ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুব সংগঠন যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে প্রবাসী নেতাকর্মীরা। এ উপলক্ষে কর্মী সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করে যুবদলের ফিনল্যান্ড শাখা।
গত শুক্রবার সন্ধ্যায় হেলসিংকিতে আয়োজিত এ অনুষ্ঠানে ফিনল্যান্ডপ্রবাসী বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠার ইতিহাস, রাজনৈতিক আদর্শ, সাংগঠনিক কার্যক্রম এবং প্রবাসে জাতীয়তাবাদী রাজনীতিকে আরও সুসংগঠিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদলের ফিনল্যান্ড শাখার সভাপতি এনাজুল হক।
প্রধান অতিথি ছিলেন বিএনপির ফিনল্যান্ড শাখার সভাপতি কামরুল হাসান জনি।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির ফিনল্যান্ড শাখার সিনিয়র সহসভাপতি মবিন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ।
সঞ্চালনা করেন আরিফ আবদুল্লাহ এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাজ্জাদ মুন্না।
আলোচনা সভায় বক্তব্য দেন যুবনেতা আল আল জাইদ, বিএনপির ফিনল্যান্ড শাখার সহসভাপতি রুবেল ভুঁইয়া, বদরুম মনির ফেরদৌস, সাধারণ সম্পাদক জামান সরকার ও সাংগঠনিক সম্পাদক সামসুল গাজী প্রমুখ।
মবিন মোহাম্মদ যুবদলের প্রতিষ্ঠার তাৎপর্য, দীর্ঘ রাজনৈতিক পথচলা এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আলাউদ্দিন মোহাম্মদ বলেন, যুবদল শুধু একটি রাজনৈতিক যুব সংগঠন নয়, বরং দেশের গণতান্ত্রিক অধিকার, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে তরুণদের সংগঠিত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
অন্য বক্তারা সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও জাতীয়তাবাদী দর্শনের কথা স্মরণ করেন। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে দলীয় ঐক্য, সাংগঠনিক শৃঙ্খলা ও রাজনৈতিক দায়িত্বশীলতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।
আলোচনায় তরুণ প্রজন্মকে রাজনৈতিকভাবে সচেতন, আদর্শবান ও দায়িত্বশীল হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বক্তারা মত প্রকাশ করেন যে, প্রবাসে অবস্থান করলেও বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
ছবি: জামান সরকারের মাধ্যমে প্রাপ্ত
মো. রবিউল ইসলাম বিশেষ ফিনল্যান্ডে বসবাসরত নতুন প্রজন্মের বাংলাদেশি তরুণদের জাতীয়তাবাদী রাজনীতির ইতিহাস ও আদর্শ সম্পর্কে সচেতন করে তোলা এবং তাদের সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মনোভাব বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে ফিনল্যান্ডে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত নেতাকর্মীরা জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একে অপরকে শুভেচ্ছা জানান। কেক কাটা, নৈশ ভোজ, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের মধ্য দিয়ে কর্মীসভা ও আলোচনা সভার সমাপ্তি ঘটে।