বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর এ কথা জানান তিনি।
আজ বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুই প্রধানমন্ত্রীর সাক্ষাতের একটি ছবি প্রকাশ করেন আলবানিজ। সেখানে তিনি বলেছেন, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য দ্রুত বাড়ছে। এই বাণিজ্য দুই দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই অগ্রগতি আরও এগিয়ে নেওয়ার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দুই দেশের বাণিজ্য ৫৫০ কোটি অস্ট্রেলীয় ডলার
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৫৫০ কোটি অস্ট্রেলীয় ডলার।
গত পাঁচ বছরে দুই দেশের বাণিজ্য গড়ে প্রতিবছর ১৭ দশমিক ৮ শতাংশ হারে বেড়েছে।
২০২৫ সালে বাংলাদেশে অস্ট্রেলিয়ার রপ্তানি পৌঁছায় প্রায় ৩৮০ কোটি অস্ট্রেলীয় ডলারে। এর মাধ্যমে বাংলাদেশ দেশটির ২২তম বৃহত্তম রপ্তানিবাজারে পরিণত হয়েছে।
দুই দেশের বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প এবং অস্ট্রেলিয়ার কৃষিপণ্য ও প্রাকৃতিক তন্তু।
অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে তুলাসহ বিভিন্ন শিল্পের কাঁচামাল রপ্তানি করা হয়। অন্যদিকে অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের উল্লেখযোগ্য চাহিদা রয়েছে।
অস্ট্রেলিয়ার সরকারি তথ্য অনুযায়ী, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হিসেবে বর্তমানে দেশটির বাজারে শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা পাচ্ছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পরও বাংলাদেশের পণ্যের জন্য এই সুবিধা অব্যাহত রাখার নীতি রয়েছে অস্ট্রেলিয়ার।
এ ছাড়া, শিক্ষা, খাদ্য ও পানীয়, কৃষিভিত্তিক শিল্প, জ্বালানি এবং খনিজসম্পদ খাতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা দেখছে দেশটি।
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ–৩১-এর লোগো। ছবি: রয়টার্স
জলবায়ু সম্মেলনের ফাঁকে দুই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
তুরস্কের আন্তালিয়ায় ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর অংশ হিসেবে ১১ ও ১২ নভেম্বর বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের সম্মেলন আয়োজন করা হয়।
এবারের সম্মেলনে তুরস্ক আয়োজক দেশ হিসেবে দায়িত্ব পালন করছে। অন্যদিকে আন্তর্জাতিক জলবায়ু আলোচনার নেতৃত্বে রয়েছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও সম্মেলনে অংশ নিয়েছেন। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সফরের আগে জানিয়েছিল, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং জলবায়ু সহযোগিতা নিয়ে আলোচনার পরিকল্পনা রয়েছে।
দুই প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ক্রমেই সম্প্রসারিত হচ্ছে।
শিক্ষার্থী ও প্রবাসীদের মাধ্যমে বাড়ছে যোগাযোগ
বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি শিক্ষা ও অভিবাসনের মাধ্যমেও বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মানুষের মধ্যে যোগাযোগ বাড়ছে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশটিতে বাংলাদেশে জন্মগ্রহণকারী মানুষের সংখ্যা ছিল প্রায় ৭৩ হাজার।
একই বছরে ১৮ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পড়াশোনার জন্য ভর্তি হন, যা আগের বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।
উচ্চশিক্ষার পাশাপাশি ব্যবসা, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন পেশায় বাংলাদেশিদের অংশগ্রহণ দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ককে আরও বিস্তৃত করেছে।
অন্যদিকে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারক ও ব্যবসায়ীদের জন্য অস্ট্রেলিয়ার বাজার গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বাণিজ্যিক সহযোগিতা বাড়লে দেশের রপ্তানি ও বিনিয়োগের সম্ভাবনাও সম্প্রসারিত হতে পারে।
অর্থনৈতিক সম্পর্ক জোরদারের সম্ভাবনা
বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ইতিমধ্যে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্টের আওতায় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।
২০২৫ সালের ডিসেম্বরে ঢাকায় এই ব্যবস্থার অধীনে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়।
এর মাধ্যমে কৃষি, শিল্প, শিক্ষা ও অন্য সম্ভাবনাময় খাতে সহযোগিতা বাড়ানোর সুযোগ খুঁজছে দুই দেশ।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রমবর্ধমান বাণিজ্যিক সম্পর্ককে নতুন করে আলোচনায় এনেছে।
বিশেষ করে তৈরি পোশাক, কৃষিপণ্য, শিক্ষা ও বিনিয়োগ খাতে সহযোগিতা সম্প্রসারণ দুই দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
আন্তালিয়ায় দুই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ সেই সম্পর্ককে ভবিষ্যতে আরও এগিয়ে নেওয়ার সম্ভাবনাকেই সামনে এনেছে।