Advertisement Banner

মিশর ম্যাচের আগে ইরানকে যুক্তরাষ্ট্রের ছাড়

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
মিশর ম্যাচের আগে ইরানকে যুক্তরাষ্ট্রের ছাড়
ছবি: রয়টার্স

অবশেষে ইরান দলের জন্য এল স্বস্তির খবর। বিশ্বকাপে দুই ম্যাচ খেলে ফেলার পর ভিসা ও ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে তাদের জন্য। ফলে ভিসা নিষেধাজ্ঞা ও নানা বাধা কাটিয়ে মিশরের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটির প্রস্তুতির জন্য বাড়তি সময় পাচ্ছে তারা।

গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন সিদ্ধান্তে যেটি ইরানের জন্য সবচেয়ে স্বস্তির, সেটি হচ্ছে তারা মিশর ম্যাচের দুই দিন আগেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে।

তবে শর্ত হচ্ছে, ম্যাচ শেষ করেই ইরানকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। এর আগে মেক্সিকোর তিহুয়ানা থেকে এসে, ম্যাচ খেলে তাদের আবার সঙ্গে সঙ্গেই মেক্সিকোর বেজ ক্যাম্পে ফেরত যেতে হত তাদের। মানে রাতে থাকা যাবে না। ভিসার শর্ত ছিল এমনই।

এমন অদ্ভুত নিয়ম নিয়ে প্রতি ম্যাচে ক্ষোভ প্রকাশ করেছে ইরান দল। দলের কয়েকজন সাপোর্ট স্টাফ ও কর্মকর্তা ভিসা জটিলতায় দলের সঙ্গে আসতে পারছিলেন না। ম্যাচের দিন এসে, ম্যাচ শেষ করে ফেরত যাওয়ায় দলের খেলোয়াড়েরাও ক্লান্তি ও মানসিক চাপের মধ্যে পড়েছিলেন।

এ ব্যাপারে হোয়াইট হাউজের ফিফা টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু গিউলিয়ানি বলেছেন, ‘‘প্রথম দুই ম্যাচে সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আমরা তাদের যাতায়াতের সময়সীমা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছি।”

নতুন সিদ্ধান্তের পর বুধবারই (২৪ জুন) মেক্সিকোর তিহুয়ানা বেজ ক্যাম্প থেকে সিয়াটলের উদ্দেশ্যে রওনা দিতে পারছে ইরান দল। নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে নিজেদের প্রথম দুই ম্যাচ ড্র করে পরের রাউন্ডে যাওয়ার ব্যাপারে মোটামুটি সুবিধাজনক অবস্থানে আছে তারা। মিশরের বিপক্ষে জিতলেই প্রথমবারের মতো বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করবে ইরান।

সম্পর্কিত