Advertisement
ওয়ার্কিং হলিডে ভিসা

কড়াকড়ির প্রস্তাবে অস্ট্রেলিয়ার কৃষিখাতে শ্রমিক সংকটের শঙ্কা

নভোনীল রহমান, সিডনি, অস্ট্রেলিয়া থেকে

কড়াকড়ির প্রস্তাবে অস্ট্রেলিয়ার কৃষিখাতে শ্রমিক সংকটের শঙ্কা
অস্ট্রেলিয়ার একটি স্ট্রবেরি খামারে ফল সংগ্রহের দৃশ্য। ছবি: লেখক

অস্ট্রেলিয়ায় বিদেশি তরুণ কর্মীদের ওয়ার্কিং হলিডে ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ সীমিত করার সরকারি প্রস্তাবে উদ্বেগ জানিয়েছে দেশটির কৃষি ও পর্যটন খাতের বিভিন্ন সংগঠন। তাদের আশঙ্কা, নতুন ব্যবস্থা কার্যকর হলে মৌসুমি শ্রমিকের সংকট আরও বাড়তে পারে। বিশেষ করে কৃষি উৎপাদন, ফসল সংগ্রহ এবং প্রত্যন্ত অঞ্চলের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে পড়বে।

Advertisement

গতকাল রোববার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি নিউজের ‘ল্যান্ডলাইন’ অনুষ্ঠানে প্রচারিত এক প্রতিবেদনে এসব উদ্বেগ উঠে এসেছে। প্রতিবেদনে জানানো হয়, দেশটির কৃষিখাতে প্রতি সাতটি কাজের প্রায় একটি ওয়ার্কিং হলিডে ভিসাধারীদের মাধ্যমে সম্পন্ন হয়।

দ্বিতীয় ও তৃতীয় বছরের ভিসায় নতুন সীমা

Advertisement

গত ১৭ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক ওয়ার্কিং হলিডে ভিসাব্যবস্থায় পরিবর্তনের পরিকল্পনা ঘোষণা করেন।

প্রস্তাব অনুযায়ী, প্রথম বছরের পর দ্বিতীয় ও তৃতীয় বছরের ভিসার জন্য দৈবচয়নভিত্তিক বাছাইব্যবস্থা চালু করা হবে।

দ্বিতীয় বছরের জন্য সর্বোচ্চ ৪৫ হাজার এবং তৃতীয় বছরের জন্য পাঁচ হাজার আবেদনকারী নির্বাচনের পরিকল্পনা রয়েছে। এর আগে এক বছরে প্রায় ৫৭ হাজার আবেদনকারী দ্বিতীয় বছরের এবং ৩১ হাজার আবেদনকারী তৃতীয় বছরের শর্ত পূরণ করেছিলেন।

বর্তমান নিয়মে দ্বিতীয় বছরের যোগ্যতা অর্জনের জন্য নির্দিষ্ট অঞ্চলে ৮৮ দিন এবং তৃতীয় বছরের জন্য ছয় মাস নির্ধারিত কাজ করতে হয়। প্রস্তাবিত ব্যবস্থায় এসব শর্ত বহাল থাকলেও যোগ্যতা অর্জন করলেই ভিসা পাওয়ার নিশ্চয়তা থাকবে না।

কৃষক ও ব্যবসায়ীদের উদ্বেগ

অস্ট্রেলিয়ার কৃষিখাতে ফল ও সবজি সংগ্রহ, প্যাকেজিং এবং মৌসুমি কাজে বিদেশি তরুণ কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

কৃষক সংগঠনগুলোর আশঙ্কা, দ্বিতীয় ও তৃতীয় বছরের ভিসা পাওয়ার সম্ভাবনা কমে গেলে বিদেশি কর্মীরা প্রত্যন্ত অঞ্চলে কাজ করতে আগ্রহ হারাতে পারেন।

অস্ট্রেলিয়ার একটি ফলবাগানে কৃষিকাজে ব্যবহৃত ট্র্যাক্টর। ছবি: লেখক
অস্ট্রেলিয়ার একটি ফলবাগানে কৃষিকাজে ব্যবহৃত ট্র্যাক্টর। ছবি: লেখক

বিশেষ করে ফসল সংগ্রহের মৌসুমে প্রয়োজনীয় শ্রমিক না পাওয়া গেলে কৃষকদের উৎপাদন ও সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

শুধু কৃষি নয়, আঞ্চলিক পর্যটন, হোটেল ও আতিথেয়তা খাতেও ওয়ার্কিং হলিডে ভিসাধারীদের ওপর নির্ভরতা রয়েছে।

পশ্চিম অস্ট্রেলিয়ার ম্যানজিমাপ এলাকার ব্যবসায়ীরাও নতুন প্রস্তাবের বিরোধিতা করেছেন। তাদের আশঙ্কা, বিদেশি কর্মীর সংখ্যা কমে গেলে অনেক আঞ্চলিক ব্যবসাপ্রতিষ্ঠান স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে হিমশিম খাবে।

অন্যদিকে সরকারের যুক্তি, অভিবাসনব্যবস্থায় নিয়ন্ত্রণ ও পূর্বপরিকল্পনা নিশ্চিত করতে ভিসার সংখ্যা নির্ধারণ করা প্রয়োজন।

বাংলাদেশিদের জন্য সুযোগ নেই, ভিসা প্রতারণার বিষয়ে সতর্কতা

অস্ট্রেলিয়ার ওয়ার্কিং হলিডে কর্মসূচি নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য চালু রয়েছে। বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে এই কর্মসূচির যোগ্য দেশের তালিকায় নেই। ফলে শুধু বাংলাদেশি পাসপোর্টের ভিত্তিতে এই ভিসার জন্য আবেদন করার সুযোগ নেই।

অস্ট্রেলিয়ার একটি কমলার বাগান। ছবি: লেখক
অস্ট্রেলিয়ার একটি কমলার বাগান। ছবি: লেখক

এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় কাজের সুযোগের প্রলোভন দেখিয়ে ভিসার নামে প্রতারণার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ঢাকায় অস্ট্রেলীয় হাইকমিশন তাদের সরকারি ওয়েবসাইটে সতর্ক করেছে, অস্ট্রেলিয়ায় সহজে বসবাস ও কাজের সুযোগ দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতিতে বাংলাদেশিরা প্রতারণার শিকার হচ্ছেন।

হাইকমিশনের সতর্কবার্তায় বলা হয়েছে, কিছু অসাধু এজেন্ট মোটা অঙ্কের অর্থ নিয়ে ভুয়া তথ্য বা নথির মাধ্যমে আবেদন করেন। আবার অনেক ক্ষেত্রে আবেদনকারীরা শেষ পর্যন্ত কোনো ভিসাই পান না।

কিছু প্রতারক কাজের ভিসার কথা বলে অন্য শ্রেণির ভিসার আবেদন করেন, যেসব ভিসায় অস্ট্রেলিয়ায় কাজ করার অনুমতি নেই।

অস্ট্রেলিয়ায় যাওয়ার পরিকল্পনাকারীদের তাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ দেওয়ার আগে সরকারি ওয়েবসাইটে ভিসার যোগ্যতা, আবেদনের ধরন ও কাজের অনুমতি যাচাই করা প্রয়োজন।

অভিবাসন নিয়ন্ত্রণ ও শ্রমিকের চাহিদা

অস্ট্রেলিয়ায় অভিবাসনের সংখ্যা নিয়ন্ত্রণ, আবাসন–সংকট এবং জনসংখ্যা বৃদ্ধি নিয়ে রাজনৈতিক আলোচনা চলমান রয়েছে।

অন্যদিকে দেশটির কৃষি, পর্যটন ও আঞ্চলিক অর্থনীতি বিদেশি অস্থায়ী কর্মীদের ওপর অনেকাংশে নির্ভরশীল।

ফলে ওয়ার্কিং হলিডে ভিসা সীমিত করার প্রস্তাব নতুন প্রশ্ন সামনে এনেছে—অভিবাসন নিয়ন্ত্রণের পাশাপাশি প্রয়োজনীয় শ্রমিক সরবরাহ কীভাবে নিশ্চিত করবে অস্ট্রেলিয়া?

সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বিদেশি তরুণ কর্মীদের ভবিষ্যৎ সুযোগ এবং শ্রমিকনির্ভর আঞ্চলিক ব্যবসাগুলোর পরিকল্পনা।