Advertisement Banner

শ্রমিকদের ন্যূনতম মজুরি এখনো বাস্তবায়িত হয়নি: রিজভী

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
শ্রমিকদের ন্যূনতম মজুরি এখনো বাস্তবায়িত হয়নি: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: চরচা

শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ও মামলা নিষ্পত্তির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে তিনি এ কথা বলেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রিজভী বলেন, “জ্বালানি তেলের সংকট পরিস্থিতিতে বাজারে দীর্ঘ লাইন না থাকা এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারের অসময়ের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাসের ক্ষতিপূরণের ঘোষণা সরকারের দক্ষতার পরিচায়ক। এসব পদক্ষেপ শুরুতে ভালো বার্তা দিলেও ভবিষ্যতে ধারাবাহিকতা রক্ষা করাই বড় চ্যালেঞ্জ।”

শ্রমিক সমাবেশে তিনি শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ এবং শ্রমিক মামলা নিষ্পত্তির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, “জাতীয় মানসম্মত ন্যূনতম মজুরি এখনো বাস্তবায়িত হয়নি এবং শ্রমিকদের বিপুল সংখ্যক মামলা দীর্ঘদিন ধরে ঝুলে আছে, যা দ্রুত নিষ্পত্তি প্রয়োজন।”

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরায় চালু করা এবং বিদ্যুৎ খাতের নীতিগত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন। এসব বিষয়ে সরকার কার্যকর উদ্যোগ নেবে এবং শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় অগ্রাধিকার দেবে।”

সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ড. আব্দুল মঈন খানসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত