Advertisement

কুয়ালালামপুরে বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে বিএসওএমের ব্যাডমিন্টন টুর্নামেন্ট

রফিক আহমদ খান, মালয়েশিয়া

কুয়ালালামপুরে বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে বিএসওএমের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ছবি: রফিক আহমদ খানের মাধ্যমে প্রাপ্ত

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যাডমিন্টন প্রতিযোগিতা 'আন্তবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬’। দেশটিতে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন 'বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া' (বিএসওএম) এই টুর্নামেন্ট আয়োজন করে।

Advertisement

গতকাল শনিবার রাজধানী কুয়ালালামপুরের আইডব্লিউকে ইকো পার্কে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে মালয়েশিয়ার ২৬টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় পুরুষদের দ্বৈত বিভাগের পাশাপাশি প্রথমবারের মতো নারীদের জন্য পৃথক দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়। নারীদের অংশগ্রহণ টুর্নামেন্টে নতুন মাত্রা যোগ করে।

প্রতিযোগিতার পুরুষদের দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টিম বিডিএফসি মালয়েশিয়া। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ছিলেন ইউনিভার্সিটি ইসলাম সেলাঙ্গরের (ইউআইএস) শিক্ষার্থী মো. সোহেল রানা ও কে এইচ রাসেল।

Advertisement

অন্যদিকে, পুরুষদের দ্বৈত বিভাগে রানারআপ হয় এলিট স্ট্যাট। দলটির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন লিংকন ইউনিভার্সিটি কলেজের (এলইউসি) শিক্ষার্থী রাব্বি ও সাদ।

নারীদের দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন হয় ব্যাডমিন্টন ফ্রিকস। চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার (ইউপিএম) তাসফিয়া আরেফিন অধরা এবং ইউসিএসআই ইউনিভার্সিটির ইফফাত তাইয়িবা।

নারীদের বিভাগে রানারআপ হওয়ার গৌরব অর্জন করে দ্য গার্ডিয়ান। দলটির হয়ে অংশগ্রহণ করেন ইউসিএমআইয়ের তুনু এবং ইউনিমাইয়ের কেয়া।

আয়োজনে উপস্থিত থেকে বিএসওএমের সভাপতি আসিফ রহমান ভূঁইয়া বলেন, খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যম নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন, সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ক সুদৃঢ় করার অন্যতম কার্যকর মাধ্যম।

তিনি মালয়েশিয়ার ২৬টি বিশ্ববিদ্যালয় থেকে বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন এবং অংশগ্রহণকারী খেলোয়াড়, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক, সাংস্কৃতিক ও ইতিবাচক কার্যক্রম বিএসওএম অব্যাহত রাখবে। পাশাপাশি মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক প্রতিষ্ঠায় সংগঠনটি কার্যকর ভূমিকা পালন করবে।

আয়োজনে উপস্থিত ছিলেন বিএসওএমের সম্মানিত উপদেষ্টা আমিনুল ইসলাম রতন, জসিম উদ্দিন, শরিফুল ইসলাম ও আসাদুল আল গালিব রাব্বি। তাদের উপস্থিতি আয়োজক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করে।

ছবি: রফিক আহমদ খানের মাধ্যমে প্রাপ্ত
ছবি: রফিক আহমদ খানের মাধ্যমে প্রাপ্ত

টুর্নামেন্টের প্লাটিনাম স্পন্সর হিসেবে সহযোগিতা করে হাইপারকানেক্ট এবং গোল্ড স্পন্সর হিসেবে সহযোগিতা করে এনআর মাল্টি গ্রুপ। আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে প্রতিষ্ঠান দুটির সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা ও সমন্বয়ে প্রোগ্রাম ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুর রহমান শাফি। কো-ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন আনোয়ারুল ইসলাম খোকন ও আদিবা আহমেদ।

দিনব্যাপী প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ, খেলোয়াড়দের ক্রীড়ানৈপুণ্য এবং পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে টুর্নামেন্টটি সম্পন্ন হয়।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আন্তবিশ্ববিদ্যালয় ক্রীড়া আয়োজন মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার পাশাপাশি একটি ঐক্যবদ্ধ ও সহযোগিতামূলক ছাত্রসমাজ প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।