রাষ্ট্রীয় অর্থায়নে গড়া সৌদি আরবের বাৎসরিক বিনোদন ও ক্রীড়া উৎসবই হলো রিয়াদ সিজন। এ উৎসবে গত এক সপ্তাহে ২০ লাখ দর্শনার্থী এসেছেন বলে জানিয়েছে সৌদি সরকার। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত মাসের ১২ অক্টোবর রিয়াদ সিজন শুরু হয়। এই উৎসব চলবে আগামী বছরের মার্চ পর্যন্ত। সৌদি সরকারের দেওয়া সবশেষ তথ্য অনুযায়ী, রিয়াদ সিজনে এ পর্যন্ত ৬০ লাখ দর্শনার্থী এসেছেন। সৌদির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির (জিইএ) প্রধান তুর্কি আল আলশেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
এবারের রিয়াদ সিজনে ৬০ বছর বা তার বেশি বয়সী সৌদি নাগরিক এবং প্রবাসীরা বিনামূল্যেই প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে আয়োজকরা।
এ বছর পঞ্চমবারের মতো আয়োজিত হচ্ছে রিয়াদ সিজন। এতে ১১টি স্পোর্টস ইভেন্ট ও ১০টি প্রদর্শনী চলছে।
সৌদি আরব তার তেল-নির্ভর অর্থনীতিতে বৈচিত্র্য আনতে চাইছে। সেই সঙ্গে পর্যটকদেরকেও বিভিন্নভাবে আকৃষ্ট করতে চাইছে।
২০১৬ সালের মে মাসে জিইএ গঠন করে সৌদি সরকার। এই রাষ্ট্রীয় সংস্থা সৌদিতে বেশ কয়েকটি কনসার্ট, স্টেজ শো ও উৎসব স্পন্সর করেছে।