সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (হিপা) গ্র্যান্ড পুরস্কার জিতেছেন বাংলাদেশি পিনু রহমান। পুরস্কারের ১৫তম আসরে ‘ফ্যামিলি’ (পরিবার) থিমে গ্র্যান্ড পুরস্কার জয় করেন বাংলাদেশের এই আলোকচিত্রী।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক এই আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতার সর্বোচ্চ পুরষ্কার এটি।
ঢাকায় আগুনে পুড়ে যাওয়া একটি বাড়ির ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে থাকা কংক্রিটের দেয়ালের ভেতরে ঘুমিয়ে থাকা এক পরিবারের মর্মস্পর্শী ছবি ক্যামেরার লেন্সে ধারণ করে পুরস্কার বিজয়ীর খাতায় নাম লেখান তিনি।
গত মঙ্গলবার দুবাইয়ের স্থানীয় সময়ে রাত ৮টার দিকে দুবাই ফিউচার মিউজিয়ামে অনুষ্ঠানে এই পুরষ্কার ঘোষণা করা হয়। ‘আন্ডার দ্য সেম স্কাই’ শিরোনামের আলোকচিত্রের জন্য এই পুরস্কার পেয়েছেন পিনু রহমান।
এ পুরস্কারের সম্মাননা হিসেবে তিনি পেয়েছেন ২ লাখ আমেরিকান ডলারের গ্র্যান্ড প্রাইজ। বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকার সমান।
ছবি: মাহবুব সরকারের মাধ্যমে প্রাপ্ত
গতকাল বুধবার দুবাইয়ের মিউজিয়াম অব দ্য ফিউচারে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে পুরস্কারটি গ্রহণ করেন তিনি।
পিনু রহমান ছবিটি তুলেছিলেন ঢাকার অন্যতম ঘনবসতিপূর্ণ বস্তি কড়াইলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর। আগুনে দেড় হাজারেরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। ধ্বংসের আবহে ছবিটি পরিবারের অটুট বন্ধন এবং চরম দুর্দশার সম্মুখীন মানুষদের ঘুরে দাঁড়ানোর ক্ষমতাকে তুলে ধরেছে।
পিনু রহমানের পুরষ্কার পাওয়া আলোকচিত্র। ছবি: মাহবুব সরকারের মাধ্যমে প্রাপ্ত
এ বছর 'পরিবার' প্রতিপাদ্যে অনুষ্ঠিত হিপা অ্যাওয়ার্ডসের এই মাইলফলক সংস্করণটি মানুষের মধ্যকার সম্পর্ককে ধারণ করা, সাংস্কৃতিক আখ্যান সংরক্ষণ করা এবং সীমানা ছাড়িয়ে অনুরণিত হওয়া গল্প বলার ক্ষেত্রে ফটোগ্রাফির সক্ষমতাকে উদ্যাপন করেছে।
পিনু রহমান এই পুরস্কার বিজয়ের মাধ্যমে সারা বিশ্ব তথা প্রবাসে বাংলাদেশের সুনাম অনেক বাড়িয়ে দিয়েছেন বলে মনে করেন আমিরাতপ্রবাসী বাংলাদেশিরা।