisement

‘পর্যাপ্ত’ মজুতেও মাঠে হাহাকার, রবি-বোরোতে সার পাবে কৃষক?

‘পর্যাপ্ত’ মজুতেও মাঠে হাহাকার, রবি-বোরোতে সার পাবে কৃষক?
বিভিন্ন ধরনের সার। ছবি: কোলাজ

চলতি রবি মৌসুমের শুরুতেই দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলসহ একাধিক কৃষিপ্রধান অঞ্চলে সারের সংকট দেখা দিয়েছে। বোরোর বীজতলা তৈরি, ভুট্টা, আলু, সরিষা, পেঁয়াজ, রসুন ও শীতকালীন সবজির আবাদ যখন তুঙ্গে, ঠিক সেই সংকট মুহূর্তে ডিলার পয়েন্টগুলোতে প্রয়োজনীয় ইউরিয়া, ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট), টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) ও এমওপি (মিউরেট অব পটাশ) সার পাচ্ছেন না কৃষকেরা। ভোররাত থেকে ডিলারের দোকানের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও দিন শেষে শূন্য হাতে বাড়ি ফিরতে হচ্ছে কৃষকদের।

Advertisement

কৃষি মন্ত্রণালয় ও সরকারের নীতিনির্ধারকদের দাবি, দেশে সারের কোনো সংকট নেই। সরকারি গুদামগুলোতে গত বছরের এই সময়ের তুলনায় মজুত প্রায় ৩৫ শতাংশ বেশি। কৃষি মন্ত্রণালয়ের দাবি, দেশে সারের সংকট নেই।

একই কথা সম্প্রতি রাজশাহীতে এক মতবিনিময় সভায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদও জানিয়েছেন। তবে তিনি অভিযোগ করেন, “প্রতিবেশী দেশে সারের দাম বেশি হওয়ায় সীমান্ত দিয়ে ইউরিয়া, ডিএপি, এমওপি ও টিএসপি পাচারের চেষ্টা হচ্ছে।”

কিন্তু মাঠপর্যায়ে কৃষক ও ডিলারদের বক্তব্য মন্ত্রীর দাবিকে সমর্থন করছে না। মাঠপর্যায়ের অনুসন্ধান বরং ভিন্ন চিত্র দেখাচ্ছে। নওগাঁ ও রাজশাহী বিভাগের বিভিন্ন উপজেলায় ডিলার ও অসাধু বিক্রেতাদের কৃত্রিম সংকট তৈরি এবং বস্তাপ্রতি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৩০০ টাকা থেকে ৭০০ টাকা পর্যন্ত বাড়তি দাম নেওয়ার অভিযোগ উঠেছে। কারও কারও অভিযোগ, ডিলারের দোকানে সার নেই বলা হলেও বাড়তি টাকা দিলে পাওয়া যাচ্ছে সার। আবার কেউ বলছেন, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও এক বা দুই বস্তার বেশি সার মিলছে না।

Advertisement

কৃষকের অভিযোগ, কোনো বিক্রয় রসিদ ছাড়াই চড়া দামে খোলা বাজারে কিংবা পেছনের দরজা দিয়ে বিক্রেতারা সার বিক্রি করছেন।

বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবার (বামিস) তথ্য অনুযায়ী, রবি মৌসুমে ভুট্টা বপনের সময় ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর। রোপণের পর ২৫-৩০ দিন এবং ৪০-৫০ দিনের পর্যায়ে ইউরিয়া প্রয়োগের নির্দেশনা রয়েছে। অন্যদিকে, বোরোর বীজতলা নভেম্বরের মাঝামাঝি প্রস্তুত করার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে সামনে আরও বড় আকারে সারের যে চাপ তৈরি হচ্ছে তা সামাল দিতে না পারলে বা সরবরাহ স্বাভাবিক না করা গেলে ফসলের জমি তৈরি, বপন ও পরবর্তী পরিচর্যার সময়সূচিতে কৃষক চাপে পড়বে বলে মনে করেন কৃষি সংশ্লিষ্টরা।

লাইনে দাঁড়িয়ে হাহাকার, পেছনের দরজায় চড়া দাম

উত্তর ও পশ্চিমাঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতি এখন সার সংকটের কারণে চরম ঝুঁকিতে। নওগাঁর মান্দায় এক বস্তা ডিএপি এক হাজার ৭০০ টাকায় কেনার অভিযোগ করছেন কৃষক। গাইবান্ধার চরাঞ্চলে ইউরিয়া বস্তাপ্রতি ৪০০-৫০০ টাকা বেশি দিয়ে কেনার কথা জানিয়েছেন কৃষকরা। রাজশাহীর চারঘাট, বাঘা, গোদাগাড়ী, তানোর, পুঠিয়া, পবা ও মোহনপুরের কৃষকরাও প্রয়োজন অনুযায়ী সার না পাওয়ার অভিযোগ করেছেন।

নওগাঁর মান্দা ও মহাদেবপুর এবং রাজশাহীর তানোর, গোদাগাছী, পবা, মোহনপুর, চারঘাট, বাঘা, পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার মাঠপর্যায়ে ঘুরে কৃষকদের মাঝে ক্ষোভ ও হতাশা দেখা গেছে। এসব হতাশার চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে সারকেন্দ্রিক অরাজকতা বন্ধের দাবি জানাতেও দেখা গেছে অনেক কৃষককে।

রাজশাহীর গোদাগাড়ীতে বিজয়নগর গ্রামের কৃষক রহিম উদ্দিন বোরো ধানের চারা রোপণের প্রস্তুতি নিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন বলে জানান। ক্ষোভ প্রকাশ করে চরচাকে তিনি বলেন, “সকাল ৬টায় এসে ডিলারের দোকানের সামনে লাইনে দাঁড়িয়ে দুপুর গড়ালে বলা হচ্ছে সার শেষ। অথচ বস্তায় ৫০০ টাকা বেশি দিলে পেছনের দরজা দিয়ে সার ঠিকই বিক্রি করা হচ্ছে।”

চারঘাটের মেরামতপুর গ্রামের চাষী আকরাম হোসেন চরচাকে বলেন, “মেমো চাইলে ডিলাররা বলছেন সার নেই, কিন্তু প্রতি বস্তায় ৫০০ টাকা বেশি দিলে রসিদ ছাড়াই সার পাওয়া যাচ্ছে।”

শঙ্কা প্রকাশ করে মোহনপুরের ভাতুড়িয়া গ্রামের আলুচাষী সাজ্জাদ হোসেন বলেন, “আলু চাষে সারের ভূমিকা সবচেয়ে বেশি, সময়মতো ডিএপি ও পটাশ না পেলে পুরো মেহনত ও মূলধন জলে যাবে।”

তানোরের আলতাফ হোসন বলেন, “সঠিক সময়ে পর্যাপ্ত ইউরিয়া ও ডিএপি সার না পেলে রোপণ পিছিয়ে গিয়ে এবার মাঠের পর মাঠ জমিতে ব্যাপক ফলন বিপর্যয় ঘটবে।”

সরকারি দর উপেক্ষা করে অসাধু ডিলার ও খুচরা বিক্রেতাদের সিন্ডিকেট গুদামে সার লুকিয়ে রেখে এই কৃত্রিম সংকট তৈরি করেছে বলেও অভিযোগ উঠেছে। কৃষকরা রসিদ চাইলে ডিলাররা সার বিক্রি করতে অস্বীকার করছেন। বাধ্য হয়ে ফসল বাঁচাতে বাড়তি দামে রসিদ ছাড়াই সার কিনতে হচ্ছে চাষীদের।

রাজশাহীর দুর্গাপুরের কৃষক শফিকুল ইসলাম অভিযোগ করেন, “দোকানে গিয়ে রসিদ চাইলে ডিলার সার দিতে চান না, ফলে বাধ্য হয়ে ফসলের স্বার্থে বেশি দামেই মেমো ছাড়া সার কিনতে হচ্ছে।”

ডিলারদের কাছে চাহিদামতো সার না পেয়ে খোলা বাজার থেকে দ্বিগুন-তিনগুন দামে সার কেনায় উৎপাদন খরচ নাগালের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বাঘার আলাইপুর গ্রামের সবজিচাষী রফিকুল ইসলাম।

পবার পারিলা গ্রামের সিদ্দিকুর রহমানের দাবি, অসাধু বিক্রেতারা কৃত্রিম সংকট তৈরি করে কৃষকের পকেট কাটলেও মাঠ প্রশাসনের কোনো কার্যকর তদারকি চোখে পড়ছে না। অনেক ডিলার ‘বরাদ্দ কম’ থাকার মিথ্যা অজুহাতে গুদামে সার আটকে রাখছেন বলেও অভিযোগ করেছেন অনেক কৃষক। নতুন করে সরকারদলীয় লোকদের আধিপত্যের কারণে নাম প্রকাশ করতে চান না এই অভিযোগ উত্থাপন করা কৃষকরা।

নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের কৃষক আশরাফুল ইসলাম বলেন, “সরকারি বরাদ্দ চাহিদার তুলনায় অত্যন্ত নগণ্য হওয়ায় তারা সবচেয়ে বেশি বিপদে পড়েছেন।”

অনুসন্ধানে দেখা গেছে, চলতি মাসে মান্দার কালিকাপুর ইউনিয়নে হাজার হাজার বস্তা ডিএপি, টিএসপি ও এমওপি সারের চাহিদার বিপরীতে সরকারি বরাদ্দ এসেছে মাত্র ১০ থেকে ১৫ শতাংশ। এই বিপুল ঘাটতির মুখে ক্ষুব্ধ কৃষকেরা সম্প্রতি নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ী বাজারে কৃষক রিয়াজুর ইসলাম ৫০ কেজির এক বস্তা ডিএপি সরকার নির্ধারিত এক হাজার ৫০ টাকার জায়গায় ১৭০০ টাকায় (প্রায় ৬৫০ টাকা বাড়তি) কিনতে বাধ্য হয়েছেন।

সার নিয়ে কৃষকের দাবির পক্ষে সংসদ সদস্য

ডিলার ও স্থানীয় কৃষি কর্মকর্তার কার্যালয় কৃষকের বেশির ভাগ অভিযোগ অস্বীকার করলেও রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ মাঠে সারের তীব্র সংকটের সত্যতা স্বীকার করেছেন। গত সপ্তাহে তিনি সাংবাদিকদের বলেন, “সার সংকট আছে এটা অস্বীকার করার উপায় নেই। তবে মাঠপর্যায়ে সঠিকভাবে বিতরণ না করা হলে এ সংকট আরও বৃদ্ধি পাবে। আমি কৃষকের ছেলে, নিজেও কৃষক। সব ফসলই করি। এবার আলু আর পেঁয়াজ খুব কম হবে। এই দুটি ফসল না হলে পেঁয়াজে ভর্তুকি দিয়ে আবারও বিদেশ থেকে আনতে হবে। আপনারা সারের কথা বললেন, সার কিন্তু নাই নাই, খাই খাই অবস্থা।”

সরকারি দলের এই আইনপ্রণেতা বলেন, “আমরা লোক পাঠালে সেখানে সার থাকছে না। মন্ত্রীকে খুশি করার জন্য অনেকে অনেক কথা বলেছেন। কিছু কৃষক তাদের জমির জন্য আরও বেশি সারের প্রয়োজন থাকা সত্ত্বেও মাত্র আধা বস্তা বা এক মণ সার পাচ্ছেন। ডিলাররা যাই বলুক না কেন, রাজশাহীতে সারের সংকট রয়েছে। বিশেষ করে ট্রিপল সুপার ফসফেটের (টিএসপি) সরবরাহ বাড়ানো দরকার। কিছু ব্যবসায়ী বারবার সার পাচার করতে গিয়ে ধরা পড়লেও সামান্য জরিমানা দিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।”

কৃষি বিভাগের দাবি, ‘সংকট নেই’

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন চরচাকে বলেন, “জেলায় সারের সার্বিক সরবরাহ স্বাভাবিক রাখতে ভিজিল্যান্স টিম ও মোবাইল কোর্টের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। অসাধু উপায়ে সার মজুত বা অতিরিক্ত দাম নেওয়ার প্রমাণ পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাফার ও বিএডিসি গুদামে সারের পর্যাপ্ত মজুত রয়েছে, ডিলারদের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে বণ্টন কার্যক্রম দ্রুত সম্পন্ন হলে সারের কোনো ঘাটতি থাকবে না।”

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমানের দাবি, “কৃত্রিম সংকট রোধে ও ডিলারদের কারসাজি বন্ধে জেলা ও উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ইতোমধ্যে একাধিক এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মজুত জব্দ ও জরিমানা করা হয়েছে। বরাদ্দ বাড়ানো হয়েছে এবং দ্রুতই সার বিতরণ স্বাভাবিক হয়ে আসবে।”

ভিন্ন বাস্তবতা সামনে আনছেন বিশ্লেষকরা

সারের চাহিদা ও বরাদ্দ নির্ধারণের পদ্ধতি নিয়েও প্রশ্ন রয়েছে বলে মনে করেন কৃষি বিশ্লেষক ও কৃষি অর্থনীতিবিদদের কেউ কেউ। কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম চরচাকে বলেন, “মাঠপর্যায়ের চাহিদার হিসাব অতিরঞ্জিত হতে পারে; আবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) যাচাই করে যে হিসাব প্রস্তাব করে, তা প্রকৃত চাহিদার চেয়ে কমও হতে পারে। মাঠ থেকে মন্ত্রণালয় পর্যন্ত চাহিদা নির্ধারণ এবং বরাদ্দ কমানোর পদ্ধতি আরও স্বচ্ছ হওয়া দরকার।”

কৃষিবিদ গোলাম মোস্তফা বলেন, “দেশের কৃষি ব্যবস্থাপনা এখনো মান্ধাতার আমলের আদলে চলছে।”

তার মতে, গতানুগতিক মাসিক বরাদ্দের পদ্ধতিতে নতুন ফসলের আবাদ ও জমির ব্যবহার বৃদ্ধির ফলে তৈরি হওয়া চাহিদা যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। একই সাথে, মাঠের বাস্তব চাহিদা অনুযায়ী সার বরাদ্দ না করলে ফসলের মাঠ হতাশ করতে পারে বলেও মনে করেন এই কৃষিবিদ।

তবে চাহিদা নিরূপণে হিসাবে গড়মিলের কথা ঠিক না বলে দাবি করেন কৃষি অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম। চরচাকে তিনি বলেন, “ব্লক পর্যায়ের চাহিদা আগের কয়েক বছরের সার ব্যবহারের হিসাব ও বিশেষজ্ঞ মতামতের সঙ্গে মিলিয়ে দেখা হয়। নিম্ন, মধ্যম ও উচ্চ মাত্রার মধ্যে মাঝারি মাত্রা ধরে চাহিদা নিরূপণ করা হয়।”

বিশ্লেষকরা বলছেন, সার সংকট কাটাতে কেবল সরকারি গুদামে সারের মোট মজুত কত তা ঘোষণা করলেই কৃষকের সমস্যার সমাধান হবে না। কোন জেলায় কত বরাদ্দ, ডিলাররা কত টন তুললেন এবং কৃষকের কাছে কত দামে বিক্রি করা হচ্ছে- তার হিসাব জনসম্মুখে প্রকাশ করতে হবে। সেই সাথে বন্ধ ইউরিয়া কারখানাগুলোতে অবিলম্বে গ্যাস সরবরাহ নিশ্চিত করা এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অসাধু ডিলার সিন্ডিকেটের লাইসেন্স বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। আর এখন কৃষকের একমাত্র দাবি প্রয়োজন অনুযায়ী সার। আমনের অভিজ্ঞতার পুনরাবৃত্তিতে মৌসুম শেষে লোকসানের হিসাব না কৃষক, না দেশের সাধারণ মানুষ কারো জন্যই ভালো হবে না।

হিসাবে গরমিল কোথায়?

সারের চাহিদা ও বরাদ্দের হিসাবেও পার্থক্য রয়েছে। চলতি বছরের আগস্টে প্রকাশিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৬-২৭ অর্থবছরে রাসায়নিক সারের মোট চাহিদা ৬৭ দশমিক ৭ লাখ টন ধরা হয়েছে। এর মধ্যে, ইউরিয়া ২৬ দশমিক ২০ লাখ টন, ডিএপি ১৩ দশমিক ৫০ লাখ টন, এমওপি ৯ দশমিক ৭০ লাখ টন, টিএসপি ৯ দশমিক ০১৫ লাখ টন এবং অন্যান্য সার ৯ লাখ টনের কিছু বেশি।

অন্যদিকে, দেশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে ডিএই মাঠপর্যায়ের কর্মকর্তাদের পাঠানো তথ্যের যোগফলের ভিত্তিতে কৃষি মন্ত্রণালয়ের হিসাবে দেখা যায়, চার প্রধান সারের মাঠপর্যায়ের চাহিদা ৬৮ দশমিক ৭৯ লাখ টন, ডিএইর প্রস্তাব ৫৮ দশমিক ৪৯২ লাখ টন এবং অনুমোদিত বরাদ্দ ৫৮ দশমিক ০৫ লাখ টন। ওই হিসাব অনুযায়ী, মাঠপর্যায়ের চাহিদার তুলনায় ইউরিয়ার অনুমোদিত বরাদ্দ ৪ দশমিক ০২ লাখ টন কম, টিএসপিতে ২ দশমিক ১৩ লাখ টন, ডিএপিতে ২ দশমিক ০৭ লাখ টন এবং এমওপিতে ২ দশমিক ৫২ লাখ টন কম।

রবি-বোরোতে বিপর্যয়ের ঝুঁকি

‘বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবার’ সময়সূচি অনুযায়ী ভুট্টা বপনের উপযুক্ত সময় ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে। জমি তৈরি ও বপনের প্রথম ২৫-৩০ দিনের মাথায় ইউরিয়া ও অন্যান্য সারের প্রথম উপরি প্রয়োগ করতে হয়। নভেম্বরের মাঝামাঝি বোরোর বীজতলা তৈরি এবং ৩৫-৪৫ দিনের চারা রোপণের কাজ শুরু হয়। কার্তিক-অগ্রহায়ণ মাসে আলু, পেঁয়াজ, রসুন, ফুলকপি ও বাঁধাকপির আবাদ শুরু হয়। এই সুনির্দিষ্ট সময়ের মধ্যে যদি জমিতে ডিএপি, টিএসপি ও ইউরিয়া না পৌঁছায়, তবে ফসলের বীজতলা নষ্ট হবে এবং রোপণ বিলম্বিত হয়ে আগামী মৌসুমে খাদ্য উৎপাদনে প্রভাব পড়বে। বাংলাদেশে গত বেশ কয়েক বছর ধরে রবি-বোরোর বাম্পার ফলন হয়ে আসছে, যা এবার চরম ঝুঁকিতে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।