Advertisement Banner

একই দিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
একই দিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান
যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ। ছবি: ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

একই দিনে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান। স্থানীয় সময় গতকাল শুক্রবার দেশটির মধ্যাঞ্চলে মার্কিনিদের একটি এফ-১৫ বিমান ভূপাতিত করা হয়। একই সময়ে হরমুজ প্রণালির কাছে পারস্য সাগরে এ-১০ ওয়ার্থগ মডেলের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, এফ-১৫ বিমানে থাকা দুইজন ক্রুয়ের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। অপরজন এখনো নিখোঁজ আছেন। তাকে উদ্ধারে ব্যাপক অভিযান চালাচ্ছে মার্কিন সেনারা। একই সঙ্গে তাকে খুঁজছে ইরানও।

সিবিএসের প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়, বিধ্বস্ত এফ-১৫ই যুদ্ধবিমানের দুই ক্রুয়ের (পাইলটের) একজনকে উদ্ধার করতে গিয়ে আরও দুটি মার্কিন বিমান হামলার মুখে পড়েছে। এ সময় এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমানটি আক্রান্ত হলে পাইলট সাগরে ঝাঁপ দেন। পরে তাকে উদ্ধার করা হয়। তবে এফ-১৫ই বিমানের দ্বিতীয় ক্রুর খোঁজে এখনো উদ্ধার অভিযান চলছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভেট সংবাদমাধ্যম সিএনএনকে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়ে অবহিত করা হয়েছে।

যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ইরানের সঙ্গে প্রস্তাবিত আলোচনায় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “না, মোটেও না। এটা তো যুদ্ধ।”

মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এফ-১৫ যুদ্ধবিমানের একজনকে উদ্ধার করতে সমর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপরজন এখনো নিখোঁজ। তিনি কি অবস্থায় আছেন সেটি কেউ জানে না।

এফ-১৫ যুদ্ধবিমানে দুজন ক্রু থাকেন। এরমধ্যে একজন পাইলট। অপরজন অস্ত্র সিস্টেম অফিসার হিসেবে কাজ করেন।

সম্পর্কিত