Advertisement

ভিসা-অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ায় পড়তে আসা নিয়ে দ্বিধা, উদ্বেগ বাংলাদেশি শিক্ষার্থীদের

নভোনীল রহমান, সিডনি, অস্ট্রেলিয়া থেকে

ভিসা-অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ায় পড়তে আসা নিয়ে দ্বিধা, উদ্বেগ বাংলাদেশি শিক্ষার্থীদের
অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে শিক্ষার্থীরা। ছবি: লেখক

উন্নত শিক্ষাব্যবস্থা, আন্তর্জাতিক মানের ডিগ্রি ও ভালো ভবিষ্যতের স্বপ্ন নিয়ে প্রতিবছর হাজারো বিদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় আসেন। কিন্তু ভিসার কঠোর শর্ত, আবেদন প্রত্যাখ্যানের আশঙ্কা, বাড়তি শিক্ষাব্যয় এবং অভিবাসন নিয়ে রাজনৈতিক বিতর্কের কারণে দেশটিকে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে বেছে নেওয়ার আগে নতুন করে ভাবছেন অনেকেই।

Advertisement

গতকাল শনিবার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের এমন অনিশ্চয়তা ও উদ্বেগের চিত্র উঠে এসেছে।

প্রতিবেদনে ব্রাজিলীয় শিক্ষার্থী ম্যাগডিয়েল সিলভা দা লুজের অভিজ্ঞতা তুলে ধরা হয়। অস্ট্রেলিয়ায় পড়াশোনা, কর্মজীবন ও ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুললেও নতুন করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকলে দেশটিকে বেছে নেওয়ার আগে দ্বিতীয়বার ভাবতেন বলে জানিয়েছেন তিনি। অভিবাসন নিয়ে নেতিবাচক আলোচনা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রতি কিছু মানুষের আচরণ তার উদ্বেগের অন্যতম কারণ।

Advertisement

ছয় মাসে কমেছে অস্ট্রেলিয়ার প্রতি আগ্রহ

আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান আইডিপি এডুকেশনের অক্টোবরের ‘ইমার্জিং ফিউচারস’ জরিপ অনুযায়ী, অস্ট্রেলিয়াকে উচ্চশিক্ষার প্রথম পছন্দ হিসেবে বিবেচনা করা শিক্ষার্থীর হার ছয় মাসে ৩১ শতাংশ থেকে কমে ২৪ শতাংশ হয়েছে।

৪ হাজার ৮৩৪ জন শিক্ষার্থীর অংশগ্রহণে পরিচালিত জরিপে দেখা যায়, ৮৩ শতাংশ উত্তরদাতা পড়াশোনার জন্য একাধিক দেশ বিবেচনা করছেন। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন ২১ শতাংশ করে উত্তরদাতা।

অস্ট্রেলিয়ার শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশটিতে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ কমেছে। নতুন কোর্সে পড়াশোনা শুরু করার সংখ্যাও কমেছে ১২ শতাংশ।

সিডনির কোগারায় বাংলাদেশি আইটি শিক্ষার্থীর ভিসা প্রত্যাখ্যান

আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই অনিশ্চয়তার বাস্তব অভিজ্ঞতা পাওয়া যাচ্ছে বাংলাদেশিদের মধ্যেও।

এই প্রতিবেদকের সঙ্গে সম্প্রতি কথা হয়েছে সিডনির কোগারা এলাকায় বসবাসরত এক বাংলাদেশি শিক্ষার্থীর। তিনি প্রথমে তথ্যপ্রযুক্তি বা আইটি বিষয়ে ব্যাচেলর ডিগ্রি অর্জনের উদ্দেশ্যে ছাত্রভিসায় অস্ট্রেলিয়ায় আসেন।

পরবর্তী সময়ে কোর্স পরিবর্তন করে আইটিতে ডিপ্লোমা সম্পন্ন করেন। এরপর একই বিষয়ে ব্যাচেলর ডিগ্রি অর্জনের পরিকল্পনায় ‘ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলর’ শিক্ষাপথে পড়াশোনা চালিয়ে যেতে নতুন ছাত্রভিসার আবেদন করেন।

তবে সম্প্রতি তার সেই আবেদন প্রত্যাখ্যাত হয়েছে বলে জানিয়েছেন ওই শিক্ষার্থী। এতে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়েছে।

আইনি লড়াইয়ে সম্ভাব্য খরচ ৬ হাজার ৭২৭ ডলার

ভিসা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ খতিয়ে দেখছেন ওই বাংলাদেশি শিক্ষার্থী। তবে আইনি প্রক্রিয়ার সম্ভাব্য ব্যয় তার জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

শিক্ষার্থীর দেওয়া হিসাব অনুযায়ী, আইনজীবীর সহায়তা নিতে প্রায় তিন হাজার অস্ট্রেলীয় ডলার প্রয়োজন হতে পারে। অন্যদিকে অস্ট্রেলিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ ট্রাইব্যুনাল বা এআরটির তথ্য অনুযায়ী, অধিকাংশ পর্যালোচনাযোগ্য অভিবাসন সিদ্ধান্তের আবেদন ফি ৩ হাজার ৭২৭ ডলার।

অর্থাৎ আইনজীবীর সম্ভাব্য পারিশ্রমিক ও ট্রাইব্যুনালের পূর্ণ আবেদন ফি মিলিয়ে মোট ব্যয় দাঁড়াতে পারে ৬ হাজার ৭২৭ অস্ট্রেলীয় ডলার।

তবে আর্থিক অসচ্ছলতার ক্ষেত্রে নির্দিষ্ট শর্তে ট্রাইব্যুনালের আবেদন ফি ৫০ শতাংশ কমানোর সুযোগ রয়েছে। একই সঙ্গে সব ভিসা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত এআরটিতে পর্যালোচনাযোগ্য নয়।

এই অতিরিক্ত ব্যয় এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে অস্ট্রেলিয়ায় পড়াশোনা চালিয়ে যাওয়ার পরিবর্তে বাংলাদেশে ফিরে যাওয়ার কথাও বিবেচনা করছেন বলে জানিয়েছেন ওই শিক্ষার্থী।

ইউনিভার্সিটি অব তাসমানিয়া, অস্ট্রেলিয়া। ছবি: লেখক
ইউনিভার্সিটি অব তাসমানিয়া, অস্ট্রেলিয়া। ছবি: লেখক

সামাজিক যোগাযোগমাধ্যমেও উদ্বেগ

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছাত্রভিসা প্রত্যাখ্যান নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিভিন্ন দেশের আবেদনকারীরা।

সম্প্রতি ফেসবুকে প্রকাশিত একটি পোস্টে পাকিস্তানে অবস্থানরত এক আবেদনকারী তার অস্ট্রেলিয়ার ছাত্রভিসা প্রত্যাখ্যাত হওয়ার কথা জানান। তিনি সিদ্ধান্তটি পুনর্বিবেচনার সুযোগ সম্পর্কে অন্যদের অভিজ্ঞতা জানতে চান।

অন্য আরেকটি ফেসবুক পোস্টে স্নাতকোত্তর পর্যায়ের এক শিক্ষার্থী আর্থিক সক্ষমতাসংক্রান্ত কারণে ছাত্রভিসার আবেদন প্রত্যাখ্যাত হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন।

এই প্রতিবেদক ফেসবুকের মাধ্যমে সংশ্লিষ্ট পোস্টদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাদের প্রকাশিত অভিজ্ঞতার বিবরণ নিশ্চিত করেছেন।

ভিসার খরচ ও সরকারি নীতির পর্যালোচনা

অস্ট্রেলিয়ায় সাধারণ ছাত্রভিসার মূল আবেদন ফি বর্তমানে আড়াই হাজার অস্ট্রেলীয় ডলার। আবেদনকারীর আর্থিক সক্ষমতা, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য এবং শিক্ষাগত পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় যাচাই করে ভিসার সিদ্ধান্ত দেওয়া হয়।

গত ২ অক্টোবর থেকে ছাত্রভিসার আবেদনে নতুন কিছু বিধিনিষেধ কার্যকর হয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়ায় অবস্থান করে নতুন ভিসার আবেদন এবং কোর্স পরিবর্তনসংক্রান্ত নিয়মও রয়েছে।

এদিকে এবিসি নিউজের ৩০ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছরে অস্ট্রেলিয়ার ছাত্রভিসার আবেদন প্রত্যাখ্যানের হার ছিল ২৪ দশমিক ২ শতাংশের বেশি।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগের প্রেক্ষাপটে ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার আবেদনকারীদের আর্থিক সক্ষমতা যাচাইয়ের নিয়ম পর্যালোচনার উদ্যোগ নিয়েছে।

সহকারী আন্তর্জাতিক শিক্ষামন্ত্রী জুলিয়ান হিল জানিয়েছেন, কঠোর নিয়মের কারণে প্রকৃত শিক্ষার্থীরা যেন অস্ট্রেলিয়ায় পড়তে আসতে নিরুৎসাহিত না হন, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। তবে নতুন নির্দেশনা এখনো চূড়ান্ত হয়নি।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা

অস্ট্রেলিয়ার শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, আগস্ট ২০২৬ পর্যন্ত দেশটিতে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রায় ৪ শতাংশ ছিলেন বাংলাদেশি।

ফলে ছাত্রভিসার নিয়ম, কোর্স পরিবর্তন, বাড়তি আবেদন ফি এবং প্রত্যাখ্যানের পর সম্ভাব্য আইনি খরচ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও গুরুত্বপূর্ণ।

বিশেষ করে ডিপ্লোমা থেকে ব্যাচেলর পর্যায়ে অগ্রসর হওয়া কিংবা নতুন ছাত্রভিসার আবেদন করার আগে সংশ্লিষ্ট শর্ত, আর্থিক সক্ষমতা ও সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন।

অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক শিক্ষা খাতের জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করার পাশাপাশি তাদের আস্থা ধরে রাখাও এখন বড় চ্যালেঞ্জ।

উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার সিদ্ধান্ত এখন শুধু বিশ্ববিদ্যালয়ের সুনাম কিংবা ডিগ্রির ওপর নির্ভর করছে না। ভিসার নিশ্চয়তা, আর্থিক সামর্থ্য, সামাজিক গ্রহণযোগ্যতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার স্থিতিশীলতাও শিক্ষার্থীদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের আস্থা ধরে রাখতে স্বচ্ছ নিয়ম, ধারাবাহিক নীতি এবং প্রকৃত শিক্ষার্থীদের জন্য বাস্তবসম্মত সুযোগ নিশ্চিত করার প্রয়োজনীয়তা সামনে এসেছে।